আতঙ্ক সৃষ্টির কারণে বাসে এবার যাত্রী কম: যোগাযোগমন্ত্রী
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, আতঙ্ক সৃষ্টির কারণে এবার বাসযাত্রী কম। গতকাল রোববার গাবতলী বাস টার্মিনালে গিয়ে মন্ত্রী এ কথা বলেন। কে বা কারা আতঙ্ক সৃষ্টি করেছে, তা জানতে চাইলে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সেটি আপনারাই ভালো জানেন।’ তবে কমলাপুর রেলস্টেশনে গিয়ে মন্ত্রী গণমাধ্যমকেই দোষারোপ করেন।মন্ত্রী আরও বলেন, এবার লম্বা ছুটি। অনেকেই আগেই বাড়ি চলে গেছেন। বিআরটিসির ২৮০ থেকে ৩০০টি বিশেষ বাস প্রতিদিন সেবা দিচ্ছে। সেসব বাসের ভাড়াও তুলনামূলক কম। টিকিটের কোনো অভাব নেই।সড়ক-মহাসড়কের দুরবস্থা সম্পর্কে যোগাযোগমন্ত্রী বলেন, ‘আজকালের মধ্যে সব ঠিক হয়ে যাবে। গণমাধ্যম, সুশীল সমাজসহ সবাই দ্রুত সড়ক ঠিক করার বিষয়ে আমাকে সহায়তা করেছে।’সকালে যোগাযোগমন্ত্রী কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে যান। আধা ঘণ্টার স্টেশন পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে সড়ক বিভাগের সচিব মোজাম্মেল হক খান, রেলওয়ে বিভাগের সচিব ইবাদত আলী, রেলের মহাপরিচালক আবু তাহেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। যোগাযোগমন্ত্রী রেলের বর্তমান নির্ধারিত সময়সূচির হেরফেরের মূল কারণ ইঞ্জিন-সংকট বলে উল্লেখ করেন।