কত বছর বয়স পর্যন্ত শিশু ধরা হবে, তা এখনো চূড়ান্ত করতে পারেনি সরকার। আইন মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের টানাহেঁচড়ায় আটকে আছে শিশুর বয়স নির্ধারণ।গত ২১ মে আইন মন্ত্রণালয় মতামত দিয়ে (ভেটিং) খসড়া শিশু আইনে শিশুর বয়স অনূর্ধ্ব ১৬ নির্ধারণ করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠায়। তবে আইনটির বাস্তবায়নকারী সমাজকল্যাণ মন্ত্রণালয় শিশুর বয়স যাতে অনূর্ধ্ব ১৮ করা হয়, তার অনুরোধ জানিয়ে খসড়াটি আবার আইন মন্ত্রণালয়ে পাঠাবে বলে সিদ্ধান্ত নিয়েছে।তিন মাসের বেশি সময় পার হলেও সমাজকল্যাণ মন্ত্রণালয় খসড়াটি পুনরায় আইন মন্ত্রণালয়ে পাঠায়নি। ১৯৭৪ সালের শিশু আইনে শিশুর বয়স অনূর্ধ্ব ১৬ বছর ছিল। সেই আইনকে যুগোপযোগী করতেই নতুন আইনের খসড়া হচ্ছে।এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক সনদের সঙ্গে সংগতি রেখেই শিশুর সংজ্ঞা নির্ধারণ করতে হবে। শিশুর বয়স অনূর্ধ্ব ১৮ করার আহ্বান জানিয়ে খসড়াটিতে মতামত দেওয়ার জন্য তা আবার আইন মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে।২০১০ সালের ডিসেম্বরে শিশু আইনের খসড়াটি যখন মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পায়, তখনো শিশুর বয়স ছিল অনূর্ধ্ব ১৮।তবে সেই খসড়া শিশু আইন, ২০১২-তে শিশুর বয়স পাল্টে ফেলা এবং শিশুর বয়স নির্ধারণ করতে এত সময় লাগায় শিশু অধিকার নিয়ে কর্মরত ব্যক্তিরা অসন্তোষ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জাতিসংঘ শিশু অধিকার সনদে (সিআরসি) ১৮ বছরের কম বয়সীদের শিশু বলা হয়েছে। এই সনদে স্বাক্ষর ও অনুমোদনকারী দেশ হিসেবে শিশুর বয়স অনূর্ধ্ব ১৮ বছর করার বাধ্যবাধকতা আছে।আইনের খসড়ায় বিদ্যমান আইনের অধীনে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত, বিচারে দোষী সাব্যস্ত হওয়া অথবা অপরাধকাজে ব্যবহূত শিশুদের ‘আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বিদ্যমান কোনো আইনের অধীনে কোনো অপরাধের শিকার বা সাক্ষীদের ‘আইনের সংস্পর্শে আসা শিশু’ বলা হয়েছে। খসড়ায় অনূর্ধ্ব ১৬ বছর বয়সীদের শিশু বলা হলেও শর্ত দিয়ে এই খসড়ায় আরও বলা হয়েছে, আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু এবং আইনের সংস্পর্শে আসা শিশু ছাড়া সুবিধাবঞ্চিত ও অন্য শিশুদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ বছর পর্যন্ত হবে।শিশু আইনের খসড়া তৈরিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে সার্বিক সহায়তা করেছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। ইউনিসেফের শিশু সুরক্ষা বিশেষজ্ঞ আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিশুর বয়স অনূর্ধ্ব ১৮ বছর করে দ্রুত আইনটি পাস করা উচিত। কেননা, শিশুদের সুরক্ষায় আইনটি খুবই গুরুত্বপূর্ণ। আর আইনের খসড়ায় আইন মন্ত্রণালয় শিশুর দুই রকমের বয়স নির্ধারণ করেছে, যা শিশুদের নিয়ে কর্মরত ব্যক্তিদের মধ্যে আরও বিভ্রান্তি বা সংশয়ের সৃষ্টি করবে।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতীয় শিশুনীতি, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ভবঘুরে আইন, পাচারবিরোধী আইনসহ বিভিন্ন আইনে শিশুর বয়স অনূর্ধ্ব ১৮ করেছে। জাতীয় মানবাধিকার কমিশনও শিশুর বয়স অনূর্ধ্ব ১৮ করার পক্ষে সুপারিশ পাঠিয়েছে।