আতাউর রহমান কায়সারকে পারিবারিক কবরস্থানে দাফন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সারের তিন দফা জানাজা হয়েছে। আজ রোববার সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আনোয়ারা কলেজ মাঠে প্রথম, তৈলার দ্বীপ এরশাদ উল্লাহ উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় এবং বিকেলে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর নগরের চন্দনপুরা পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।জানাজায় স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন, নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস, মেয়র মোহাম্মদ মন্জুর আলম, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংসদ মোশাররফ হোসেন, আখতারুজ্জামান চৌধুরী, নুরুল ইসলাম বিএসসি, মাইন উদ্দিন খান বাদল, বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলাম আতাউর রহমান খান কায়সারকে একজন কীর্তিমান মানুষ হিসেবে অভিহিত করেন। আগামী বৃহস্পতিবার মরহুমের চন্দনপুরার বাসায় কুলখানি অনুষ্ঠিত হবে।