আত্মঘাতী বোমায় সিরীয় প্রতিরক্ষামন্ত্রী নিহত (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাউদ রাজিহা। আজ বুধবার দেশটির রাজধানী দামেস্কের জাতীয় নিরাপত্তা ব্যুরোর সদর দপ্তরে চালানো হামলায় নিহত হন তিনি। হামলায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন পদস্থ কর্তাব্যক্তি। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিরাপত্তা ব্যুরোর সদর দপ্তরে কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তার বৈঠক চলাকালে হামলা হয়। ঘটনার পরপরই রাওদা শহরে অবস্থিত ওই ভবনের আশপাশের এলাকায় জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ‘জাতীয় নিরাপত্তা ভবন লক্ষ্য করে সন্ত্রাসীদের বোমা হামলায় প্রতিরক্ষামন্ত্রী শহীদ হয়েছেন।’প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাস্থলের আশেপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। তা ছাড়া সাংবাদিকদের প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।সিরিয়ার বিরোধী কর্মীরা জানিয়েছেন, দামেস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কয়েকটি এলাকায় সংঘর্ষ হয়েছে। তাঁদের দাবি, সরকার কয়েকটি জেলায় সাঁজোয়া যানসহ সেনা মোতায়েন করেছে। সরকারি বাহিনীর গোলাবর্ষণ ও সংঘর্ষে বেশ কয়েকজন নাগরিক নিহত হওয়ার খবরও জানান তাঁরা। সুসান আহমেদ নামে বিদ্রোহীদের এক নারী মুখপাত্র বিবিসিকে জানান, আজ সকালে থেকেই দামেস্ক শহরে লোকজনের প্রবেশ বন্ধ করা হয়। তিনি বলেন, ‘আমরা প্রতি মুহূর্তে দামেস্কের চারপাশে বিস্ফোরণের শব্দ শুনছি। বর্তমানে দামেস্কের আল-কাবুন জেলায় ট্যাংক থেকে গোলাবর্ষণ করছে সরকারি বাহিনী। তারা লোকজনকে গ্রেপ্তার, এমনকি হত্যাও করছে।’