আতিকুল হক চৌধুরী আর নেই
দেশের বিশিষ্ট নাট্যকার ও টেলিভিশন-ব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী আর নেই। প্রোস্টেট ক্যানসার, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত রোগে অনেক দিন থেকেই ভুগছিলেন তিনি। গতকাল সোমবার রাত নয়টা ৪৫ মিনিটে রাজধানীর শমরিতা হাসপাতালে ৮২ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ দেশ-বিদেশে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, অনেক দিন থেকেই তিনি শয্যাশায়ী ছিলেন। গত রোববার সকালে অবস্থার অবনতি হলে তাঁকে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁর অবস্থার ক্রমেই অবনতি ঘটতে থাকে। গত রাতে হাসপাতালের সামনে পরিবারের পক্ষ থেকে নাট্যজন মামুনুর রশীদ গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সকাল ১০টায় তাঁকে তাঁর শেষ কর্মস্থল কারওয়ান বাজারে একুশে টিভি কার্যালয়ে আনা হবে। এরপর বেলা ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সাড়ে ১২টা পর্যন্ত রাখা হবে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হবে জানাজা। জানাজা শেষে তাঁকে নেওয়া হবে তাঁর দীর্ঘকালের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন কার্যালয়ে। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে অন্তিম শয়ানে শায়িত করা হবে।আতিকুল হক চৌধুরীর মৃত্যুর খবরে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। অনেকেই হাসপাতালে ছুটে যান তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে। তাঁদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রবীণ অভিনয়শিল্পী দম্পতি সৈয়দ হাসান ইমাম-লায়লা হাসান ও আফজাল হোসেন। আরও ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ।তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সৈয়দ হাসান ইমাম বলেন, ‘তিনি নাট্যকার হিসেবে যেমন ছিলেন খুব বড় মাপের, তেমনি ব্যক্তিগত জীবনেও ছিলেন অত্যন্ত ভালো মানুষ। তাঁর অভাব পূরণ হবার নয়।’ সংক্ষিপ্ত জীবন: আতিকুল হক চৌধুরীর জন্ম ভোলায়, মামাবাড়িতে ১৯৩১ সালের ১৫ ডিসেম্বর। তাঁর পৈতৃক নিবাস বরিশাল। ১৯৬০ সালে রেডিও পাকিস্তানে তিনি কর্মজীবন শুরু করেন। ১৯৬৬ সালে যোগ দেন টেলিভিশনে। ১৯৯০ সালে বিটিভির উপমহাপরিচলক হিসেবে অবসর নেন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে ১১ বছর খণ্ডকালীন শিক্ষকতা করেন। সর্বশেষ তিনি একুশে টিভিতে উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন।তাঁর উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে: দূরবীন দিয়ে দেখুন, নীলনকশার সন্ধানে, জলাশয় কত দূর, সুখের উপমা, বাবার কলম কোথায়, বৃষ্টিবালিকা ইত্যাদি। বাংলা একাডেমী পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জাতীয় টেলিভিশন পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন তিনি।