আতঙ্কের নাম ‘শিট কাটার মেশিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যখন মেশিন চালু হয়, তখন মনে হয় মহল্লায় বুঝি ভূমিকম্প হচ্ছে। থরথর করে বাসাবাড়ি কেঁপে ওঠে। কখন বাসাবাড়ি ভেঙে পড়ে, এই আতঙ্কে সারা দিন কাটে।’ বলছিলেন নারিন্দার বেগমগঞ্জ লেনের বাসিন্দা নূর হোসেন।তাঁর মতো এই মহল্লার অনেক বাসিন্দাই ভবন ভেঙে পড়ার আতঙ্কে দিনাতিপাত করছেন। কারণ বেগমগঞ্জ লেনে (ধোলাইখাল নতুন সড়ক) রয়েছে কাজল শিট কাটিং সেন্টার নামের একটি শিট কাটার মেশিনের (লোহার পাত কাটার যন্ত্র) কারখানা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চালু থাকে দানব আকৃতির এই মেশিনগুলো। আর যখন শিট কাটার মেশিন দিয়ে ভারী লোহার শিট (পাত) কাটা হয়, তখন দুম দুম আওয়াজ করে পুরো মহল্লা কেঁপে ওঠে।ঘুরে দেখা গেছে, মেশিন থেকে সৃষ্ট কম্পনের কারণে অনেক ভবনের দেয়ালে ও ছাদের ভেতরের দিকে ফাটল ধরেছে। ছাদের ভেতরের দিকের পলেস্তারা খসে মাস কয়েক আগে মহল্লার নাজমুল হোসেন নামের এক যুবক আহত হয়েছেন।বেগমগঞ্জ লেনের বাসিন্দা স্বপ্না বেগম জানান, মেশিনের বিকট শব্দে শিশুরা সব সময় ভয়ের মধ্যে থাকে। শিশুদের পড়াশোনার ক্ষতি হয়। দিনের বেলা শিশুরা ঘুমাতে পারে না। সিলিংয়ের পলেস্তারা খসে পড়তে পড়তে ঝুঁকির মধ্যে রয়েছে এমন ভবনের বাসিন্দা তারা মিয়া বলেন, ‘এই এলাকায় শিট কাটার মেশিন চালু হওয়ার পর থেকেই প্রতিদিন একটু একটু করে ছাদের আস্তর খসে পড়ছে। কখন যেন পুরো বাড়িটাই পড়ে যায়, সেই ভয়ের মধ্যে রয়েছি।’খোঁজ নিয়ে জানা যায়, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে চলছে কাজল শিট কাটিং কারখানার কাজ। শুরু থেকেই বেগমগঞ্জ লেনবাসী এর বিরোধিতা করে আসছে। আবাসিক এলাকার ভেতরে এমন কারখানা সরানোর ব্যাপারে পরিবেশ অধিদপ্তরে এলাকাবাসী বেশ কয়েকবার অভিযোগপত্র দিয়েছে। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বেগমগঞ্জ লেন থেকে কাজল শিট কাটিং সেন্টারে কারখানা সরিয়ে নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তর তিনবার নোটিশ পাঠিয়েছে, কিন্তু সেই নোটিশের তোয়াক্কা করছে না কারখানা কর্তৃপক্ষ। এ বিষয়ে কাজল শিট কাটিং সেন্টারের ম্যানেজার আলী ফয়সালের সঙ্গে কথা হলে তিনি দাবি করেন, বেগমগঞ্জ লেনের অধিকাংশ ভবনই পুরোনো, এমনিতেই সেগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। শিট কাটার মেশিনের জন্য ভবনের তেমন কোনো ক্ষতি হচ্ছে না বলে তিনি জানান। পরিবেশ অধিদপ্তরের নোটিশের ব্যাপারে তিনি কোনো কথা বলতে রাজি হননি। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বাস্তবায়ন) মুনীর চৌধুরী জানান, বেগমগঞ্জবাসীর অভিযোগের সত্যতার পরিপ্রেক্ষিতে কাজল শিট কাটিং সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আবাসিক এলাকা থেকে কারখানাটি সরিয়ে নেওয়ার জন্য পর পর তিনবার নোটিশ দেওয়া হয়েছে। ওই নোটিশকে চ্যালেঞ্জ করে কাজল শিট কাটিং সেন্টার বন ও পরিবেশ মন্ত্রণালয়ে আবেদন করেছে। এর সুরাহার বিষয়টি এখন মন্ত্রণালয়ের হাতে।