স্যাঁতসেঁতে মেঝে, দেয়ালের রংচং উঠে গেছে। কোথাও পলেস্তারা খসে পড়েছে। আলোর স্বল্পতা আর অপরিচ্ছন্নতায় কেমন ভুতুড়ে পরিবেশ চারপাশে। অপারেশন থিয়েটারের অস্ত্রোপচার টেবিলের পায়া ভেঙে গেছে। তাই ইট দিয়ে ভর সচল রাখা হয়েছে। অপারেশন লাইটের স্ট্যান্ডে মরচে ধরে গেছে। পাশেই অপরিচ্ছন্ন বেশ কয়েকটি পানির জার। বালতিতে ময়লা-আবর্জনার অন্ত নেই। অনেকগুলো স্বচ্ছ পানির (ডিস্টিল ওয়াটার) বোতল পড়ে আছে অপরিষ্কার মেঝেতে। অপারেশনের যন্ত্রপাতিগুলোও এখানে-ওখানে ছড়িয়ে-ছিটিয়ে আছে। এটা বরগুনার ১২ লাখ মানুষের চিকিৎসাসেবার সর্বোচ্চ প্রতিষ্ঠান, বরগুনা জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারের চিত্র। চিকিৎসক ও কর্মচারী সূত্রে জানা গেছে, সীমাহীন সমস্যা আর অব্যবস্থাপনায় এই চিকিৎসাপ্রতিষ্ঠানের চিকিৎসা কার্যক্রম প্রায় ভেঙে পড়েছে। ১৯৯৭ সালে এই হাসপাতাল ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হলেও অবকাঠামোগত ও অন্যান্য সুযোগ-সুবিধা না বাড়ায় আগের চেয়ে রোগীদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। ৫০ শয্যার হাসপাতালের পদায়ন (অর্গানোগ্রাম) অনুযায়ী ২১ জন চিকিৎসকের পদ থাকলেও সেখানে বর্তমানে রয়েছে মাত্র আটজন চিকিৎসক। আর তাঁদের দিয়েই ১০০ শয্যার হাসপাতালের চিকিৎসা কার্যক্রম চালনো হচ্ছে। হাসপাতালের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে বরগুনা জেলায় উন্নীত হওয়ার পর ৫০ শয্যার জনবল দিয়ে বরগুনা জেলা সদর হাসপাতাল কার্যক্রম শুরু হয় নব্বইয়ের দশকে। তখন বরগুনা জেলার জনসংখ্যা ছিল প্রায় সাড়ে সাত লাখ। বর্তমানে লোকসংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে ১২ লাখে উন্নীত হয়েছে। ১৯৯৭ সালে বরগুনা সদর হাসপাতালকে ১০০ শয্যার জেনারেল হাসপাতালে উন্নীত করা হলেও সেখানে জনবল, অবকাঠামো, চিকিৎসা-সরঞ্জাম কোনো কিছুই বাড়েনি। আগের ৫০ শয্যার জায়গায় গাদাগাদি করে ১০০ শয্যা স্থাপন আর খাবার ও ওষুধসামগ্রী ছাড়া কোনো সুযোগ-সুবিধাই বাড়েনি। ৫০ শয্যার হাসপাতালের পদায়ন অনুযায়ী বরগুনা জেনারেল হাসপাতালে মেডিসিন, সার্জারি, ইএনটি ও চক্ষু বিভাগের চারজন জ্যেষ্ঠ বিশেষজ্ঞ এবং অর্থোপেডিক, অ্যানেসথেসিয়া, প্যাথলজি, গাইনি ও শিশু বিভাগে পাঁচজন জুনিয়র কনসালটেন্টের পদ থাকলেও শুধু গাইনি বিভাগ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকের আটটি পদই শূন্য রয়েছে। সব মিলিয়ে বর্তমানে আটজন চিকিৎসক কর্মরত আছেন। এই আটজনের মধ্যে একজন আবার আবাসিক চিকিৎসা কর্মকর্তার দায়িত্ব পালন করায় তাঁকে প্রশাসনিক কাজকর্ম নিয়েই বেশির ভাগ সময় ব্যস্ত থাকতে হয়। হাসপাতালে ৩৫ জন সেবিকার পদ থাকলেও সেখানে কর্মরত আছেন ২২ জন। এ ছাড়া হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য দীর্ঘদিন ধরে মাত্র একজন পরিচ্ছন্নকর্মী নিয়োজিত থাকায় পুরো হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও ভেঙে পড়েছে। এত বড় একটি হাসপাতালে তত্ত্বাবধায়কের কোনো আলাদা পদ না থাকায় প্রশাসনিক ও তদারককাজ মারাত্মকভাবে ব্যাহত হয়। সিভিল সার্জন ওই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করায় তিনি গোটা জেলার স্বাস্থ্য প্রশাসনের দায়িত্ব পালন করে এখানে তেমন সময় দিতে পারেন না। এই হাসপাতালে গড়ে প্রতিদিন বহির্বিভাগে ২৫০-৩০০ রোগীকে চিকিৎসাসেবা দিতে হয়। এ ছাড়া আন্তবিভাগে ভর্তি থাকে প্রায় ১৫০-২০০ রোগী। এত বড় হাসপাতালে মাত্র আটজন চিকিৎসক থাকায় এত রোগী সামাল দিতে তাঁদের হিমশিম খেতে হয়। প্রতিদিন তাঁরা ১২-১৪ ঘণ্টা হাসপাতালে দায়িত্ব পালন করেও রোগী সামাল দিতে পারছেন না। সরেজমিনে দেখা যায়, হাসপাতালে ঢোকার পথেই ড্রেন দিয়ে সেপটিক ট্যাংকের মলমূত্র বের হয়ে গোটা এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। হাসপাতালের মূল ফটকে লাইন দিয়ে রাখা আছে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রায় ৪৫-৫০টি মোটরসাইকেল। জরুরি বিভাগে ঢোকার দরজার সামনে একজন রোগীর ব্যবস্থাপত্র ধরে টানাটানি করছেন দুজন ওষুধ কোম্পানির প্রতিনিধি। জরুরি বিভাগের মধ্যে ঢুকে দেখা গেল বহির্বিভাগে দীর্ঘ লাইন। হাসপাতালের দ্বিতীয়তলায় মহিলা ও পুরুষ ওয়ার্ডে শয্যা না পেয়ে মেঝেতে এমনকি বারান্দায় শুয়ে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী। ওয়ার্ডগুলোর পরিবেশ এতটাই নাজুক যে পরিচ্ছন্নতার অভাবে সর্বত্র উটকো দুর্গন্ধ ছড়াচ্ছিল। আজেদ আলী নামে একজন রোগী জানান, সন্ধ্যার পর মনে হয় পুরো হাসপাতাল একটি ভৌতিক এলাকা। ওয়ার্ডের মধ্যে আলোর স্বল্পতার কারণে একজনের চেহারা অন্যজন দেখতে পান না। বাথরুম ও টয়লেটগুলোতে যাওয়া যায় না। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী আ. ছালাম (৪০) বলেন, ‘বেয়ান অইতে লাইনে খাড়াইয়্যা রইছি, কোন সময় ডাক্তারের দেহা পামু কইতে পারি না।’ গোলবুনিয়া গ্রামের সখিনা বেগম (৫০) বলেন, ‘বেহান অইতে খাড়াইয়্যা থাকতে থাকতে হাত-পা ব্যথা অইয়্যা গ্যাছে।’ হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি সদর উপজেলার বালিয়াতলী গ্রামের জাহাঙ্গীর হোসেন (৩৫) বলেন, ‘অসুস্থ হওয়ার পর গ্রামের চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি অইছিলাম। মেডিসিন বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার না থাহায় ভালো চিকিৎসা পাই নায়, এহন ডাক্তারেরা বরিশাল যাইতে কয় কিন্তু অত টাহা তো আমার নাই। হাসপাতালের মধ্যে দুর্গন্দে থাকন যায় না, করমু কি, মোরা গরিব মানুষ, মোগো তো যাওনের কোনো জায়গা নাই।’সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আ. সালাম বলেন, ‘প্রতিদিন ২৫০ থেকে ৩০০ রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসে। এরপর ভর্তি রোগী দেখা, ময়নাতদন্ত, ধর্ষণ পরীক্ষাসহ কত কাজ করতে হয় আমাদের। এ ছাড়া অন্যান্য সমস্যা তো আছেই। মাত্র আটজন চিকিৎসক দিয়ে সেবা কার্যক্রম চালানো এতটাই দুর্বিষহ যে আমরা দিনরাত কাজ করেও সবকিছু সামাল দিতে পারছি না।চিকিৎসকের সংকট থাকার কারণে রোগীদের চিকিৎসাসেবা দিতে বেশ বেগ পেতে হয়। এখানে যারা চিকিৎসা নিতে আসে, তাদের বেশির ভাগই গরিব, তাদের ঢাকা-বরিশাল গিয়ে চিকিৎসা নেওয়ার সঙ্গতি নেই। এত বড় একটি হাসপাতালে বর্তমানে মাত্র একজন সুইপার রয়েছে। বাইরে থেকে দুই-তিনজন সুইপার এনে কোনো রকমে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চালানো হচ্ছে। তা ছাড়া ডায়রিয়া ওয়ার্ড তো একটু নোংরা থাকবেই। আমরা সীমিত সামর্থ্যের মধ্যেও কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। ন্যূনতম চিকিৎসাসেবা নিশ্চিত করতে এখন জরুরি ভিত্তিতে প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক প্রয়োজন।’ ডায়রিয়া ওয়ার্ডের দুরবস্থা: বরগুনা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের দুরবস্থার কারণে রোগীরা এখানে এসে আরও অসুস্থ হয়ে যাচ্ছে।জানা গেছে, দক্ষিণ উপকূলের সবচেয়ে ডায়রিয়াপ্রবণ জেলা বরগুনার এই হাসপাতালে ১০ শয্যার একটি ডায়রিয়া ওয়ার্ড থাকলেও সেখানে সব বেডই ভাঙাচোরা। ফলে এসব বিছানায় রোগীরা থাকতে পারছে না। এর জন্য আলাদা কোনো বরাদ্দ নেই। বাধ্য হয়ে তাদের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। আর এখানের পরিবেশ এতটাই নোংরা ও দুর্গন্ধময় যে রোগী ও তাদের সঙ্গে আসা লোকজনও অনেক সময় অসুস্থ হয়ে পড়ে। ইউনিসেফের তথ্য অনুযায়ী বরগুনা দেশের সবচেয়ে ডায়রিয়াপ্রবণ এলাকা হওয়ায় এখানে গ্রীষ্ম মৌসুমে দৈনিক গড়ে ৪০-৫০ জন ডায়রিয়ার রোগী ভর্তি হয়। ফলে গ্রীষ্ম মৌসুমে মেঝেতেও জায়গা হয় না। সামনে খোলা জায়গায় তাঁবু খাটিয়ে রোগীদের চিকিৎসা দিতে হয়।খাবার পানির সংকট, লবণাক্ততা ও অপুষ্টির কারণে বরগুনায় ডায়রিয়াসহ পানিবাহিত রোগব্যাধির প্রকোপ বেশি। কিন্তু বরগুনার হাসপাতালগুলোতে ডায়রিয়া রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার ব্যাপারে এত দিনেও তেমন কোনো সুযোগ-সুবিধা, এমনকি অবকাঠামোগত উন্নয়ন করা হয়নি।