নিত্যপণ্যের মধ্যে গত এক বছরে সবচেয়ে বেশি বেড়েছে আটার দাম। এক বছরে আটার দাম বেড়েছে ৫৩ শতাংশ পর্যন্ত।সরকারি হিসাবেই, এক বছর আগে খোলা আটার কেজি ছিল ১৮ থেকে ২০ টাকা, গতকাল মঙ্গলবার তা বিক্রি হয়েছে ২৮ থেকে ৩০ টাকা দরে। অর্থাৎ ভোক্তাকে এক বছরে আটা কেনায় বাড়তি গুনতে হয়েছে প্রতি কেজিতে ১০ টাকা।প্যাকেটজাত আটার ক্ষেত্রেও একই পরিস্থিতি। তবে প্যাকেটজাত আটার দাম খোলা আটার তুলনায় কেজিতে দুই থেকে তিনি টাকা বেশি।আর ময়দার দাম খোলা অবস্থায় ৩২ থেকে ৩৪ টাকা এবং প্যাকেটজাত ৩৭ থেকে ৩৮ টাকা। এক বছরে দর বৃদ্ধি ১৬ থেকে ২১ শতাংশ।আটা ও ময়দার দাম বাড়ায় গত ২৬ সেপ্টেম্বর খাদ্য মন্ত্রণালয় উদ্বেগ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়ে। বাণিজ্য মন্ত্রণালয় অবশ্য বলেছে, তাদের কাছে এ চিঠি এসেছে ৫ অক্টোবর।চিঠিতে খাদ্য মন্ত্রণালয় বলেছে, দেশে আটা ও ময়দার দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে বৃদ্ধির এ হার সংগতিপূর্ণ নয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয় যাতে আটা ও ময়দার দাম বৃদ্ধি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।তবে বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, মন্ত্রণালয়গুলোর কার্যপ্রণালি বিধি অনুযায়ী, নিত্যপণ্যের মধ্যে চাল ও আটার দাম স্থিতিশীল রাখার দায়িত্ব খাদ্য মন্ত্রণালয়ের। শুধু দাম স্থিতিশীল রাখা নয়, সরকারি গুদামে এ দুই পণ্যের সংগ্রহ এবং প্রয়োজনে বাজারদরের চেয়ে কিছুটা কমিয়ে জনগণের কাছে বিক্রির ব্যবস্থা করাও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। কার্যপ্রণালি বিধিতে বলা আছে, ধান, চাল, গম ও ভুট্টা—এ চার পণ্যের সংগ্রহ, গুদামজাতকরণ, বিতরণ, মূল্য পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখা এবং এ পণ্যগুলোর ব্যাপারে পরিকল্পনা, গবেষণা ও তদারকির কাজ করবে খাদ্য মন্ত্রণালয়।অন্যদিকে, কার্যপ্রণালি বিধিতে দ্রব্যমূল্য বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কাজের মধ্যে এক জায়গায় বলা আছে, মূল্য নিয়ন্ত্রণ করা। অন্য জায়গায় বলা আছে, আমদানি বাণিজ্যের নীতি প্রণয়ন এবং মূল্য নিয়ন্ত্রণ করা।বাণিজ্যসচিব গোলাম হোসেন গত রোববার প্রথম আলোকে বলেছেন, খাদ্য মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে গমের স্থানীয় উৎপাদন, আমদানির পরিমাণ, আন্তর্জাতিক বাজারদর, খুচরা পর্যায়ে কতটা অযৌক্তিক দাম রাখা হচ্ছে ইত্যাদি বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তারপর আটা-ময়দার উৎসকেন্দ্র থেকে খুচরা পর্যায় পর্যন্ত আসতে কয়টি ধাপ পেরোতে হয়, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে শিগগির তা যাচাই করা হবে।খাদ্যসচিব বরুণ দেব মিত্র প্রথম আলোকে বলেন, কার্যপ্রণালি বিধিতে মোটা দাগে কিছু কথা বলা থাকে। বাকিটা নিজের মতো করেই করতে হয়। খাদ্য মন্ত্রণালয় দায়িত্ব ও এখতিয়ার অনুযায়ী চাল ও গমের ব্যাপারে সচেতন। মূল্য স্থিতিশীল রাখার অংশ হিসেবেই ওএমএস চালু করা হয়েছে।খাদ্যসচিব আরও বলেন, বাণিজ্য সংগঠনগুলো যেহেতু বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত, সুতরাং মূল্য পরিস্থিতি সহনশীল পর্যায়ে রাখতে তাদেরই রয়েছে বেশি ভূমিকা।এদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সম্প্রতি নিত্যপ্রয়োজনীয় পণ্যের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মূল্য পরিস্থিতি উপস্থাপন করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে। এতে বলা হয়েছে, আমদানি ঋণপত্র (এলসি) অনুযায়ী চট্টগ্রাম বন্দর পর্যন্ত প্রতি টন গমের দাম পড়ে ২৪৮ ডলার। পাঁচ শতাংশ মুনাফাসহ এ দাম ২৬০ ডলার বা ১৮ হাজার ৮৪ টাকা।টিসিবি হিসেবে পরিবহন, গুদামভাড়া ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় প্রতি টনে ৯০০ টাকার বেশি হয় না। সে হিসাবে প্রতি টনের দাম পড়ে ১৮ হাজার ৯৮৪ টাকা, আর কেজি হিসাবে যা ১৮ টাকা ৯৮ পয়সা। গমকে আটায় রূপান্তর করায় কিছুটা ঘাটতি হয়। ওই ঘাটতি ধরে হিসাব করলে কেজিতে আরও এক টাকা করে বাড়বে, অর্থাৎ ২০ টাকা হবে। অথচ এই গমই আটা হয়ে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা কেজিতে।খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ইউক্রেন, কানাডা ও অস্ট্রেলিয়া থেকে গম আমদানি করে বাংলাদেশ। বছরে সরকারিভাবে তিন লাখ টন এবং বেসরকারিভাবে আমদানি হয় ৪০ লাখ টন গম। তবে ইউক্রেনের গমে প্রোটিন কম থাকে।বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করা বাংলাদেশ মান পরীক্ষণ ইনস্টিটিউটের (বিএসটিআই) এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশে বেশির ভাগ গম আসে ইউক্রেন থেকে। তবে বিক্রি হয় কানাডা ও অস্ট্রেলিয়া হিসেবে। অথচ কানাডার গমে প্রোটিনের পরিমাণ ১৪ দশমিক ৫৯ শতাংশ আর ইউক্রেনের গমে ১১ দশমিক ১৮ শতাংশ।নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতির সভাপতি এস কে ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, আটার দাম বেশি বাড়ার পেছনে খুচরা দোকানিরা দায়ী। কেজিতে চার টাকা মুনাফা করেন তাঁরা, যা উচিত নয়।গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য পরিস্থিতির ওপর অনুষ্ঠিত এক মতবিনিময় সভায়ও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্যাকেটজাত আটা উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্দেশ্য করে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, ‘কেজিতে চার টাকা মুনাফা বিস্ময়কর ঘটনা। কোনোভাবেই তা মেনে নেওয়া যায় না।’ যদিও এই বৈঠক নিয়ে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, বাজারে আটার দাম ক্রমশ কমছে এবং দামের নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকবে।