আতঙ্ক এড়িয়ে প্রাণচঞ্চল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগে তারুণ্যের সমাগম বেড়ে গেছে আবার। জেগে উঠেছে প্রজন্ম চত্বর। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে জামায়াত-শিবিরের তাণ্ডবের পর গতকাল শুক্রবার বিকেল থেকেই প্রজন্ম চত্বরে আসতে থাকেন প্রতিবাদীরা। সন্ধ্যার আগেই আবার স্লোগানে স্লোগানে দৃপ্ত হয়ে ওঠে প্রজন্ম চত্বর। তবে স্বাধীনতাবিরোধীদের তাণ্ডবের আতঙ্ক স্পর্শ করেনি একুশের বইমেলাকে। বরাবরের মতো বিকেল থেকেই গ্রন্থানুরাগীদের সমাগমে ভরে ওঠে মেলা প্রাঙ্গণ।বিক্রেতারা জানালেন, একুশের পর সাধারণত প্রকৃত ক্রেতারাই মেলায় আসেন। অধিকাংশ প্রকাশনীর উল্লেখযোগ্য বইগুলো এর মধ্যেই মেলায় চলে আসে। বাণিজ্যিক বইমেলা আলাদা হওয়া উচিত: মেলার মাঠে গতকাল কথা হলো কবি হাবিবুল্লাহ সিরাজীর সঙ্গে। মেলা সম্পর্কে তাঁর অভিমত, এবার একাডেমী কেবল প্রকাশকদের নিয়ে মেলার আয়োজন করেছে। এই মেলার সঙ্গে জড়িয়ে আছে মহান একুশের চেতনা। মেলায় প্রকাশক, বিক্রেতা সবাইকে অংশ নিতে দেওয়া উচিত এবং এক সপ্তাহের বেশি এই মেলা হওয়া উচিত নয়। এই মেলার পাশাপাশি শুধু বাণিজ্যিক উদ্দেশ্যে একটি আলাদা বইমেলা হওয়াও দরকার। সেটি করবে প্রকাশকদের গিল্ড; যেমন কলকাতা পুস্তক মেলা হয়ে থাকে। এবার মেলায় কবি হাবিবুল্লাহ সিরাজীর অনূদিত জালাল উদ্দীন রুমীর কবিতার বই মৌলানার মন এসেছে মুক্তচিন্তা থেকে। এ ছাড়া বেঙ্গল পাবলিশার্স থেকে এসেছে তাঁর কবিতার বই পশ্চিমের গুপ্তচর ও নান্দনিক থেকে শিশুতোষ কানাকানি।সংগীত প্রতিযোগিতা: সকাল নয়টা থেকে মেলায় ছিল শিশু প্রহর। মেলামঞ্চে দিনের কার্যক্রমের শুরুতেই ছিল শিশু-কিশোরদের সংগীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। বিকেল চারটায় আলোচনা পর্বে ছিল ‘স্বামী বিবেকানন্দ ও বাংলা সাহিত্য’ শীর্ষক আলোচনা। প্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দ আবুল মকসুদ। আলোচনা করেন নিরঞ্জন অধিকারী ও নুরুল করিম। সভাপতিত্ব করেন আমিনুল ইসলাম। সৈয়দ আবুল মকসুদ বলেন, স্বামী বিবেকানন্দ ছিলেন এক মহান ধর্ম ও সমাজ সংস্কারক এবং মানবতাবাদী দার্শনিক। আজও তাঁর চিন্তার প্রাসঙ্গিকতা প্রবলভাবে অনুভূত হচ্ছে।সন্ধ্যায় ছিল মামুনুর রশীদের পরিচালনায় আরণ্যক নাট্যদল এবং শুভাশীষ সিন্হার পরিচালনায় মণিপুরি সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান।নগরায়ণ ও নগর সরকার: প্রথমার স্টলে গতকাল এসেছে তোফায়েল আহমেদ ও বিধান চন্দ্র পালের নগরায়ণ ও নগর সরকার: বাংলাদেশের সিটি করপোরেশন বইটি। সমকালীন বিশ্বে নগরের বিস্তৃতি ও ব্যাপকতা একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। বাংলাদেশের নগরায়ণ, নগর শাসন ও নগর সরকারে আধুনিকতার পরিবর্তে একধরনের আদিমতার আগ্রাসন চলে আসছে, যা নগরকে ‘ইট, বালু ও সিমেন্টের-জঙ্গলে’ পরিণত করেছে। বাংলাদেশের নগরায়ণ ও নগর শাসন বিষয়ে তথ্যবহুল এই গ্রন্থটি লেখা হয়েছে প্রাণবন্ত ভাষায়। নতুন বই: গতকাল ১৬৮টি নতুন বই এসেছে মেলায়। উল্লেখযোগ্য নতুন বইগুলোর মধ্যে রয়েছে সূচিপত্র থেকে কবি আবুল হোসেনের স্মৃতিকথা অপরাহ্নের স্মৃতি, পাঠসূত্র থেকে মুহাম্মদ হাবিবুর রহমানের প্রবন্ধ মানুষের মন ও আবদুল মতিনের আমার এনজিও দর্শন, বিভাস থেকে নির্মলেন্দু গুণের কাব্য নিশিকাব্য, অনুপম থেকে মোরশেদ শফিউল হাসানের প্রবন্ধ বুদ্ধিমুক্তির দায় ও দায়িত্ব, সাহিত্যদেশ থেকে শামিমা আক্তারের গবেষণা বাংলাদেশে ভাসানী ন্যাপের রাজনীতি, ঐতিহ্য থেকে শাহাদুজ্জামানের সাক্ষাৎকার দূরগামী কথার ভেতর। অনন্যা থেকে ডা. সজল আশফাকের চিকিৎসাবিষয়ক ওষুধ পথ্যি ডাক্তার বদ্যি ও অন্যপ্রকাশ থেকে সাত অসুখের সাতকাহন। অনন্যা থেকে এসেছে মুনতাসীর মামুনের ইতিহাসবিষয়ক ঢাকার সেই সব বিখ্যাত মানুষ। জাগৃতি থেকে দন্ত্যস রওশনের অনুকাব্য লালবত্তি ও শুভ্র থেকে গল্প আয়শার হাতিগুলো। মুক্তধারা থেকে বরেন চক্রবর্তীর কবিতা বৃষ্টিভেজা রোদ ও একাকী দুজন। অয়ন থেকে আনজীর লিটনের গল্প রঙের পুকুর। উৎস প্রকাশ থেকে ফরিদা হোসেনের স্মৃতিচারণা নয়ন তোমায় পায় না দেখিতে। মিজান পাবলিশার্স থেকে এম এ ওয়াহিদের উপন্যাস জন্মই আজন্ম অপরাধ। কাওসার রহমানের ডাইনি বুড়ি ও জীবন ইসলামের অরক্ষিত জীবন মেলায় এনেছে মৃদুল প্রকাশন।আজ: আজ শনিবারও সকাল নয়টা থেকেই খোলা থাকবে মেলা। সাড়ে ১০টায় মেলামঞ্চে হবে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, সাধারণ জ্ঞান, উপস্থিত বক্তৃতা ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। বিকেলে আলোচনা হবে ‘আমীর হোসেন চৌধুরী ও প্রজেশ কুমার রায়’কে নিয়ে।