আতঙ্কে তিন গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুন নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা, তিরাইল ও তালুকদারপাড়া গ্রামের প্রায় পাঁচ হাজার গ্রামবাসী। প্রতি বছরই গভীর রাতে গ্রামের খড়ের পালাগুলোতে এই আগুন লাগার ঘটনা ঘটে আসছে। উপজেলা শহর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে ঘটে চলেছে এ ঘটনা।সরেজমিনে গেলে ওই তিন গ্রামের মানুষেরা জানায়, গভীর রাতে দুর্বৃত্তেরা গ্রামবাসীদের মধ্যে এই আতঙ্কের সৃষ্টি করে চলেছে। সর্বশেষ ৪ মার্চ তালুকদারপাড়া গ্রামের আটটি খড়ের পালায় এই আগুন লাগার ঘটনা ঘটে। এতে গ্রামের কৃষকদের প্রায় এক লাখ টাকার খড় পুড়ে যায়। অনুরূপভাবে গত বছরের একই মাসে এই আগুনের সূত্রপাত ঘটে ১০টি খড়ের পালায়। ওই এলাকার সড়ক যোগাযোগ ভালো হলেও রাতের বেলা সপ্তাহে এক দিনও টহল পুলিশের প্রবেশ ঘটে না।বিশ্বা গ্রামের পল্লিচিকিত্সক আপন সরকার, বুলু সরকার, তিরাইল গ্রামের সাইফুল ইসলাম, রতন সরকার এবং তালুকদারপাড়া গ্রামের গীরেন্দ্র তালুকদার ও অমৃত তালুকদার জানান, গ্রামের মানুষেরা যখন ঘুমিয়ে পড়ে, তখন রাত একটা-দুইটার মধ্যে গ্রামের খড়ের পালাগুলোতে দুর্বৃত্তেরা আগুন ধরিয়ে দেয়। তাঁদের মতে, প্রায় ছয় বছর আগে এমন ঘটনার সৃষ্টি হতো। এরপর পুলিশি তত্পরতায় তা বন্ধ হয়। কিন্তু গত দুই বছর ধরে এ কর্মকাণ্ড আবার শুরু হয়েছে। বাড়ির পাশে এসব খড়ের পালায় আগুন ধরিয়ে দিলেও গ্রামের মানুষ আতঙ্কে ঘর হতে বের হতে পারে না।গ্রামবাসীদের মধ্যে আবুল কাশেম, মকবুল হোসেন, অনীল তালুকদার ও নয়ন সরকার জানান, তাঁদের গ্রামগুলোতে বেশির ভাগ জোতদার শ্রেণীর কৃষক বাস করেন। আর বিগত প্রায় সাত-আট বছর আগে এসব গ্রামে চলত ডাকাতি। ওই সময়ে ডাকাতেরা আগুন ধরিয়ে দিলে গ্রামের লোকজন ছুটে আসতো আগুন নেভাতে। আর এ সময়ে ডাকাতেরা বিভিন্ন বাড়িতে ডাকাতি কর্মকাণ্ড চালাত। বর্তমানে অপরাধীদের একই ধরনের ঘটনায় গ্রামবাসীর মধ্যে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাঁরা স্থানীয় থানা পুলিশকে তাঁদের আতঙ্কের এ ঘটনা জানিয়েও কোনো উপকার পাচ্ছেন না। তাঁরা দাবি করেন, রাতে যদি তাঁদের এলাকায় পুলিশি টহল দল আসে, তাহলে অপরাধীদের এই অপতত্পরতা বন্ধ হতে পারে।ওই সব গ্রামের মহিলাদের মধ্যে পূর্ণিমা সরকার, পারুল খাতুন, শুভারানী সরকার ও সুফিয়া খাতুন জানান, ভবিষ্যতে যদি দুর্বৃত্তেরা খড়ের পালার পরিবর্তে বাড়িতে আগুন ধরিয়ে দেয়, তাহলে তাঁদের পরিবার-পরিজন নিয়ে পুড়ে মরতে হবে। এ কারণে তাঁদের সারা রাত দুশ্চিন্তায় কাটে।ঘটনা প্রসঙ্গে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মোস্তফা কামাল জানান, তিনি ঘটনা অবগত হওয়ার পর ইউনিয়নের গ্রাম-পুলিশদের পাশাপাশি সংশ্লিষ্ট ওয়ার্ডের জনপ্রতিনিধিকে নির্দেশ দিয়েছেন, কারা ওই অপতত্পরতার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করতে।প্রসঙ্গ নিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, তিনি স্থানীয় লোকদের মাধ্যমে সমস্যা জানতে পেরেছেন। এ জন্য ওই এলাকায় পুলিশি তত্পরতা বাড়ানো হয়েছে। তা ছাড়া যারা ওই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করতে পুলিশি গোয়েন্দা তত্পরতা বাড়ানো হয়েছে।