আতঙ্ক ছড়াতে সিএ ভবনের নিচে বোমাসদৃশ বস্তু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজারে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) ভবনের নিচ থেকে গতকাল দুপুরে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা বস্তু পরীক্ষার পর দেখা যায়, তা বোমা নয়।গতকাল বেলা তিনটার দিকে অজ্ঞাতনামা ব্যক্তি সিএ ভবনে প্রথম আলোর কার্যালয়ে ফোন করে জানান, ভবনের নিচে পার্কিংয়ে রাখা গাড়ির নিচে বোমা পেতে রাখা আছে। সত্যতা যাচাইয়ের জন্য নিরাপত্তাকর্মীরা পার্কিংয়ে গিয়ে দেখেন, বোমার মতো দেখতে স্কচটেপ মোড়ানো লাল রঙের একটি বস্তু এক গাড়ির নিচে মাটিতে রাখা আছে। বিষয়টি তেজগাঁও থানা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে জানানো হয়। গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল এসে বস্তুটি উদ্ধার করে। পরে তেজগাঁও থানায় নিয়ে তা পরীক্ষা করা হয়।গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ছানোয়ার হোসেন বলেন, প্রায় ২০০ গ্রাম ওজনের বস্তুটি গোলাকৃতি কাগজের পুঁটলির মতো লাল স্কচটেপে মোড়ানো। ভেতরে একটি প্লাস্টিকের ব্যাটারি, তার ও সুইচ আছে। সঙ্গে ১১টি খামে চিঠি রাখা। তিনি জানান, এগুলো বোমা নয়, কেউ আতঙ্ক সৃষ্টির জন্য এসব ফেলে রাখে। এর আগে তিন নেতার মাজারের পাশ থেকে একই ধরনের বস্তু উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।প্রথম আলোর পক্ষ থেকে এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।