আটা-ময়দার দাম কমার লক্ষণ নেই
গমের দাম এখনো বাড়ছে। আর এর প্রভাবে দেশে খুচরা ও পাইকারি বাজারে আটা এবং ময়দার মূল্য বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত এক মাসে বাজারে আটার দাম বেড়েছে ১৫ শতাংশ আর ময়দা সাত শতাংশ। এই এক মাসে চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি মণ গমের দাম বেড়েছে ৩০ টাকা ও প্রতি কেজিতে বেড়েছে ৮০ পয়সা। আর ঢাকার পাইকারি বাজারে প্রতি কেজি আটার দাম বেড়েছে প্রায় সাড়ে তিন টাকা এবং খুচরা বাজারে বেড়েছে চার থেকে পাঁচ টাকা পর্যন্ত। চট্টগ্রামের খাতুনগঞ্জের গমের পাইকারি ব্যবসায়ী মেসার্স পারভীন স্টোরের জহুর আহমেদ প্রথম আলোকে বলেন, তাঁদের বাজারে প্রতি মণ গম ৫৮০ টাকায় বিক্রি হচ্ছে। এক মাস আগেও এর দাম ছিল ৫৫০ টাকা। তিনি দাবি করেন, লোকসান দিয়ে এত দিন গম বিক্রি করতে হয়েছে। এ লোকসান কিছুটা কমিয়ে আনতে বর্তমানে দাম কিছুটা বাড়ানো হয়েছে। নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতির সভাপতি মতিউর রহমান বলেন, বর্তমানে আটা তৈরির গমের দাম পড়ে মণপ্রতি ৬১৮ থেকে ৬২০ টাকা। তিন মণ গমে আটা হয় ৭৪ কেজি। গম থেকে আটা তৈরিতে প্রতি মণে বিদ্যুত্ খরচ, শ্রমিক, বস্তা, সেলাইসহ আনুষঙ্গিক খরচ পড়ে আরও ৬০ টাকা। ৩০ শতাংশ পণ্য গোখাদ্য হিসেবে ব্যবহূত হয়। ফলে প্রতি মণ আটার দাম পড়ে এক হাজার ২৪২ টাকা। আবার ময়দা তৈরির জন্য অস্ট্রেলিয়ার উন্নত মানের গমের দাম ৮০০ টাকা। ঢাকার মৌলভীবাজারের নাজ ট্রেডার্সের জাকির হোসেন জানান, গত ১৫-২০ দিন আগে প্রতি ৭৪ কেজির আটার বস্তা বিক্রি হয়েছে এক হাজার ২০০ টাকা। তাতে প্রতি কেজির দাম পড়ত ১৬ টাকা ২২ পয়সা। বর্তমানে তা এক হাজার ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাত্ প্রতি কেজিতে দাম বেড়েছে তিন টাকা ৭৮ পয়সা। আর প্রতি ৭৪ কেজির ময়দার বস্তার দাম বেড়েছে ১৫০ টাকা। এতে প্রতি কেজিতে দাম বেড়েছে দুই টাকা তিন পয়সা। মৌলভীবাজারের আইবি ট্রেডার্সের ব্যবসায়ী ইছা বাবুল জানান, বিশ্ববাজারে দাম বেড়েছে বলে আমদানিকারকেরাও দাম বাড়াচ্ছেন। তাঁরা ইন্টারনেটে মূল্য বৃদ্ধি দেখে দেশের বাজারেও সঙ্গে সঙ্গে দাম বাড়িয়ে দেন। গত এক মাসে প্রতি বস্তা ময়দায় দাম বেড়েছে ২০০ টাকা পর্যন্ত।নয়াবাজারের মুদিদোকানি কালা মিয়া জানান, বর্তমানে তাঁরা প্রতি কেজি খোলা আটা ২২ টাকা এবং প্যাকেট আটা ২৬ টাকায় বিক্রি করছেন, যা গত এক মাস আগেও ছিল যথাক্রমে ১৮ টাকা ও ২০ টাকা।