আতাউস সামাদ আর নেই
নিভে গেল সাংবাদিকতায় বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র। গতকাল মঙ্গলবার রাত নয়টা ২৫ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করলেন আতাউস সামাদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বহু মাধ্যমেই কাজ করেছেন তিনি। তবে দেশের গণমানুষের কাছে তাঁর পরিচয় ছিল ‘বিবিসির আতাউস সামাদ’। বিশেষত নব্বইয়ের গণ-আন্দোলনের সময় বিবিসি থেকে প্রচারিত তাঁর কণ্ঠের খবর দেশেবাসীর কাছে বস্তুনিষ্ঠ হিসেবে গভীর আস্থা অর্জন করেছিল।রাতে অ্যাপোলো হাসপাতালের হিমঘরেই মরদেহ রাখা হয়েছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা হবে। এরপর তাঁকে আনা হবে জাতীয় প্রেসক্লাবে। বেলা তিনটায় সেখানে দ্বিতীয় জানাজার পর আজিমপুর কবরস্থানে আনা হবে। দাফন করা হবে তাঁর বাবার কবরে।সাংবাদিক আতাউস সামাদের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেন। রাত সাড়ে আটটায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া হাসপাতালে যান এবং প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করে তাঁর চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন। রাত নয়টা নাগদ তিনি হাসপাতাল ত্যাগ করেন। পরে এক শোকবার্তায় তিনি বলেন, ‘আতাউস সামাদ বাংলাদেশের স্বাধীকার ও স্বাধীনতা আন্দোলনে একজন কলম-সৈনিকের ভূমিকা পালন করেছেন। দেশপ্রেমিক সাংবাদিক হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণমানুষের স্বার্থের পক্ষে বলিষ্ঠভাবে দাঁড়িয়েছিলেন।’ তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।আতাউস সামাদের মৃত্যুসংবাদ পেয়ে রাত ১০টা নাগাদ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ বিশিষ্টজনেরা হাসপাতালে এসে তাঁর প্রতি শ্রদ্ধা জানান।দৈনিক আমার দেশ-এর উপদেষ্টা সম্পাদক ও কলাম লেখক আতাউস সামাদ বেশ কিছুদিন ধরে হূদেরাগ ও কিডনির সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ায় তাঁকে গত রোববার হাসপাতালে ভর্তি করা হয়। অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকেরা প্রথমে তাঁকে সিঙ্গাপুরে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন। কিন্তু অবস্থা বেশি খারাপ হওয়ায় তাঁরা সময় ক্ষেপণের ঝুঁকি নেননি।পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার আকস্মিকভাবে তাঁর শরীরের বাঁ পাশ অবশ হয়ে আসে। সন্ধ্যায় তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সোমবার সন্ধ্যা সাতটা থেকে রাত তিনটা পর্যন্ত টানা হূদ্যন্ত্রে অস্ত্রোপচার (ভাসকিউলার সার্জারি) করা হয়। মঙ্গলবার বেলা দুইটায় দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করে বাঁ পা অপসারণ করা হয়। এর পর থেকেই তাঁর অবস্থার অবনতি ঘটতে থাকে। গতকাল বুধবার থেকে তাঁর কিডনি কাজ করছিল না। পুরো শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তাঁকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখা হয়েছিল।চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে রাত নয়টা ২৫ মিনিটে তিনি না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন, আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির নেতা বরকতউল্লা বুলু, সাংবাদিক শফিক রেহমান, শওকত মাহমুদসহ অনেকেই হাসপাতালে ছুটে আসেন শ্রদ্ধা জানাতে। জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।প্রথিতযশা এই সাংবাদিক ১৯৩৭ সালের ১৬ নভেম্বর কিশোরগঞ্জ জেলার সাতদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আবদুস সামাদ ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন।আতাউস সামাদ ১৯৫৭ সালে ছাত্রাবস্থায় সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত হন। কর্মজীবনে তিনি পাকিস্তান অবজারভার ও বাংলাদেশ অবজারভার, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বিবিসিসহ দেশের ও দেশের বাইরের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। ১৯৭২ থেকে ’৭৬ সাল পর্যন্ত তিনি বাসসের বিশেষ সংবাদদাতা হিসেবে নয়াদিল্লিতে দায়িত্ব পালন করেন। তিনি সাপ্তাহিক এখন-এর সম্পাদক ও প্রকাশক ছিলেন। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখতেন।আতাউস সামাদ ১৯৬৯ ও ১৯৭০ সালে ইস্ট পাকিস্তান ইউনিয়ন অব জার্নালিস্টের (ইপিইউজে) নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। এরশাদ সরকার ১৯৮৭ সালে তাঁকে কারাগারে পাঠায়। ওই সময় বিবিসিতে তাঁর প্রতিবেদন সারা দেশের গণতন্ত্র ও মুক্তিকামী মানুষের কাছে বহুল আলোচিত ছিল। মুক্তিযুদ্ধ চলাকালেও আতাউস সামাদ সাহসিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে দীর্ঘকাল খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব্ব পালন করেন।সাংবাদিকতায় অবদানের জন্য ১৯৯২ সালে আতাউস সামাদ একুশে পদক পান।