স্বাস্থ্যনীতি নিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের কথায় ও কাজে মিল পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে সাধারণ মানুষ ও পেশাজীবীদের মতামত নেওয়া কবে শেষ হবে এবং এরপর কবে নাগাদ স্বাস্থ্যনীতি চূড়ান্ত হবে, স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয় তা বলতে পারছে না।মন্ত্রণালয়ের সূত্র বলছে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় জনসংখ্যানীতি প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে। সরকার জাতীয় পুষ্টিনীতি ও জাতীয় ওষুধনীতিও নতুনভাবে প্রণয়ন করতে চায়। জাতীয় স্বাস্থ্যনীতির আলোকেই এ তিনটি নীতি চূড়ান্ত হবে। কিন্তু স্বাস্থ্যনীতি সামনে না থাকায় এসব নীতি প্রণয়নের কাজও থেমে আছে।অন্যদিকে পর্যবেক্ষক মহল বলছে, খসড়া স্বাস্থ্যনীতিতে সরকার ইতিমধ্যে যা অন্তর্ভুক্ত করেছে, তাতে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে আশাবাদী হওয়ার কিছু নেই।এ বছরের ১৬ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের কাছে জাতীয় স্বাস্থ্যনীতি, ২০১০-এর ‘চূড়ান্তকৃত খসড়া’ উপস্থাপন করেন। এই স্বাস্থ্যনীতি মন্ত্রণালয়ের (www.mohfw.gov.bd) ও স্বাস্থ্য অধিদপ্তরের (www.dghs.gov.bd) ওয়েবসাইটে দেওয়া হয়েছে। জাতীয় স্বাস্থ্যনীতি, ২০১০ চূড়ান্তকরণ কমিটির আহ্বায়ক এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিত্সা, শিক্ষা ও স্বাস্থ্য, জনশক্তি উন্নয়ন) খন্দকার মো. সিফায়েত উল্লাহ ৪ ফেব্রুয়ারি এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যনীতি সম্পর্কে যে কেউ মতামত জানাতে পারবেন।নাগরিক সংগঠন স্বাস্থ্য আন্দোলনের আহ্বায়ক ফরিদা আখতার স্বাস্থ্যনীতি প্রণয়ন প্রক্রিয়া ও বিষয়বস্তু নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘সর্বশেষ যে খসড়া আমরা পেয়েছি তাতে চিকিত্সক ও হাসপাতালের বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। একে চিকিত্সানীতি বলাই ভালো। স্বাস্থ্যের যে ব্যাপ্তি, তা এই নীতিতে নেই।’কথায় ও কাজে অমিল: মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর ২০০৯ সালের ১৭ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, তিন মাসের মধ্যে জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন করবেন। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল, ‘সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পূর্বতন আওয়ামী লীগ সরকারের প্রণীত জাতীয় স্বাস্থ্যনীতি পুনর্মূল্যায়ন করে যুগের চাহিদা অনুযায়ী নবায়ন করা হবে।’আওয়ামী লীগের ২০০০ সালে এবং ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে করা স্বাস্থ্যনীতি কেটে ও জুড়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ‘জাতীয় স্বাস্থ্যনীতি, ২০০৯’ তৈরি করে ওয়েবসাইটে (www.mohfw.gov.bd) দেয়। ৫ জুলাইয়ের মধ্যে মতামত পাঠানোর জন্য একজন পরামর্শক এবং একজন কম্পিউটার অপারেটরের ইমেইল ঠিকানা দেওয়া হয়। পরে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে ২৫ জুলাই পর্যন্ত সময় বাড়ানো হয়।১০ জুলাই মন্ত্রণালয়ের সভাকক্ষে জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যনীতি প্রণয়ন প্রসঙ্গে প্রথম আলোর এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক বলেছিলেন, ২০০০ সালে স্বাস্থ্যনীতিকে ভিত্তি ধরে বর্তমান পরিস্থিতিতে প্রয়োজন—এমন পরিবর্তন-পরিবর্ধন এনে নতুনভাবে করা হয়েছে।