আটকে আছে ‘দেবদাস’
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাস অবলম্বনে চাষী নজরুল ইসলাম দ্বিতীয়বারের মতো নির্মাণ করেন দেবদাস। ছবিটির ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড। নাম প্রকাশ না করার শর্তে সেন্সর বোর্ডের দুজন সদস্য প্রথম আলোকে জানান, পদাধিকারবলে সেন্সর বোর্ডের সদস্য দুজন সরকারি কর্মকর্তা ছবির অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিমের একটি পোশাক নিয়ে আপত্তি করেছেন। ছবিতে শহীদুজ্জামান সেলিমের চরিত্রটির নাম চুনীলাল। ছবির তিনটি দৃশ্যে পোশাকটি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে একটি দৃশ্যে চুনীলাল পোশাকটি পরে চন্দ্রমুখীর বাড়ি যান। ছবির পরিচালক চাষী নজরুল ইসলাম বলেন, ‘সেন্সর বোর্ড থেকে যে চিঠি পেয়েছি, তাতে কোনো পোশাক নিয়ে আপত্তি করা হয়েছে, তা উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, তিনটি দৃশ্য কর্তন করতে। পরে জেনেছি, শহীদুজ্জামান সেলিম পাঞ্জাবির ওপর যে কটি পরেছেন, সেটাতেই আপত্তি। সেটি আবার খয়েরি রঙের। চিঠিতে বলা হয়েছে, এই তিনটি দৃশ্য কর্তন না করলে ছবিটি মুক্তি পাওয়ার পর আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। তাদের কথা শুনে আমি স্তম্ভিত।’সেন্সর বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বললেন, ‘সম্প্রতি আরেকটি চলচ্চিত্রে পোশাকের ব্যবহার নিয়ে সেন্সর বোর্ড আপত্তি তোলে। তাই এবার এই ব্যাপারটির দিকে নির্মাতার আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল। আর শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসে চুনীলালের এমন পোশাকের উল্লেখ নেই।’এ প্রসঙ্গে চাষী নজরুল ইসলাম বলেন, ‘১৯১৭ সালের একটি উপন্যাসে শরৎচন্দ্র কোথাও কোনো চরিত্রের পোশাকের কথা উল্লেখ করেননি। আমি তাঁর প্রেক্ষাপট নিয়েছি। একজন নির্মাতা হিসেবে যে পোশাককে প্রয়োজনীয় মনে করেছি, সেটিই ব্যবহার করেছি।’এদিকে তথ্যসচিব ও সেন্সর বোর্ডের চেয়ারম্যান হেদায়েত উল্লাহ আল মামুন বললেন, ‘সেন্সর বোর্ডের সদস্যরা একটি সিদ্ধান্ত নিয়েছেন। দৃশ্য তিনটি কর্তন অথবা নতুন করে আবার শুটিং করে জমা দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে।’