আটজন চিকিৎসক দিয়ে চলছে ১০০ শয্যার সদর হাসপাতাল
১৯৯০ সালে ৫০ শয্যার শরীয়তপুর জেলা সদর হাসপাতালের কার্যক্রম শুরু হয়। ২০০৪ সালে এটি ১০০ শয্যায় উন্নীত করা হয়। বর্তমানে হাসপাতালের ভৌত অবকাঠামো, রোগীদের পথ্য ও ওষুধ সামগ্রী ১০০ শয্যার হলেও জনবল অনেক কম। ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালেই ১৯ জন চিকিত্সকের পদ রয়েছে, অথচ এখানে বর্তমানে চিকিত্সক রয়েছেন মাত্র আটজন। এর মধ্যে দুজন মহিলা চিকিত্সক। তাঁরা প্রসূতি বিভাগ ও শিশু বিভাগসহ আন্ত বিভাগে দায়িত্ব পালন করেন। ফলে বহির্বিভাগের মহিলা রোগীদের একরকম বাধ্য হয়েই পুরুষ চিকিত্সকের কাছে যেতে হয়। এ ছাড়া হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, দন্ত বিশেষজ্ঞ ও কার্ডিওলজিস্ট বিশেষজ্ঞ নেই। ১০০ শয্যার হাসপাতালে ৮৮ জন নার্সের পদ থাকলেও এখানে দায়িত্ব পালন করছেন মাত্র ২৮ জন। অথচ এ হাসপাতালে প্রতিদিন গড়ে দুই শতাধিক রোগী ভর্তি অবস্থায় চিকিত্সা নেয়।হাসপাতালের তিনটি অ্যাম্বুলেন্সের মধ্যে দুটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ইমার্জেন্সি মেডিকেল অফিসার, রেডিওগ্রাফার, জুনিয়র মেকানিক, নিরাপত্তা প্রহরী ও মালির কোনো পদ নেই এখানে। সুইপার ও পরিচ্ছন্নতা-কর্মী রয়েছে চারজন।হাসপাতালে চিকিত্সা নিতে আসা সামছুন্নাহার (৩০), বিলকিস আক্তার (২৮) ও মেহেরুন নেসা (৩৫) জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে চিকিত্সকের কাছে গেলেও তিনি ঠিকমতো সময় দেন না। এ জন্য হাসপাতালে না এসে পারলে তাঁরা আসেন না। বাধ্য হয়ে গ্রামের চিকিত্সককে দেখিয়ে ওষুধ খান।ডোমসার থেকে চিকিত্সা নিতে আসা কাশেম মোল্লা (৪০) বলেন, ‘বড় ভাই অসুস্থ হওয়ায় গ্রামের চিকিত্সকের পরামর্শ অনুযায়ী তাঁকে সদর হাসপাতালে ভর্তি করি। চিকিত্সক নিয়মিত না দেখায় তাঁর কোনো উন্নতি হয়নি। অর্থের অভাবে তাঁকে ঢাকায় নিতে পারছি না। হাসপাতাল থেকে কোনো ওষুধ দেওয়া হয় না।’চিকিত্সা কর্মকর্তা রাজেশ মজুমদার জানান, ‘প্রতিদিন বহির্বিভাগে গড়ে সাত শতাধিক রোগী দেখতে হয়। এর বাইরে জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে দায়িত্ব পালন করতে হয়। সময় স্বল্পতার কারণে রোগীদের কোনো রকম দেখেই বিদায় দিতে হয়।’হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) নির্মল চন্দ্র দাস জানান, বর্তমানে হাসপাতালের ভৌত অবকাঠামো, পথ্য ও ওষুধ সরবরাহ ১০০ শয্যার হলেও প্রয়োজনীয় জনবল এখনো অনুমোদন দেওয়া হয়নি। এ ছাড়া একের পর এক চিকিত্সকেরা বদলি হয়ে চলে যাওয়ায় এখন আটজন চিকিত্সক কর্মরত আছেন। জরুরি চিকিত্সা কর্মকর্তা, রেডিওগ্রাফার, জুনিয়র মেকানিক, নিরাপত্তা প্রহরী ও মালির কোনো পদ নেই। মাত্র একটি অ্যাম্বুলেন্স দিয়ে কোনোমতে রোগী আনা-নেওয়ার কাজ চলছে। চারজন পরিচ্ছন্নতা-কর্মী দিয়ে সম্পূর্ণ হাসপাতাল পরিষ্কার রাখতে হচ্ছে, যা খুবই কষ্টসাধ্য। এ ছাড়া নার্স সংকটের কারণে ভর্তি রোগীদেরও ভালোভাবে দেখাশোনা করা যাচ্ছে না।