জাতীয় স্বাস্থ্যনীতি, ২০০৯-এর প্রণয়ন প্রক্রিয়া ও বিষয়বস্তু নিয়ে বিভিন্ন নাগরিক সংগঠন ও সংবাদপত্র সমালোচনা করে। সেই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় খন্দকার মো. সিফায়েত উল্লাহকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের জাতীয় স্বাস্থ্যনীতি চূড়ান্তকরণ কমিটি গঠন করে। পরে কমিটিতে আরও সাতজনকে অধিভুক্ত (কো-অপ্ট) করা হয়। এই কমিটি জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় স্বাস্থ্যনীতি, ২০১০-এর ‘চূড়ান্তকৃত খসড়া’ তৈরির কাজ শেষ করে। স্বাস্থ্যমন্ত্রী ১৬ জানুয়ারির সভায় সেই খসড়া সাংবাদিকদের সামনে তুলে ধরেন।ওই দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, তিন মাসের মধ্যে স্বাস্থ্যনীতি চূড়ান্ত হবে। কিন্তু চূড়ান্তকরণ কমিটির একাধিক সদস্য প্রথম আলোকে জানিয়েছেন, মন্ত্রীর বেঁধে দেওয়া সময়ে কাজ শেষ হবে না।১২ জনের চূড়ান্তকরণ কমিটিতে একজনও নারী সদস্য না থাকার সমালোচনা করেছেন ফরিদা আখতার। বিদেশি এনজিও প্রতিনিধির জাতীয় স্বাস্থ্যনীতি তৈরির প্রক্রিয়ায় যুক্ত থাকারও সমালোচনা করেন তিনি।বিষয়বস্তু: খন্দকার সিফায়েত উল্লাহ জানান, প্রায় ৩৩ হাজার ব্যক্তি ও ৩৯টি প্রতিষ্ঠান স্বাস্থ্যনীতি নিয়ে মতামত দেয়। সেসব মতামতের ভিত্তিতে চূড়ান্তকরণ কমিটি খসড়া ‘জাতীয় স্বাস্থ্যনীতি, ২০১০’ তৈরি করেছে।ফরিদা আখতার বলেন, ‘চূড়ান্তকৃত খসড়ায় চিকিত্সাসেবা এবং হাসপাতাল, ক্লিনিক—এসব বিষয় প্রাধান্য পেয়েছে। স্বাস্থ্যের মূল বিষয়গুলো নীতিতে স্থান পায়নি। আগের খসড়ায় স্বাস্থ্য খাতে বেসরকারীকরণের ওপর জোর দেওয়া হয়েছিল। আমরা তার সমালোচনা করেছিলাম। কিন্তু বর্তমান খসড়ায়ও দেখলাম, সরকার সেই অবস্থা থেকে সরে আসেনি।’ওয়েবসাইটে ১৭ পৃষ্ঠার স্বাস্থ্যনীতি দেখা যায়। এই স্বাস্থ্যনীতির সাধারণ লক্ষ্য হচ্ছে, ‘জনগণের বিশেষ করে দরিদ্র, প্রান্তিক এবং ঝুঁকিপূর্ণ (নারী, শিশু, বয়স্কসহ) জনগোষ্ঠীর স্বাস্থ্য, পুষ্টি ও পরিবারকল্যাণ অবস্থার টেকসই উন্নয়নের মাধ্যমে জনগণের অর্থনৈতিক ও সামাজিক মুক্তি এবং শারীরিক ও মানসিক কল্যাণ সাধন।’ এর পর রয়েছে ২০টি সুনির্দিষ্ট লক্ষ্য, আর আছে ২০টি নীতি। এসব নীতি মেনে সরকার দেশের মানুষকে স্বাস্থ্যসেবা দেবে। লক্ষ্য অর্জন ও নীতি বাস্তবায়নে ৪৮টি কৌশলের বর্ণনা করা হয়েছে। এই স্বাস্থ্যনীতি বাস্তবায়িত হচ্ছে কি না, তা দেখার জন্য পরিবীক্ষণ ও মূল্যায়নের ওপর জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য বহু খাতভিত্তিক সহযোগিতার কথা। শুরুতে প্রস্তাবের পর এই স্বাস্থ্যনীতির প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে।স্বাস্থ্যনীতি প্রণয়ন করার পাশাপাশি সরকার স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা খাত কর্মসূচি (এইচএনপিএসপি) মূল্যায়ন করছে এবং ২০১১ সাল থেকে পাঁচ বছরের জন্য কর্মসূচি প্রণয়ন করছে। এইচএনপিএসপি স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় কর্মসূচি। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, স্বাস্থ্যনীতি ও কর্মসূচি প্রণয়নে কোনো সমন্বয় নেই।স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের একাধিক সূত্র জানিয়েছে, সাধারণ মানুষের মতামত নিয়ে সরকার স্বাস্থ্যনীতি চূড়ান্ত করবে। পুরো প্রক্রিয়া সম্পর্কে খন্দকার সিফায়েত উল্লাহ বলেন, গত ২৮ ফেব্রুয়ারির মধ্যে জমা হওয়া মতামত সন্নিবেশ করার চেষ্টা করা হবে। এরপর ছয়টি বিভাগীয় শহরে কর্মশালা করার পর জাতীয় পর্যায়ে পেশাজীবী ও বিশেষজ্ঞদের নিয়ে কর্মশালা করা হবে। এরপর স্বাস্থ্যনীতি চূড়ান্ত হবে।