আতঙ্কে সীমান্তের মানুষ
সন্ধ্যা হলেই আতঙ্ক বাড়ে বগুড়ার শেরপুর, সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ এবং নাটোরের সিংড়া উপজেলার সীমান্তবর্তী গ্রামবাসীদের মধ্যে। প্রাণের ভয়ে এসব এলাকার অনেককেই উপজেলা শহরে এসে পরিবার-পরিজন নিয়ে রাত্রিযাপন করতে হয়। এ আতঙ্ক চলছে গত দেড়-দুই যুগ ধরে। এলাকাবাসী মনে করে, এসব গ্রামে বিদ্যুত্সংযোগ এবং স্থায়ী পুলিশক্যাম্প স্থাপন করা হলে অবস্থার উন্নতি হবে। সম্প্র্রতি সরেজমিনে জানা যায়, ওই সীমান্তবর্তী মানুষের জীবন নিয়ে নিরাপত্তাহীনতার কথা। নিরাপত্তার কারণে কষ্টের কথা বলতে গিয়ে তারা কেউ নাম-পরিচয় প্রকাশেও সম্মত হয়নি। উল্লিখিত চার উপজেলার মিলনস্থল শেরপুরের রানীরহাট বাজার। এ রানীরহাটকে ঘিরেই এক মাস ধরে চরমপন্থীদের আনাগোনা শুরু হয়েছে। বিশেষ করে চার উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে চরমপন্থী সংগঠনের লোকজনের আনাগোনা ক্রমেই বাড়ছে। রানীরহাট বাজার এলাকায় ব্যবসা করা সীমান্তবর্তী চার উপজেলার একাধিক ব্যবসায়ী জানান, তাড়াশ উপজেলার কোলামূলা, বড়ইচরা, রোকনপুর, কুন্দাশন, জন্তীপুর, গাবরগাড়ী, মানিকচাপড়, রায়গঞ্জের ধামাইনগর, সিংড়া উপজেলার নিশ্চিন্তপুর, দুর্গাপুর ও ক্ষীরপোতা এবং শেরপুর উপজেলার হাসাগাড়ী, সিরাজনগর, দেওড়াপাড়া, নয়লাপাড়া, আমবাড়িয়া, বিশালপুর, করিমপুর, উদগ্রাম ও গোয়ালবিশ্বা গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ চরমপন্থীদের পদচারণায় শঙ্কিত হয়ে পড়েছে।ব্যবসায়ীদের মধ্যে কেউ কেউ জানান, তাড়াশের তালোম ও দেশীগ্রাম, রায়গঞ্জের ধামাইনগর, শেরপুর উপজেলার বিশালপুর ও ভবানীপুর ইউনিয়নের সীমান্তবর্তী রানীরহাট, পাঁচ দেউলি, সিমলা, গোয়ালবিশ্বা এবং সিংড়ার সুকাশ ও ডাহিয়া ইউনিয়নের জামতৈলহাটসহ বেশ কয়েকটি গ্রামে সম্প্রতি চরমপন্থী দলের সদস্যরা অবস্থান করছে বলে তাঁরা শুনছেন। এ কারণেই তাঁদের আতঙ্ক আরও বেড়েছে। তাঁদের অভিযোগ, এখান থেকে থানা, পুলিশস্টেশনগুলোর দূরত্ব কমপক্ষে ২০ থেকে ২৫ কিলোমিটার। ফলে দুর্বৃত্তরা অপরাধ ঘটিয়ে নির্বিঘ্নে পার পেয়ে যায়।উপজেলার ভবানীপুর বাজারের এক ব্যক্তি নাম না-প্রকাশ করার শর্তে জানান, ২০০৫ সালের আগস্ট মাসে সন্ধ্যায় চরমপন্থী সংগঠনের (পূর্ব বাংলার সর্বহারা পার্টি) সশস্ত্র সদস্যরা ভবানীপুর বাজার ঘেরাও করে এক সমাবেশ করে। ওই সময় তাদের সহযোগিতা করার জন্য গ্রামবাসীদের নির্দেশ দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।রানীরহাট বাজরের ব্যবসায়ী এবং তাড়াশের কুন্দাশন ও কোলামূলা গ্রামের বাসিন্দা এমন কয়েকজন জানান, সম্প্রতি রানীরহাট বাজার থেকে তাড়াশ, শেরপুর ও সিংড়া উপজেলা রোডে মোটর সাইকেল, সিএনজি ও নগদ টাকা ছিনতাই বেড়ে গেছে। অথচ ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মৃত্যুর ভয়ে মুখ ফুটে কিছু বলার সাহস পাচ্ছে না। সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দারা অভিযোগ করে, আগে এলাকায় ওই চার থানা পুলিশ যেভাবে টহল দিত, তা এখন কমে গেছে। ফলে জনগণের মধ্যে আতঙ্ক বেড়েছে। ভয়ে এখন এলাকার অনেক অবস্থাসম্পন্ন মানুষ শেরপুর অথবা রায়গঞ্জ উপজেলা শহরে রাত্রিযাপন করছে। রানীরহাট বাজারের দুজন ওষুধ ব্যবসায়ী ও দুজন হোটেল ব্যবসায়ী জানান, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী মো. নাসিম এই এলাকায় পুলিশক্যাম্প স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আবার গত সংসদ নির্বাচনেও একই প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান বিজয়ীরা। কিন্তু সেই প্রতিশ্রুতির আজও প্রতিফলন ঘটেনি। তাঁরা দাবি করেন, এসব সীমান্তবর্তী গ্রামে বিদ্যুত্সংযোগ এবং রানীরহাট এলাকায় স্থায়ী পুলিশক্যাম্প স্থাপন করা হলে সাধারণ মানুষের আতঙ্ক কমবে।শেরপুরের বিশালপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম রাফিউল ইসলাম জানান, উপজেলার সীমান্তবর্তী বিশালপুর ইউনিয়নের রানীরহাটে একটি পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন করা হলে সাধারণ মানুষের ভয় কমত। সাধারণ ব্যবসায়ীরা নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারত।শেরপুর থানা পুলিশ পরিদর্শক (ওসি) আমিরুল ইসলাম জানান, ১৯ জানুয়ারি রানীরহাট বাজারে এক আইন-শৃঙ্খলা সভায় ওই সীমান্তবর্তী গ্রামের মানুষ তাদের সমস্যার কথা তুলে ধরে। সম্প্র্রতি শেরপুরের ওই সব সীমান্তবর্তী এলাকায় দুর্বৃত্তদের আনাগোনা বাড়ায় রাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। তবে শেরপুর থানার পাশাপাশি সিংড়া, রায়গঞ্জ ও তাড়াশ থানায় পুলিশের টহলব্যবস্থা জোরদার করা দরকার বলে তিনি মত প্রকাশ করেন।