আতঙ্কে বাদী হতে চাইছে না পরিবার, তদন্তও এগোয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীত ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছোট ভাই আহমেদ মিরাজ হত্যার ঘটনায় আতঙ্কে মামলার বাদী হতে চাইছে না পরিবার। খিলক্ষেত থানার পুলিশও মামলা করেনি। এ কারণে গত শনিবার দিবাগত রাত একটার দিকে মিরাজের লাশ উদ্ধার হলেও গতকাল সোমবার রাত পর্যন্ত মামলা হয়নি।এদিকে এই হত্যাকাণ্ডের তদন্তও কার্যত এগোচ্ছে না। কারা ও কেন এই হত্যাকাণ্ড ঘটাল, সে বিষয়ে পুলিশ গতকাল পর্যন্ত কিছু জানতে পারেনি। তবে পুলিশের দাবি, তারা তদন্ত শুরু করেছে এবং তিনটি বিষয় সামনে রেখে এগোচ্ছে।পরিবার জানিয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েছে এই হত্যা মামলায় পরিবারের কেউ বাদী হবেন না। রাষ্ট্র বাদী হয়ে মামলা করবে। আহমেদ ইমতিয়াজের ভাগনে আনোয়ারুল আজিম গতকাল প্রথম আলোকে বলেন, ‘মামার (আহমেদ ইমতিয়াজ) সিদ্ধান্ত, পরিবারের কেউ মামলার বাদী হবেন না। কারণ, জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ পর্যায়ে খুন হলেন মিরাজ মামা। এই মামলার বাদী হলে আরও কারও প্রাণ যেতে পারে।’এক পথচারীর কাছ থেকে খবর পেয়ে খিলক্ষেত থানার পুলিশ শনিবার রাত একটার পর নিকুঞ্জ-১ সংলগ্ন কুড়িল উড়ালসেতুর নিচে রেললাইনের পাশ থেকে মিরাজের রক্তাক্ত লাশ উদ্ধার করে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুৎফুল কবির বলেন, মামলায় পরিবারের কেউ বাদী হবেন না, তা পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়নি। জানলে পুলিশ বাদী হয়ে মামলা করত। হত্যা-রহস্য উদ্ঘাটনের জন্য মামলা হওয়া জরুরি। তিনি বলেন, মামলা না হলেও পুলিশ তিনটি সম্ভাব্য কারণ সামনে রেখে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। গোলাম আযমের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে আহমেদ ইমতিয়াজের ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া কিংবা মিরাজের ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা সামনে রেখে গতকাল তদন্ত শুরু হয়েছে। এ ছাড়া হত্যার পেছনে নিহতের পরিচিতজনেরা জড়িত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।দুপুরে সংগীত ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজের মগবাজারের বাসার সামনে পুলিশের পাহারা দেখা যায়। আহমেদ ইমতিয়াজের সঙ্গে কথা বলতে চাইলে স্বজনেরা জানান, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন না। তাঁর পক্ষ হয়ে তাঁর ভাগনে আনোয়ারুল আজিম বলেন, ‘ছোট মামার হত্যাকাণ্ডের খবর শোনার পর শনিবার রাত ও রোববার রাতে ঘুমাননি মামা (আহমেদ ইমতিয়াজ)। খাওয়া-দাওয়াও করছেন না। শোকে পাথর হয়ে গেছেন।’আনোয়ারুল বলেন, ‘সরকারের পক্ষ থেকে কেউ সান্ত্বনা জানাতে না আসায় মামা (আহমেদ ইমতিয়াজ) খুব মর্মাহত ও হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তবে সংগীত অঙ্গনের অনেকেই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। রোববার রাতে গোয়েন্দা পুলিশ বাসায় এসে হত্যাকাণ্ড নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছে।’ তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় তাঁরা সুনির্দিষ্টভাবে কারও নাম বলেননি। কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা-ও তাঁরা জানেন না। পুলিশ আন্তরিক হলেই খুনের কারণ উদ্ঘাটন করা সম্ভব।ওই বাসায় নিরাপত্তার দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ জমাদ্দার জানান, সকাল থেকে আহমেদ ইমতিয়াজের নিরাপত্তায় আট ঘণ্টা করে তিন পালায় পুলিশ দায়িত্ব পালন করবে।খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন রাত পৌনে নয়টার দিকে জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পুলিশ বাদী হয়ে মামলা করবে।