আত্মগোপনে জামায়াত নেতারা, সংকটে ধর্মভিত্তিক দলগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক ছোট দলগুলো নানা কারণে সংকটে পড়েছে। এর মধ্যে মামলা ও পুলিশের তৎপরতার মুখে বেকায়দায় রয়েছে জামায়াতে ইসলামী। একই দশা মুফতি আমিনীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটও। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন এখন সদস্য সংগ্রহ কর্মসূচি দিয়ে আর ইসলামী ও সমমনা ১২ দল ওলামা মাশায়েখ সম্মেলনের প্রস্তুতির নামে কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা করছে। সংশ্লিষ্ট দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।ঈদুল আজহার আগে বিএনপির সঙ্গে রোডমার্চ কর্মসূচিতে যুক্ত হয়ে জামায়াত কর্মীদের কিছুদিন সক্রিয় রেখেছিল। এখন দলটি খালেদা জিয়ার নেতৃত্বে খুলনা ও চট্টগ্রামের রোডমার্চ কর্মসূচির অপেক্ষায় আছে। দলটির একটি সূত্র জানায়, পুলিশের অভিযানের মুখে দলটির পক্ষে এখন প্রকাশ্যে একক কর্মসূচি করা অসম্ভব উঠেছে। কারাগারের বাইরে থাকা জামায়াতের শীর্ষ নেতারা গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে আত্মগোপনে আছেন। সাংসদ হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমানসহ কয়েকজন নেতা জামিন পেয়েছেন।মামলা নিয়ে ব্যস্ত জামায়াত: নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একাধিক নেতা বলেছেন, মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গুরুত্বপূর্ণ নেতারা দলীয় কার্যালয়ে যাচ্ছেন না। ফলে বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় ও পুরানা পল্টনে ঢাকা মহানগর কার্যালয় বন্ধ আছে। ওই নেতারা জানান, এই মুহূর্তে জামায়াতের নীতিনির্ধারকেরা নেতাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে পুলিশের করা মামলা নিয়েই বেশি ব্যস্ত। উচ্চ আদালত থেকে জামিন পেলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন তাঁরা।জানতে চাইলে জামায়াতের ঢাকা মহানগর সেক্রেটারি ও সাংসদ হামিদুর রহমান আযাদ প্রথম আলোকে বলেন, ‘সরকার যেভাবে জুলুম-নির্যাতন চালাচ্ছে, তাতে এটাই বাস্তবতা। ওয়ারেন্ট ছাড়াই যেখানে সরকার লোকজন ধরে নিয়ে যায়, সেখানে ওয়ারেন্ট থাকলে কী হতে পারে।’গত ১৯ সেপ্টেম্বর কাকরাইলে বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে জামায়াত-শিবিরের কর্মীরা ব্যাপক সহিংসতা চালান। তাঁরা পুলিশের পিকআপ ভ্যানসহ অন্তত ১৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেন। ওই ঘটনায় পুলিশ দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামসহ তিন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করে। সহিংস ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে পুলিশ রমনা ও পল্টন থানায় পৃথক মামলায় দলটির কেন্দ্রীয় ও মহানগর কমিটির প্রায় সব নেতাকে আসামি করেছে। নিষ্ক্রিয় ইসলামী ঐক্যজোট: বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যতম শরিক ইসলামী ঐক্যজোট প্রায় সাত মাস ধরে কার্যত নিষ্ক্রিয়। সংগঠনের নেতারা দাবি করেন, তাঁরা ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে ধর্মীয় বিষয়ে ঘরোয়া কর্মসূচি পালন করছেন। আগামী ডিসেম্বর মাসে সংগঠনটি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুরে সাতটি ওলামা সম্মেলন করার পরিকল্পনা নিয়েছে। কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি ফয়েজুল্লাহ বলেন, ‘সম্মেলনে আলেমদের সামনে দেশের বর্তমান ধর্মীয় ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হবে। ইসলামী ঐক্যজোট গত ৪ এপ্রিল জাতীয় শিক্ষানীতি, নারীনীতি ও হাইকোর্টের দেওয়া ফতোয়াবিরোধী রায় বাতিলের দাবিতে সারা দেশে এক দিনের হরতাল কর্মসূচি পালন করে। এরপর পুলিশের কড়া নজরদারির মুখে অনেকটা ঘরবন্দী দিন কাটাচ্ছেন দলের আমির মুফতি ফজলুল হক আমিনী। তিনি একই সঙ্গে আইন বাস্তবায়ন কমিটিরও আমির।ইসলামী আন্দোলন: আগামী ডিসেম্বর পর্যন্ত মাঠে বড় কোনো কর্মসূচি নেই চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের। এ সময়টা সারা দেশে গণসংযোগ ও দলীয় সদস্য সংগ্রহ, তৃণমূলের কমিটি গঠন করবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে একাধিক সভা-সমাবেশে দলটির আমির সৈয়দ মো. রেজাউল করিম সরকারের বিরুদ্ধে অনৈসলামিক কর্মকাণ্ডের অভিযোগ এনে ‘ঢাকা অবরোধ’ ও টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ‘রোডমার্চ’ কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত মাসে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় পরামর্শ সভায় এ দুই কর্মসূচির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। অবশ্য দলটির মহাসচিব মাওলানা ইউনূছ আহমাদ প্রথম আলোর কাছে দাবি করেন, ‘ঢাকা অবরোধ ও রোডমার্চ কর্মসূচির ঘোষণার বিষয়টি আমাদের মাথায় আছে। তবে এখনই বলা যাচ্ছে না কবে, কখন হবে।’ সমমনা ১২ দল: ডিসেম্বরের আগে উল্লেখযোগ্য কোনো কর্মসূচি দিচ্ছে না ইসলামি ও সমমনা ১২ দল। সংগঠনের নেতারা জানান, বিশিষ্ট আলেমদের নিয়ে তাঁরা আগামী ১০ ডিসেম্বর ঢাকায় ওলামা মাশায়েখ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছেন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, ডিসেম্বরে জাতীয় সম্মেলন থেকে ধর্মীয় বিষয়ে সরকারের কাছে কিছু দাবি জানানো হবে। দাবি পূরণ না হলে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।সূত্র জানায়, ধর্মভিত্তিক আরও যেসব ছোট দল রয়েছে, রাজনৈতিক ময়দানে সেসব দলও প্রায় নিষ্ক্রিয়।