আতশবাজির কারখানায় আগুনের ঘটনায় আটক ৭
ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি আতশবাজির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। তাঁরা কারখানার অপারেটর বলে পুলিশ জানায়। তামিলনাড়ু পুলিশের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আটক হওয়া ওই সাতজনের বিরুদ্ধে মানবহত্যার অভিযোগ আনা হয়েছ।গতকাল বুধবার দুপুরে ওই কারাখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫২ জনের প্রাণহানি ঘটে। আহত হয় ৫০ জন। আগুনে ক্ষতিগ্রস্ত কারখানাটির নাম ‘ওম শিবশক্তি’। কারখানাটি তামিলনাড়ুর শিবাকাশি এলাকায় অবস্থিত। ঘটনার সময় সেখানে মোট ৩০০ লোক কাজ করছিলেন। এই শহরে আতশবাজি তৈরির ৭০০টি কারখানা রয়েছে। ভারতের ৯০ শতাংশ আতশবাজি তৈরি হয় এখানে।বিরুধুনগর জেলার পুলিশ সুপার নাজমুল হুদা বিবিসিকে বলেন, নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে গত মঙ্গলবার কারখানাটির লাইসেন্স বাতিল করা হয়েছিল। গতকাল এখানে কাজ বন্ধ থাকার কথা ছিল। এ ঘটনার পর কারখানার মালিক পালিয়ে গেছেন।গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে হঠাত্ কারখানাটির একটি ঘরে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। এতে কারখানার ৪০টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।