আটকে পড়া জাহাজের তেলে সমুদ্রদূষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কাছে চরে আটকে পড়া বিদেশি জাহাজ ‘এমভি ওশেন প্রিন্স’ থেকে বিপুল জ্বালানি তেল সাগরে ছড়িয়ে পড়েছে। জাহাজ থেকে জ্বালানি তেল সরিয়ে নেওয়ার সময় এই তেল সাগরে ছড়িয়ে পড়ে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায় ১২ হাজার মেট্রিক টন সারবাহী ওই জাহাজ দুই মাসের মতো ওই চরে আটকে আছে। জাহাজে প্রায় ৪০০ মেট্রিক টন জ্বালানি তেল (ফার্নেস অয়েল ও ডিজেল) ছিল।পরিবেশ অধিদপ্তরের একটি দল গত মঙ্গলবার দুপুরে পতেঙ্গা সৈকত থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে সাগরে আটকে পড়া জাহাজটি পরিদর্শন করে। এ সময় জাহাজের চারপাশে তেলের ঘন আস্তর দেখা যায়। পরিবেশ অধিদপ্তর ওই তেলের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে বিশ্লেষণ করে দেখছে।পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল আশরাভ প্রথম আলোকে বলেন, ‘পরিদর্শন করে আমরা জাহাজের চারপাশের ২০-৩০ বর্গফুট এলাকার মধ্যে বিক্ষিপ্তভাবে তেলের ঘন আস্তর দেখেছি। এর বাইরে আশপাশের কয়েক বর্গমিটার এলাকা ঘুরে কোথাও তেল ভাসতে দেখা যায়নি। কিছু তেল যে এমভি ওশেন প্রিন্স থেকে সাগরে পড়েছে, সেটাও আমরা নিশ্চিত হয়েছি।’চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন আল ফারুক ও ডক মাস্টার ক্যাপ্টেন ফরিদুল আলমের নেতৃত্বে একটি দল গতকাল বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জাহাজ ও আশপাশের কয়েক বর্গকিলোমিটার এলাকা ঘুরে দেখে। তবে কোথাও তেল ভাসার আলামত পাওয়া যায়নি। জোয়ার-ভাটার কারণে ভাসমান তেল অন্য কোথাও গিয়ে আটকে পড়তে পারে। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের পরিচালক জাফর আলম প্রথম আলোকে বলেন, ‘চরে আটকে পড়া জাহাজ থেকে তেল নামানো অথবা চুরি করার সময় কিছু তেল সাগরে পড়ার প্রমাণ আমরা পেয়েছি। সেখানে তেল নামানোর পাইপ ও ড্রাম দেখা গেছে। এ ব্যাপারে জাহাজ মালিক ও স্থানীয় প্রতিনিধির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।’জাহাজের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ক্যাপ্টেন আবদুল হাই মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা জাহাজের সব জ্বালানি তেল সরিয়ে নিচ্ছি। এ সময় কিছু তেল সাগরে পড়তে পারে।’জানা যায়, দুই মাস আগে জাহাজটি যখন সার নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে, তখন এতে প্রায় ৪০০ মেট্রিক টন জ্বালানি ছিল। ইতিমধ্যে দুই দফায় জাহাজের ২৮০ মেট্রিক টন জ্বালানি তেল সরিয়ে নেওয়া হয়েছে। জাহাজটি সচল রাখতে প্রতিদিন এক টন করে তেল লাগে। সে হিসাবে জাহাজে আরও অন্তত ৬০ মেট্রিক টন তেল থাকার কথা। কিন্তু জাহাজে এখন তেল আছে ৩০ টনের মতো। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, বাকি তেল চুরি হয়েছে এবং ওই সময় কিছু তেল গড়িয়ে সাগরে পড়েছে।প্রসঙ্গত, দুই মাস আগে চট্টগ্রাম বন্দরে আসার পথে বহির্নোঙরে সাগরের নিচে কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে এমভি ওশেন প্রিন্স জাহাজ ডুবে যাচ্ছিল। পরে এটিকে একটি ডুবন্ত চরে তুলে দেওয়া হয়। তখন থেকে সেখানে জাহাজটি কাত হয়ে অর্ধনিমজ্জিত অবস্থায় পড়ে আছে। ইতিমধ্যে সব নাবিক ওই জাহাজ ছেড়ে গেছেন। তবে জাহাজে পাহারা বসানো হয়েছে।