আণবিক শক্তি সংস্থার প্রতিনিধিদল তেহরানে
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার উদ্দেশ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) একটি দল দেশটির রাজধানী তেহরান পৌঁছেছে। আজ বৃহস্পতিবার সংস্থাটির সহকারী মহাপরিচালক হারম্যান নাকায়ের্টসের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদলটি তেহরান পৌঁছায়। তবে প্রতিনিধিদলকে পারচিন সামরিক ঘাঁটিতে যেতে দেওয়া হবে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ইরানের একটি বার্তা সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানায়, এখনো পর্যন্ত তদন্ত দলটির জন্য পরমাণু স্থাপনা পরিদর্শনের ব্যাপারে ইরানের পক্ষ থেকে কোনো ধরনের কর্মসূচি ঘোষণা করা হয়নি। তবে গত আগস্টের পর ইরানি কর্মকর্তাদের সঙ্গে আইএইএর কোনো দলের এটাই হবে প্রথম আলোচনা। এ বৈঠকে আইএইএর প্রতিনিধিরা ইরানের পরমাণু কর্মসূচিতে জড়িত কর্মকর্তাদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবেন। এ সমঝোতার মাধ্যমে তাঁরা পারচিনের একটি সামরিক ঘাঁটি ও আরও কয়েকটি স্থান পরিদর্শনে যেতে চান। এ ঘাঁটির মাধ্যমে ইরান তার পরমাণু কর্মসূচি এগিয়ে নিতে চায় বলে অভিযোগ রয়েছে। প্রতিনিধিদলের সদস্যদের বিশ্বাস, পারচিনের সামরিক ঘাঁটিতে যে বোমার বিস্ফোরণ ঘটানো হয়, তাতে পারমাণবিক বোমা পরীক্ষার উপকরণ থাকতে পারে। তবে ইরান পরমাণু কর্মসূচির মাধ্যমে সামরিক কোনো পদক্ষেপ চালানোর অভিযোগ অস্বীকার করেছে।