আড়াইহাজারে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় রাস্তা সংস্কারের জন্য মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকায় আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী গ্রামের আফসার উদ্দিন ভূঁইয়ার বাড়ি থেকে একই গ্রামের খানবাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার পর্যন্ত কাঁচা সড়কে মাটিভরাটের জন্য উপজেলা পরিষদ এক লাখ টাকা বরাদ্দ দেয়। এ কাজের দায়িত্ব দেওয়া হয় ঠিকাদার ইসহাককে। আজ সকালে ঠিকাদার ইসহাকের লোকজন পার্শ্ববর্তী খেত থেকে মাটি কেটে সড়ক ভরাট করতে গেলে বাধা দেয় একই এলাকার শাহাদাত উল্লাহ। এ সময় ঠিকাদারের লোকজনের সঙ্গে শাহাদাতের লোকজনের বাগবিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতি হয়। পরে তা সংঘর্ষে রূপ নিলে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহত ব্যক্তিদের মধ্যে আলাউদ্দিন ও আমির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ ব্যাপারে শাহাদাত উল্লাহের দাবি, ঠিকাদার ইসহাক তাঁদের কিছু না জানিয়ে খেত থেকে মাটি কেটে সড়ক নির্মাণ করছিলেন। অন্য ক্ষেত্রে চেয়ে তাঁদের খেত থেকে বেশি মাটি কাটা হচ্ছিল বলে তিনি দাবি করেন।ঠিকাদার ইসহাক মিয়া জানান, সড়কের পাশের খেত থেকে মাটি কাটতে গেলে শাহাদাত ও তাঁর লোকজন তাঁদের ওপর হামলা চালায় এবং মারধর করে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত।