শেষ কবে গাছপাকা ফল খেয়েছেন, তা ভুলেই গেছেন পুরান ঢাকার বনগ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন। পরিবারের জন্য বাজার থেকে ফল কেনেন জানিয়ে তিনি আফসোসের সঙ্গে বলেন, ‘জানি, বেশির ভাগ ফল রাসায়নিক দিয়ে পাকানো হয়। সব জেনেশুনেও সন্তানকে মৌসুমের মিষ্টি ফল থেকে বঞ্চিত করতে ইচ্ছা করে না।’আনোয়ার হোসেনের মতো দেশের অনেকেই ফলমূলে রাসায়নিকের ব্যবহার নিয়ে উদ্বিগ্ন। প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, দেশে প্রাকৃতিকভাবে ফল পাকানো কমে যাচ্ছে। কীভাবে ফল পাকানো হচ্ছে, তা নিয়ে মানুষের মধ্যে রয়েছে আতঙ্ক, আছে ধোঁয়াশা। ইথেফন ও ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো ফলের পুষ্টিমান কমে যাচ্ছে। অন্যদিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।ফল ও খাদ্যে রাসায়নিকের ব্যবহার নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলোর তদারকির অভাব রয়েছে। বিশুদ্ধ খাদ্য নিশ্চিত করতে পিওর ফুড অর্ডিন্যান্স, ২০০৫ থাকলেও তা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না। উচ্চ আদালত থেকে দেশের প্রতিটি জেলায় একটি করে পরীক্ষাগার ও খাদ্য আদালত প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হলেও প্রায় দুই বছরেও তা বাস্তবায়ন করা হয়নি।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ফল পাকাতে রাসায়নিকের ব্যবহার সম্প্রতি বেড়েছে। বিষয়টি কৃষি মন্ত্রণালয়ের নজরে আসায় এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বৈধ রাসায়নিকের তালিকা প্রচার ও অবৈধগুলোর ক্ষতিকর দিক কৃষকের কাছে প্রচার করার উদ্যোগ নেওয়া হবে।আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বিজ্ঞানী এস কে রায় বলেন, ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো ফল খেলে ক্যানসারের ঝুঁকি থাকায় বিশ্ব খাদ্য কর্মসূচি রাসায়নিকটি খাদ্যে ব্যবহার নিষিদ্ধ করেছে। কার্বাইড দিয়ে পাকানো ফল খেলে ডায়রিয়া, হজমে সমস্যা, চর্মরোগ, মস্তিষ্কের খিঁচুনি, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্ট হতে পারে। দীর্ঘদিন ধরে কার্বাইড দেওয়া ফল খেলে লিভার ও কিডনির সমস্যা হতে পারে; বিশেষ করে, গর্ভবতী মা ও শিশুর জন্য তা বেশ ক্ষতিকারক।প্রথম আলোর অনুসন্ধান: দেশের ছয়টি ফল সরবরাহকারী জেলায় ফলমূলে রাসায়নিকের প্রয়োগ নিয়ে খোঁজ করা হয়েছে। রাজধানীর আটটি বাজার থেকে ফল কিনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও বাংলাদেশ খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের পরীক্ষাগারে ৩১টি ফলের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সাতটিতে ইথেফন পাওয়া গেছে, তবে তা মানবদেহের জন্য ক্ষতিকর পর্যায়ের নিচে রয়েছে। দুটি আম ও তিনটি কলার নমুনায় ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানোর প্রমাণ পাওয়া গেছে।