প্রথম আলোর গোলটেবিল বৈঠকে বক্তারা
আতঙ্কিত না হয়ে শেয়ারবাজারের ওপর আস্থা রাখার পরামর্শ
আতঙ্কিত না হয়ে বিনিয়োগকারীদের শেয়ারবাজারের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে কোনো ধরনের গুজবে কান না দিয়ে ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ারে বিনিয়োগ করার পরামর্শ দেন তাঁরা। এ ছাড়া বাজারে যেকোনো ধরনের কারসাজির ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে আরও বেশি তত্পর হওয়ারও পরামর্শ দেওয়া হয়।আজ বুধবার প্রথম আলোর কার্যালয়ে অনুষ্ঠিত ‘শেয়ারবাজার কোন পথে’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এমন পরামর্শ দেন শেয়ারবাজার-বিশেষজ্ঞরা। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ বি মীর্জ্জা আজিজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মনজুর ইলাহী, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, ডিএসইর সাবেক প্রধান নির্বাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ, ডিএসইর প্রেসিডেন্ট শাকিল রিজভী ও মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মর্তুজা আহমেদ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম। তাঁকে সহযোগিতা করেন প্রথম আলোর যুগ্ম বার্তা সম্পাদক ও বিজনেস এডিটর শওকত হোসেন মাসুম।