আটকে পড়া বাংলাদেশি ফিরিয়ে আনতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহিংসতার কারণে লিবিয়া ছেড়ে আসা এবং তিউনিসিয়া সীমান্তে আটকে পড়া কিছুসংখ্যক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র সহায়তা দেবে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন। মরিয়ার্টি মার্কিন জনগণের পক্ষে আটকে পড়া বাংলাদেশিদের প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, লিবিয়ায় আটকে পড়া বিভিন্ন দেশের নাগরিকদের নিরাপদে থেকে সরিয়ে নেওয়ার কাজে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৫০ লাখ ডলার আর্থিক সহায়তা দিয়েছে। বিমানের ফ্লাইটে করে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে তাত্ক্ষণিক পরিবহন ব্যয়ে এ অর্থ ব্যবহার করা হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র আইওএম ও অন্যান্য সংস্থার মাধ্যমে লিবিয়া থেকে বাংলাদেশি ফিরিয়ে আনার কাজে সহযোগিতা অব্যাহত রাখবে। প্রয়োজনে সহযোগিতা বাড়ানোও হবে। ইউএনবি।