পরীক্ষার এ ফলাফল রসায়নবিদদের কাছে উপস্থাপন করলে তাঁরা বলেছেন, দেশে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হওয়ায় ফল পাকানোতে রাসায়নিকের ব্যবহার বাড়ছে। তবে বৈধ রাসায়নিক ব্যবহূত হচ্ছে কি না, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি আলতাফ হোসেন বলেন, ফল পাকানোয় রাসায়নিকের ব্যবহার নিয়ে আতঙ্ক না ছড়িয়ে সাবধান হতে হবে। নিয়ম মেনে ফলমূলে রাসায়নিকের ব্যবহারের ব্যাপারে সরকারি দপ্তরগুলোর দ্রুত উদ্যোগ নেওয়া উচিত।‘বিষমুক্ত’ দোকানও নিরাপদ নয়: বিষ দিয়ে পাকানো হচ্ছে—এ প্রচারণায় ভোক্তাদের মধ্যে ফল কেনা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। অনেক ব্যবসায়ী এ সুযোগে বেশি দামে ‘বিষমুক্ত আম’ বিক্রিতে নেমেছেন।রাজধানীর কলাবাগান মাঠের ‘বিষমুক্ত আমের’ দোকান থেকে আমের নমুনা নিয়ে খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটে পরীক্ষা করিয়েছে প্রথম আলো। তাতে ক্যালসিয়াম কার্বাইডের অবশেষ পাওয়া গেছে সহনীয় মাত্রার চেয়ে বেশি।কারওয়ান বাজারের হানিফ ফল ভান্ডারের মালিক আবু হানিফ জানান, ধানমন্ডি, কলাবাগানসহ বেশ কিছু বিষমুক্ত ফলের দোকানের কর্মচারীরা প্রতিদিন ভোরবেলা কারওয়ান বাজার থেকে আম কিনে নিয়ে যান। কারওয়ান বাজারে দেশের বিভিন্ন এলাকা থেকে রাসায়নিক দেওয়া আম আসে প্রতিদিন।ফল ও খাদ্যে নিষিদ্ধ ক্যালসিয়াম কার্বাইড ও ফরমালিনের ব্যবহার নিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে যাওয়া রসায়নবিদদের পরীক্ষাপদ্ধতি নিয়েও রসায়নবিদেরা প্রশ্ন তুলেছেন।গত মে মাসে উচ্চ আদালতের এক আদেশের মাধ্যমে ক্যালসিয়াম কার্বাইড, ফরমালিন ও রাসায়নিকের প্রয়োগ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু ফল পাকাতে ইথেফন ব্যবহারের অনুমোদন আছে কৃষি মন্ত্রণালয়ের। ফল গাছে থাকা অবস্থায় ইথেফন ব্যবহারের নির্দেশনা থাকলেও বেশির ভাগ ক্ষেত্রে তা মানা হচ্ছে না। কাঁচা ফল গাছ থেকে পেড়ে তা ইথেফন দিয়ে পাকানো হচ্ছে।পুষ্টিমান কমে যায়: বাংলাদেশ খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের একাধিক গবেষণায় দেখা গেছে, ক্যালসিয়াম কার্বাইড ও ইথেফন দিয়ে পাকালে ফলের পুষ্টিমান কমে যায়। এতে শুধু চিনির পরিমাণ বাড়ে। একদম কাঁচা অবস্থায় পেড়ে তা রাসায়নিক দিয়ে পাকালে তাতে এসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। দেখা দিতে পারে বিষক্রিয়া।২০০৬ ও ২০০৮ সালে আমে তিন ধরনের রাসায়নিকের ব্যবহারের প্রভাব নিয়ে খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট দুটি গবেষণা করে। তাতে দেখা গেছে, প্রাকৃতিকভাবে পাকানো আমের তুলনায় ইথেফন দিয়ে পাকানো আমের রাসায়নিক উপাদান ও পুষ্টিমান ২০ থেকে ৩০ শতাংশ কম। ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো ফলে পুষ্টিমান কমে ৪০ শতাংশ।সঠিকভাবে পরীক্ষা করতে হবে: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলতাফ হোসেন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালত সঠিক পদ্ধতি অনুসরণ না করেই তাৎক্ষণিকভাবে ফল পরীক্ষা করে তাতে রাসায়নিক আছে বলে মতামত দিচ্ছেন। এটা ঠিক হচ্ছে না।