আতঙ্ক, বিনিয়োগকারীদের ব্যাপক বিক্ষোভ
শেয়ারবাজারে নজিরবিহীন দরপতনে আতঙ্কিত বিনিয়োগকারীরা গতকাল বুধবার দেশের প্রধান প্রধান বিভাগীয় শহরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছেন। তবে সবচেয়ে বড় বিক্ষোভটি হয়েছে রাজধানীতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কার্যালয়ের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, লেনদেন শুরুর কয়েক মিনিটের মধ্যেই শেয়ারবাজারের মূল্যসূচকে বড় ধরনের দরপতন ঘটতে শুরু করে। টানা দুই দিন দরপতনের পর গতকাল বড় ধরনের ধসের আশঙ্কায় বিনিয়োগকারীরা লেনদেন ছেড়ে দলে দলে রাস্তায় নেমে আসেন। একপর্যায়ে কয়েক হাজার বিনিয়োগকারী জড়ো হয়ে ডিএসইর সামনে মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়কটি অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এ সময় তাঁরা বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও ডিএসইর কর্তাব্যক্তিদের বিরুদ্ধে স্লোগান দেন। বিনিয়োগকারীদের দাবি, এসইসির পর পর নেওয়া দুটি নির্দেশনার কারণেই বাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। বিক্ষোভকালে ডিএসইর সামনের সড়কটি প্রায় দুই ঘণ্টার জন্য অবরোধ করে রাখেন বিনিয়োগকারীরা। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। ফলে রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজট। পরে পুলিশ এসে বিনিয়োগকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে চাইলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। এতে কয়েকজন বিনিয়োগকারী গুরুতর আহত হন। গতকাল সকালে লেনদেন শুরুর এক ঘণ্টার মধ্যেই ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪১৯ পয়েন্ট কমে। এর মাত্র ১৫ মিনিটের মধ্যে সাধারণ সূচক সাড়ে ৫০০ পয়েন্ট কমে যায়। এর আগে এত বেশি সূচক পতনের ঘটনা আর কখনো ঘটেনি। ফলে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের মাত্রাও ছিল অনেক বেশি।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা দুপুর ১২টার পরপরই ডিএসইর সামনের সড়কে জড়ো হতে শুরু করেন। এ সময় সূচক পতনের হারের সঙ্গে সঙ্গে বিক্ষোভের মাত্রাও বাড়তে থাকে। একপর্যায়ে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে দেন। এ সময় কয়েকজন বিক্ষোভকারী ডিএসইর মূল ভবনে ঢোকার চেষ্টা করেন। কিন্তু ঢুকতে না পেরে সেখানে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এর কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের ধাওয়া করে। এ সময় বেশ কিছু বিনিয়োগকারী ডিএসই কার্যালয়ের পাশে সমবায় ভবনের ভেতরে আশ্রয় নিলে পুলিশ সেখানেই তাঁদের লাটিপেটা করে। আবার বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটে। পরে বেলা সোয়া একটার দিকে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা আবারও জড়ো হয়ে ডিএসইর সামনে রাস্তায় বসে পড়লে পুলিশ তাঁদের সরানোর চেষ্টা করলে শুরু হয় চরম বাগিবতণ্ডা। এরই মধ্যে কয়েকজন পুলিশ সদস্যকে টেলিফোনে তাঁদের নিজেদের বিনিয়োগ কোষ বা পোর্টফোলিওর খবর নিতে দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ সদস্য বলেন, ‘ভাই, বিক্ষোভ দমন করব কি, এই মাত্র খবর পেলাম আমার নিজের পোর্টফোলিওতে এক লাখ টাকা নাই হয়ে গেছে।’ বেলা দুইটার দিকে ডিএসই কর্মকর্তারা বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় বসতে চাইলে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে ডিএসইর মূল ভবনের সামনে অবস্থান নেন। বেলা সোয়া দুইটায় ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা কয়েকজন বিনিয়োগকারীর সঙ্গে আলোচনায় বসেন। আলোচনা শেষে ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জহুরুল আলম সাংবাদিকদের বলেন, ‘আমরা বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগগুলো শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’ বিনিয়োগকারী সাজ্জাদ, জনি, মনির, রাজু ও আবদুল আলীম জানান, হঠাৎ করে সাধারণ সূচক ৫০০ পয়েন্টের বেশি কমে যাওয়ায় তাঁদের পোর্টফোলিও অর্ধেকে নেমে আসে। এ কারণে তাঁরা বিক্ষোভ করতে বাধ্য হয়েছেন। তাঁরা বলেন, বাজারকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত। ঘন ঘন হস্তক্ষেপ করা ঠিক নয়।বিক্ষোভে অংশ নেওয়া তিতুমীর কলেজের এক ছাত্রলীগের নেতা বলেন, বাজার পতনের দায় সরকারকে নিতে হবে। কারণ সরকার রাষ্ট্রায়ত্ত কোম্পানির শেয়ার ছাড়ার বারবার ঘোষণা দিলেও আজ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। নিজের দলীয় সরকারের ওপর দায় চাপাচ্ছেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘লোকসান করলে টাকা তো আর দল দেবে না। নিজের টাকায় বিনিয়োগ করি। সমালোচনা করতে ভয় পাই না।’ পরবর্তী সময়ে এসইসি নির্দেশনা দুটি প্রত্যাহার করেছে—এমন খবরে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসে।