আড়াই কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ বিমানবালা আটক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বুধবার ভোরে শুল্ক কর্মকর্তারা আড়াই কোটি টাকার বিদেশি মুদ্রাসহ কামরুন নাহার নামে এক বিমানবালাকে আটক করেছে।বিমানবন্দর ও শুল্ক কর্মকর্তারা জানান, বিমানবালা কামরুন নাহার অর্থ পাচারকারী চক্রের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন।বিমানবন্দর সূত্রে জানা গেছে, ভোর সাড়ে চারটার দিকে কামরুন নাহার কর্তব্য পালনের জন্য বিমানবন্দরে ঢোকেন। এ সময় তাঁর লাগেজ স্ক্যান করলে মুদ্রার অস্তিত্ব পাওয়া যায়। পরে লাগেজে তল্লাশি চালিয়ে আড়াই কোটি টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা পাওয়া যায়। এর মধ্যে সৌদি রিয়ালের পরিমাণ ছিল বেশি। পরে থানায় খবর দেওয়া হয়।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী জানান, কামরুন নাহার বাংলাদেশ বিমানের বিমানবালা। তবে এখনো তাঁকে থানায় হস্তান্তর করা হয়নি। সকাল সোয়া ছয়টায় বাংলাদেশ থেকে লন্ডনগামী বিমানের বিমানবালা হিসেবে তাঁর আজ দায়িত্ব পালনের কথা ছিল।