আটোয়ারীর কাটালী উপস্বাস্থ্য কেন্দ্র চলে সপ্তাহে এক দিন
আটোয়ারী উপজেলার তড়েয়া ইউনিয়নের কাটালী গ্রামের সাহাবানী (৭০) কাটালী উপস্বাস্থ্যকেন্দ্রে ওষুধ নিতে এসেছিলেন। এসে দেখলেন, হাসপাতালে তালা। অগত্যা ফিরে যাচ্ছিলেন। এই প্রতিনিধিকে দেখে আবার ফিরে এসে জিজ্ঞাসা করলেন, ‘ওষুধ দিবেন নাকি বাহে?’ তিনি বলেন, ‘পড়ে গিয়ে ঘাড় ও হাতে বিষ, ওষুধ নিবা অসে দেখেচু তালা লাগা, দুই দিন থেকে আচ্চু, ডাক্তারও অসে নাই, হাসপাতালত তালা লাগা।’ ১৪ ফেব্রুয়ারি দুপুরে কাটালী উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা যায় তালা। আশপাশের মানুষ ওষুধের জন্য এসে ফিরে যাচ্ছেন। সে সময়ই কথা হয় সাহাবানীর সঙ্গে।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপস্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন আগে থেকেই পরিত্যক্ত। পাশের ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে চলে উপস্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম। এই কেন্দ্রে একজন চিকিৎসা কর্মকর্তা, একজন চিকিৎসা সহকারী, একজন ফার্মাসিস্ট ও একজন এমএলএসএস থাকার কথা। কিন্তু শুধু এমএলএসএস ছাড়া আর কেউ নেই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা স্থানীয় ব্যবস্থাপনায় উপজেলার স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট মো. শরিফুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সপ্তাহের শনিবার এখানে এসে চিকিৎসা সেবা দিয়ে যান।এলাকাবাসীর অভিযোগ, চিকিৎসক নিয়মিত এ কেন্দ্রে আসেন না। তিনি সপ্তাহে এক দিন আসেন। ফলে এলাকার মানুষ প্রাথমিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। মীরপাড়া গ্রামের জহিরুল ইসলাম বলেন, সপ্তাহে এক দিন ডাক্তার আসেন। দু-এক ঘণ্টা থেকে আবার চলে যান।যাদববাটি গ্রামের আব্দুস সামাদ নামে এক যুবক জানান, এখানে কোনো ওষুধ নেই। মাঝেমধ্যে প্যারাসিটামল, অ্যামোডিস আর দু-একটা স্যালাইন পাওয়া যায়। দারখোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র হাসান আলী জানান, জ্বর বা পাতলা পায়খানার ওষুধ চাইতে গেলে ডাক্তার ধমক দিয়ে আমাদের তাড়িয়ে দেন।ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা বলেন, ইউনিয়নে স্বাস্থ্য সেবার একমাত্র উপস্বাস্থ্য কেন্দ্রটি চলছে এমএলএসএস দিয়ে। ইউনিয়নের মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না। তাদের আট-দশ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যেতে হচ্ছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাওলা বক্স বলেন, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট শরিফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সপ্তাহের এক দিন এখানে এসে চিকিৎসা সেবা দিচ্ছেন। জনবল সংকটে উপজেলার স্বাস্থ্যসেবা কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে।