আতঙ্ক ছড়ানোর চেষ্টা জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যা ছয়টা। রাজধানীর কারওয়ান বাজার এলাকা। রাস্তায় গাড়ি চলছে, চারদিকে মানুষের ভিড়। হঠাত্ই বিস্ফোরণের শব্দ। সার্ক ফোয়ারার দিক থেকে ককটেল ফাটাতে ফাটাতে আসছেন কয়েকজন যুবক। সিগন্যাল খোলা পেয়েও থেমে গেল গাড়িগুলো। সশব্দে বন্ধ হয়ে গেল আশপাশের দোকানের শাটার আর ভবনগুলোর দরজা। দায়িত্বরত পুলিশের সদস্যরা ছুটে গিয়ে ফাঁকা গুলি ছোড়া শুরু করলেন। গলির ভেতর ঢুকে পড়েন খোঁচা খোঁচা দাড়িওয়ালা যুবকের দল। এক মিনিটের মধ্যে ঘটে গেল এত কিছু। শুধু কারওয়ান বাজারে নয়, যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিবাদে জামায়াতের হরতাল ডাকার দুই ঘণ্টার মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে এ রকম ঘটনা ঘটতে শুরু করে। দুরুদুরু বুকে অফিস থেকে বাসায় ফেরেন নগরবাসী।যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, যাত্রাবাড়ীতে ভাঙচুরের অভিযোগে স্থানীয় লোকজন জামায়াত-শিবিরের তিনজন কর্মীকে পুলিশে সোপর্দ করেছে। তাঁদের মধ্যে শিবিরের মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মুইনুদ্দীন মৃধা গণধোলাইয়ের শিকার হয়েছেন। তবে শিবিরের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুবলীগের কর্মীরা মুইনুদ্দীনকে মারপিট করে গুরুতর আহত করেছেন।সকালে জামায়াত-শিবিরের পূর্বনির্ধারিত মিছিল-সমাবেশকে কেন্দ্র করে মতিঝিল এলাকার লোকজন ছিলেন শঙ্কা আর উদ্বেগে। এর আগের সোমবারই (২৮ জানুয়ারি) মতিঝিল এলাকায় নির্বিচারে গাড়ি ভাঙচুর করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে না হতেই আজ সোমবার বেলা একটার দিকে ঘোষণা আসে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কাল মঙ্গলবার রায় ঘোষণা করা হবে। এর পরই বিকেল চারটার দিকে হরতাল ঘোষণা করে জামায়াত।মঙ্গলবারের রায়কে কেন্দ্র করে আগে থেকেই নাশকতার আশঙ্কা করছে ঢাকা মহানগর পুলিশ। হরতাল ঘোষণার পর আরেকবার নড়েচড়ে বসে তারা।ঢাকা মহানগর পুলিশ কমিশনারের মুখপাত্র মনিরুল ইসলাম বলেন, হরতাল ঘোষণা রাজনৈতিক কর্মসূচি। রাজনৈতিক বক্তব্যের বিষয়ে পুলিশের কোনো বক্তব্য নেই। কেউ কোনো ফৌজদারি অপরাধ করলে বা করার চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, গত বছরের ৫ নভেম্বর থেকে নাশকতা তৈরির চেষ্টা হয়েছে বিভিন্ন সময়। পুলিশ এগুলো অবহিত আছে এবং অনেক চেষ্টা বৃথা করে দিয়েছে।পুলিশ কর্মকর্তারা জানান, কাল মঙ্গলবার হাইকোর্ট এলাকায় থাকবে কড়া নিরাপত্তা। পুলিশের সবগুলো সংস্থার লোকদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ থাকবে। থাকবেন গোয়েন্দা সদস্যরা। গুরুত্বপূর্ণ জায়গায় ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা পর্যবেক্ষণ করবেন। থাকবে সাঁজোয়া গাড়ি, জলকামানসহ দাঙ্গা দমনের উপকরণ। রাত থেকেই সতর্ক প্রহরায় থাকবে পুলিশ।