আড়াই কোটি টাকার স্বর্ণ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানে অভিযান চালিয়ে ৪১টি সোনার বার উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোররাতে ঢাকার শুল্ক তদন্ত গোয়েন্দা অধিদপ্তর অবৈধভাবে নিয়ে আসা এসব স্বর্ণ উদ্ধারে অভিযান চালায়।চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের অভিবাসন (ইমিগ্রেশন) পুলিশের সহকারী কমিশনার মো. মিজানুর রহমান মুন্সী প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তাঁর তথ্যমতে, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য দুই কোটি ৪৬ লাখ টাকা।শুল্ক তদন্ত গোয়েন্দা সূত্রে জানা যায়, দুবাই থেকে বিমানে করে চোরাই সোনার বার ঢাকায় আনা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান ঢাকার শুল্ক তদন্ত গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা। চট্টগ্রাম বিমানবন্দরের শুল্ক বিভাগের উপ-কমিশনার মো. তাসলুমুর রহমান এই অভিযানের নেতৃত্ব দেন।সূত্র জানায়, ভোররাত সাড়ে চারটার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-০৪৮) চট্টগ্রামে অবতরণ করে। যাত্রীরা বিমান থেকে নেমে যাওয়ার পর বিমানের ভেতরে একটি লাগেজের ভেতরে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগ থেকে ৪১টি সোনার বার উদ্ধার করেন কর্মকর্তারা। প্রতিটি সোনার বারের ওজন ১০ তোলা। উদ্ধার করা স্বর্ণ চট্টগ্রাম বিমানবন্দরের শুল্ক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।