আতিকের দীর্ঘ ধারাবাহিক ‘জাদুর শহর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারই প্রথম দীর্ঘ ধারাবাহিক নাটক নির্মাণ করতে যাচ্ছেন নূরুল আলম আতিক। নাম জাদুর শহর। জানালেন, ধারাবাহিকটির শুটিং শুরু হবে এ মাসেই। নাটকটি যৌথভাবে লিখছেন নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুক। এ ছাড়া পাণ্ডুলিপি তৈরির দলে আছেন গোলাম রাব্বানী, প্রসূন রহমান, আনন্দ প্রমুখ। নাটকে অভিনয় করবেন ডলি জহুর নায়লা আজাদ নূপুর, আজিজুল হাকিম, মুনিরা মিঠু, মহিউদ্দিন বাহার, শিল্পী সরকার, মৌসুমী বিশ্বাস, আজরা, হিল্লোল, জ্যোতিকা জ্যোতি, দিহান, মাজনুন মিজানসহ আরও অনেকে। চরিত্র ও চরিত্রায়ণ সম্পর্কে আতিক বলেন, ‘আমাদের এই ধারাবাহিকের মূল চরিত্র হলো ঢাকা শহর ও শহরবাসী নানা ধরনের মানুষ। নিয়মিত অভিনয়শিল্পীদের বাইরে অসংখ্য চরিত্র রয়েছে, যার চরিত্রায়ণ করবেন ওই পেশা বা চরিত্রের সঙ্গে সরাসরি সম্পর্কিত কেউ।’ ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে থাকা ভিন্ন ভিন্ন স্তরের মানুষের বেঁচে থাকার নিজস্ব জাদু ও বাস্তবতা নিয়ে এ নাটকের গল্পের শাখা-প্রশাখা বিস্তৃত হবে। শহর নিয়ে দীর্ঘ ধারাবাহিক নির্মাণ প্রসঙ্গে আতিক বলেন, ‘আমাদের অডিওভিজ্যুয়ালে এই শহরের প্রতিফলন থাকে খুব কম, তাও অনেকটা ব্যাকড্রপ হিসেবে। জাদুর শহর নাটকে আমাদের চেষ্টা থাকবে এই ঢাকা শহরের সঙ্গে শহরবাসীর সম্পর্কটা রচনা করা, যাতে আমরা শহরটাকে নিজের করে নিতে পারি, ভালোবাসতে পারি।’ জাদুর শহর ধারাবাহিকের জন্য শিরোনাম-সংগীত লিখেছেন এনামুল করিম নির্ঝর। সংগীত করছে চিরকুট। চিরকুট ব্যন্ডকেও দেখা যাবে এই ধারাবাহিকে।:n: