আটটি চোরাই গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশ রাজধানী ও দেশের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে আটটি চোরাই গাড়ি উদ্ধার ও ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে।আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীতে পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালিয়ে গাড়ি ছিনতাই চক্রের দলনেতা আবদুল হান্নানসহ (২৭) তাঁর সহযোগী সুমন (২৫), বাবুল (২৮) ও দুলালকে (৩০) গ্রেপ্তার করে। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী ধানমন্ডি এলাকা থেকে ছিনতাই হওয়া প্রাইভেট কার চাঁদপুর থেকে উদ্ধার করা হয়।এ ছাড়া আজ রাজধানী থেকে আকাশ দেওয়ান ও হাবিব নামে গাড়ি চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যমতে, পুলিশ শ্যামপুর ও কেরানীগঞ্জ থানা এলাকা থেকে দুটি চোরাই গাড়ি উদ্ধার করে।গত ২৩ জানুয়ারি পুলিশ অন্য এক অভিযানে চাঁদপুর এলাকা থেকে চুরি করা চারটি প্রাইভেট কার উদ্ধার করে। আরেক অভিযানে পুলিশ রাজধানীর মোহম্মদপুর এলাকা থেকে গাড়ি ছিনতাইকারী চক্রের সদস্য রুবেল (২৬), সোহেল (২৭), মামুন (২৭) ও জসিমকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী যশোর শহর থেকে একটি মাইক্রোবাস উদ্ধার করে পুলিশ।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বাসস।