আতর-টুপি-তসবি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সারা বছর আমরা রমজান মাসের জন্য অপেক্ষা করে থাকি। সারা বছর যা বেচি, এই এক মাসে তার চেয়ে বেশি বেচাকেনা হয়। এখন বেচাকেনা শুরু হইব, চলব ঈদ পর্যন্ত।’ বলছিলেন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে আতর-টুপির দোকানি আব্বাসউদ্দিন আহমেদ।রমজান মাস আসার দিন কয়েক বাকি। এ মাস সামনে রেখে নগরে জমে উঠতে শুরু করেছে আতর, টুপি, তসবি আর মেসওয়াকের বাজার। মৌসুমি হকাররা এখন নামাজ শিক্ষার বই বেচাবিক্রি করছেন নগরের বাস ও ফুটপাতে। এ মাস উপলক্ষে নগরের অভিজাত বিপণিবিতানের সুগন্ধি, জায়নামাজ, টুপি ব্যবসায়ীরা এখন নড়েচড়ে বসছেন। পাইকারি বাজার থেকে পর্যাপ্ত পণ্য এনে প্রস্তুত হচ্ছেন তাঁরা। অন্যদিকে পাড়া-মহল্লার মসজিদের পাশেও চট বিছিয়ে টুপি, মেসওয়াক নিয়ে বসে যাচ্ছেন কেউ কেউ।চকবাজার মসজিদ মার্কেটের ব্যবসায়ী মকবুল হোসেন জানান, সারা বছর তিনি টুপি, জায়নামাজ, আতরের পাইকারি ব্যবসা করেন। তবে রমজান মাসে খুচরা বেচাকেনাও করেন। তাঁর কাছে থাকা গোল টুপির দাম ৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। মশারির কাপড়ের (নেট) টুপির দাম পাঁচ থেকে ২০ টাকা। সোনালি সুতায় কাজ করা এক হাজার টাকা দামের টুপিও আছে তাঁর কাছে। দেশি আতর এক শিশি ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত। রমজান মাসে আতরের দাম আরও বাড়তে পারে বলে জানান মকবুল হোসেন।বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকের সামনে দেখা গেছে টুপি, আতর, তসবি, জায়নামাজ, মেসওয়াক বেচাবিক্রি হচ্ছে। গুলিস্তান এলাকায় বেশ কয়েকজন ভ্রাম্যমাণ হকার টুপি বিক্রি করছিলেন। আল আমিন হোসেন নামের এক হকার জানান, শুধু রমজান মাস এলেই তাঁরা টুপি বিক্রি করেন। তাঁর কাছে ১০ থেকে ৫০ টাকা দামের টুপি আছে। এখন প্রতিদিন ৮০ থেকে ৯০টি টুপি বিক্রি হচ্ছে।