ফলে ক্যালসিয়াম কার্বাইড আছে কি না, তা নিশ্চিত হতে হলে ন্যূনতম দুটি গবেষণাগারে পরীক্ষা করাতে হয়। এ মতামত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, নাগরিকদের জন্য নিরাপদ ফল ও খাদ্য নিশ্চিত করার দায়িত্ব কোনো একটি নির্দিষ্ট সংস্থাকে দিতে হবে। দায়িত্বপ্রাপ্ত সংস্থাটি বিভিন্ন বাজার থেকে ফল কিনে তা নিয়মিত পরীক্ষা করবে। রসায়নবিদ ও কৃষি বিশেষজ্ঞদের সমন্বয়ে তৈরি একটি বোর্ড এ ফলাফল বিবেচনায় এনে সরকারকে পরামর্শ দেবে।খাদ্য আদালতের খবর নেই: নাগরিক সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের মে মাসে বিচারপতি খায়রুল হক (সাবেক প্রধান বিচারপতি) এক নির্দেশে সরকারকে প্রতিটি জেলায় একটি খাদ্য আদালত ও পরীক্ষাগার তৈরি করতে বলেন। ওই নির্দেশ বাস্তবায়নে দুই বছর সময়সীমা বেঁধে দেওয়া হয়। তবে এ ব্যাপারে এখনো কাজ শুরু হয়নি।১৯৫৯ সালে জারি করা এবং ২০০৫ সালে সংশোধিত পিওর ফুড অর্ডিন্যান্স অনুযায়ী, প্রতিটি সিটি করপোরেশনে একটি বিশুদ্ধ খাদ্য আদালত প্রতিষ্ঠার কথা বলা আছে। দোকান, হোটেল ও রেস্তোরাঁয় বিশুদ্ধ খাবার পরিবেশন করা না হলে এই আদালত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন।খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা সিটি করপোরেশনে একটি খাদ্য আদালত থাকলেও তার কার্যক্রম নিয়মিত নয়। অন্যান্য সিটি করপোরেশনে এই আদালত স্থাপিত হয়নি। জেলা পর্যায়ে স্যানিটেশন কর্মকর্তারা আইন বাস্তবায়নে কাজ করেন। তবে তাঁদের কাজ হোটেল-রেস্তোরাঁয় অভিযান পরিচালনার মধ্যে সীমাবদ্ধ।বৈধ-অবৈধের দোলাচল: উচ্চ আদালত ফলে ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার নিষিদ্ধ করেছেন। শিল্প-কারখানার কাঁচামাল ও ঝালাইয়ের কাজে ক্যালসিয়াম কার্বাইড ব্যবহূত হয়। ভারত, চীনসহ বিভিন্ন দেশ থেকে ক্যালসিয়াম কার্বাইড আমদানি করা হয়।বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা গেছে, ২০১০ সালের জুন থেকে চলতি বছর জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে ৯৪ মেট্রিক টন ক্যালসিয়াম কার্বাইড আমদানি হয়েছে।এ ছাড়া চোরাই পথে ভারত ও মিয়ানমার থেকে প্রতিবছর বিপুল পরিমাণ ক্যালসিয়াম কার্বাইড আসে বলে অভিযোগ আছে। প্রতি কেজি ক্যালসিয়াম কার্বাইড পাইকারি বাজারে ৪০ থেকে ৫০ টাকা এবং খুচরা বাজারে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়। দাম খুব বেশি না হওয়ায় ফল ব্যবসায়ী ও চাষিরা তা ব্যবহার করছেন।হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের চেয়ারম্যান আইনজীবী মনজিল মোরসেদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, সরকার উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী প্রতিটি জেলায় পরীক্ষাগার ও খাদ্য আদালত প্রতিষ্ঠা করলে খাদ্যে রাসায়নিকের ব্যবহার কমে আসত।