আত্মঘাতী বোমায় দুই মার্কিন সেনাসহ নিহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের পূর্বাঞ্চলে আজ শনিবার পৃথক দুটি আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে দুই মার্কিন সেনাসহ ১৪ জন নিহত ও ৫০ জন আহত হয়। রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।ওয়ারদাক প্রদেশের সাইদ আবাদ শহরে বিস্ফোরক বোঝাই ট্রাকে করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। ওয়ারদাকের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র শহীদুল্লাহ শহীদ জানান, ট্রাকে চালানো ওই বোমা হামলায় ১২ জন নিহত ও ৫০ জন আহত হয়। ন্যাটোর ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্স ফোর্সের (আইএসএএফ) মুখপাত্র দাবি করেন, হামলায় ন্যাটোর কেউ নিহত হয়নি। এদিকে স্থানীয় কর্মকর্তারা জানান, হামলায় আটজন বেসামরিক নাগরিক ও চারজন আফগান পুলিশ নিহত হয়েছে। আজ সকালে তালেবান জঙ্গিরা এই হামলার দায় স্বীকার করেছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলের গজনি প্রদেশে আরেকটি আত্মঘাতী বোমা হামলায় দুজন মার্কিন সেনা নিহত হন। ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্স ফোর্স (আইএসএএফ) এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে ন্যাটো সেনা প্রত্যাহার করার কথা।