আটঘরিয়ায় চরমপন্থী সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে গতকাল সোমবার দিবাগত রাতে সন্ত্রাসীরা আকুব্বর হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। আজ মঙ্গলবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। পুলিশের দাবি, নিহত আকুব্বর চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সদস্য। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।পরিবারের লোকজনের দাবি, গতকাল রাত দেড়টার দিকে ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী আকুব্বরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পুলিশ জানায়, এলাকাবাসী আজ আকুব্বরের লাশ পার্শ্ববর্তী বিলের পাড়ে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। আকুব্বরকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, চরমপন্থীদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে আকুব্বরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের বাবা আবদুল আওয়াল বাদী হয়ে অজ্ঞাত সন্ত্রাসীদের আসামি করে হত্যা মামলা করেছেন।