আটকের কয়েক ঘণ্টা পরে মুক্তি
জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব হাবিবুল্লাহ মিয়াজীসহ ইসলামপন্থী কয়েকজন নেতাকে আটক করে আবার ছেড়ে দিয়েছে পুলিশ। আজ বুধবার সকালে ও গতকাল মঙ্গলবার রাতে তাঁদের আটক করা হয়। পরে আজ বিকেলে তাঁদের ছেড়ে দেওয়া হয়।আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মুহাম্মদ ওয়াক্কাসকে আটক করে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামীকে আটক করে বিকেলে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। জমিয়তে ওলামার প্রচার সম্পাদক ওয়ালিউল্লাহ আরমান বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে ফার্মগেটের খামারবাড়ী এলাকা থেকে জমিয়তে ওলামার মহাসচিবের গাড়িটি আটক করে শেরেবাংলা নগর থানা পুলিশ। গাড়িতে ছিলেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম, গাড়িচালক ও যশোরের মনিরামপুরের নেতা কাবিল হোসেন। তাঁদের সবাইকে শেরেবাংলা নগর থানায় নেওয়া হয়। পরে বিকেল সাড়ে চারটার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়।সূত্র জানায়, মঙ্গলবার রাতে মোহাম্মদপুর থেকে আটক হন খেলাফত আন্দোলনের নেতা হাবিবুল্লাহ মিয়াজী। তাঁকেও বিকেলে ছেড়ে দেওয়া হয়েছে। সূত্র জানায়, আটক নেতারা বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) কেন্দ্রীয় নেতা। গত মঙ্গলবার রাতে মোহাম্মদপুর জামেয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় বেফাকের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাহফুজুর রহমান। সেখানে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তখন কয়েকজন নেতা সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার কথা বলে বক্তব্য দেন। এরপরই পুলিশ তাঁদের আটক করে।তবে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবীর বলেছেন, তাঁরা কাউকে আটক করেননি।দলগুলোর সূত্র জানায়, আটকের পর তাঁদের শেরেবাংলা নগর থানায় নিয়ে জামায়াতের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চায় পুলিশ। পরবর্তীতে কোনো অরাজকতা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। আটক নেতারা জামায়াতের সঙ্গে তাঁদের সম্পর্ক অস্বীকার করে বলেছেন, ‘জামায়াতের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই। বরং আদর্শগত দ্বন্দ্ব রয়েছে।’ জমিয়তে ওলামার প্রচার সম্পাদক ওয়ালিউল্লাহ আরমান বলেন, ‘জামায়াতকে তো আমরা ইসলামি দল হিসেবেই মনে করি না। সেটা অন্য দলগুলোর মতো মূলধারার রাজনৈতিক দল। জামায়াতের সঙ্গে এই ইসলামপন্থী দলগুলোর আদর্শগত বিরোধ দীর্ঘদিনের।’ মুফতি ওয়াক্কাসসহ অন্যরা শুক্রবারের তাণ্ডবের পর দায়ের হওয়া কয়েকটি মামলার আসামি বলে জানান ওয়ালিউল্লাহ।