আত্মঘাতী হামলার পথ থেকে নতুন জীবনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাঢ় বাদামি চোখ আর মনভোলানো হাসি। এই চেহারায় আর দশটা পাকিস্তানি তরুণের মতোই দেখায় গুল খানকে। দেখে কেউ বলবে না, কয়েক মাস আগে কোমরে আত্মঘাতী হামলার বিস্ফোরক বাঁধা অবস্থায় গ্রেপ্তার করা হয় ১৮ বছরের এই তরুণকে। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের কোহাট বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী হামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিয়ে ধ্বংসযজ্ঞ ঘটানোর আগেই ধরা পড়েন তিনি। পরে গুল খানের ঠাঁই হয় সেনাবাহিনী পরিচালিত একটি জঙ্গি পুনর্বাসনকেন্দ্রে। এখন নতুন জীবনের স্বপ্ন দেখছেন গুল। জঙ্গিবাদের বিরুদ্ধে সরব তাঁর কণ্ঠ।বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, গুলের মতো আরও অনেককে দলে ভেড়াচ্ছে পাকিস্তানি তালেবান। ইসলামের নাম ভাঙিয়ে তাঁদের প্ররোচিত করা হয় আত্মঘাতী হামলায়। কিন্তু পুনর্বাসনের পর তাঁদের অনেকেই স্বাভাবিক জীবনে ফিরেছেন। গুলের বাস উত্তর-পশ্চিম পাকিস্তানের তালেবান জঙ্গিপ্রবণ উপজাতি অধ্যুষিত এলাকায়। স্কুলছাত্র গুলের এক চাচাতো ভাই জঙ্গিদের সঙ্গে তাঁর যোগাযোগ করে দিয়েছিল। পরে তাঁকে প্রশিক্ষণের জন্য নেয় জঙ্গিরা। নারীশিক্ষা ইসলাম সমর্থন করে না—এ কথা বলে কোহাট বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী বোমা হামলায় প্ররোচিত করা হয়েছিল গুলকে। গ্রেপ্তারের পর গুলকে নেওয়া হয় জঙ্গিসংশ্লিষ্ট তরুণদের সংশোধনে সেনাবাহিনী পরিচালিত একটি পুনর্বাসনকেন্দ্রে। পাকিস্তানে এ ধরনের তিনটি পুনর্বাসনকেন্দ্র রয়েছে। কেন্দ্রগুলোর বাইরে কড়া নিরাপত্তাব্যবস্থা থাকলেও ভেতরের পরিবেশ একেবারেই আলাদা। নৈতিক শিক্ষার পাশাপাশি ওই কেন্দ্রগুলোতে কারিগরি প্রশিক্ষণও দেওয়া হয়। সেখানে আছে শ্রেণীকক্ষ, খেলাধুলার ব্যবস্থা, টিভি কক্ষ ও মসজিদ।পুনর্বাসনকেন্দ্রে কথা হয় গুলের সঙ্গে। তিনি বলেন, ‘জঙ্গিরা আমাদের বলত, ইসলামি শরিয়া অনুযায়ী পাকিস্তানের বর্তমান সরকারের বিরুদ্ধে জিহাদ করা বাধ্যতামূলক। আমি সবকিছু ভুলে তাদের বিশ্বাস করতে শুরু করি।’গুল জানান, প্রায় ১২ জনের সঙ্গে জঙ্গি প্রশিক্ষণে গিয়েছিলেন তিনি। এসব কর্মকাণ্ড সম্পর্কে তাঁর বাবা-মা কিছুই জানতেন না। কোহাট বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী বোমা হামলার আগে নিরাপত্তা বাহিনী তাঁর বাড়িতে অভিযান চালায়। আত্মঘাতী বোমা হামলার জ্যাকেটসহ গ্রেপ্তার হন গুল।গুল বলেন, প্রশিক্ষণের সময় জঙ্গিরা বলেছে, ‘বিশ্ববিদ্যালয়ে মেয়েরা শিক্ষিত হচ্ছে। এটা ইসলামবিরোধী। নারীরা লেখাপড়া শিখে ক্ষমতাসীন হলে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেবে। তখন ভাবি, ওই বিশ্ববিদ্যালয় উড়িয়ে দিলে আমি বেহেশতে যেতে পারব।’ পাকিস্তানি জঙ্গিরা তাদের স্বার্থ উদ্ধারে আত্মঘাতী বোমা হামলাকারীদের সফলভাবে ব্যবহার করে আসছে। ২০০২ সাল থেকে এখন পর্যন্ত দেশটিতে কয়েক শ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। সেনাবাহিনী পরিচালিত ওই পুনর্বাসন কেন্দ্রে গুলের সঙ্গে আরও ৩১ জন তরুণ আছেন। তাঁরা জানিয়েছেন, ইসলাম ও জিহাদের নাম ব্যবহার করে স্কুল, কলেজ ও মসজিদের বাইরে থেকে তালেবানরা তাঁদের জঙ্গি প্রশিক্ষণে নিয়ে গেছে। আফগানিস্তান ও ইরাকে মার্কিন আগ্রাসন ও পাকিস্তানের সীমান্ত এলাকায় মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলার কথা বলে জঙ্গিবাদে তাঁদের উত্সাহিত করা হয়েছিল। পরে উত্তর-পশ্চিম পাকিস্তানের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী। গুলের মতো আরেক তরুণ মোবারক আলী পুলিশের ভ্যান লক্ষ্য করে বোমা ছুড়েছিল। মোবারক জানান, কলেজের বাইরে এক রহস্যমানবের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। লম্বা চুলের মানুষটি তাঁর মোবাইল ফোনে চড়া সুরে ধর্মীয় সংগীত বাজাতেন। প্রতিদিন তাঁকে কলেজের সামনে দেখা যেত। তিনি কলেজের অন্য ছাত্রদের সঙ্গে কথা বলতেন। তাঁদের সঙ্গে বন্ধুত্ব করতেন। মোবারক বলেন, ‘আমিও তাঁর বন্ধু হয়ে যাই। তারপর ক্লাস শেষে তিনি আমার সঙ্গে হাঁটতেন। আমরা ইসলাম, ইরাক ও আফগানিস্তানে মার্কিন আগ্রাসন নিয়ে দীর্ঘ আলাপ করেছি। তিনি আমাকে প্রভাবিত করেছিলেন। মানুষকে প্রভাবিত করার কৌশল তাঁর জানা আছে। আমি তাঁকে বিশ্বাস করতে শুরু করি। তিনি বলতেন, জিহাদ করলে আমি বেহেশত পাব।’ ওই পুনর্বাসনকেন্দ্রে তরুণদের মানসিক সহায়তা দেওয়া হয়। সেখানে আছেন ধর্মীয় শিক্ষক। উগ্রবাদ প্রতিরোধে ওই শিক্ষকেরা ছাত্রদের নিয়মিত শিক্ষা দেন। আত্মঘাতী হামলা ও নিরীহ মানুষ হত্যা যে ইসলামবিরোধী, তা সেখানে শিক্ষা দেওয়া হয়। পুনর্বাসনকেন্দ্রে যাওয়ার পর গুল তাঁর ভুল বুঝতে পারেন। তিনি বলেন, ‘আমি আমার ভুল বুঝতে পেরেছি। আত্মঘাতী হামলা ইসলামবিরোধী।’ নারীশিক্ষার ব্যাপারেও গুলের দৃষ্টিভঙ্গি বদলেছে। গুল যে পুনর্বাসনকেন্দ্রে আছেন, সেটি পরিচালনাকারী সেনা কমান্ডার ব্রিগেডিয়ার ওয়ারিস বলেন, ‘নিরাপত্তা সংস্থাগুলো নিয়মিতভাবে জঙ্গিদের ষড়যন্ত্রগুলো উন্মোচন করছে। আমরা অনেককে গ্রেপ্তার করেছি। তবে গ্রেপ্তার হওয়া সবাইকে এই কেন্দ্রে আনা হয়নি। বিচার-বিশ্লেষণ করে যাদের অনুতপ্ত মনে হয়েছে, যারা সংশোধন হতে আগ্রহী, তাদেরই কেবল এখানে আনা হয়েছে।’ এই পুনর্বাসনকেন্দ্রের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন রাহিমউল্লাহ। এখন সফলভাবে ব্যবসা চালাচ্ছেন তিনি। নিজের বদলে যাওয়া জীবন সম্পর্কে রাহিমউল্লাহ বলেন, ‘ওই কেন্দ্রে সেলাইয়ের কাজ শিখেছি। এরপর একটি দর্জির দোকান খুলেছি। এখন আমি ব্যবসা আরও বাড়িয়েছি। একজন সহায়তাকারী নিয়োগ দিয়েছি। ভালোভাবেই চলছে ব্যবসা। প্রতি মাসে একটা ভালো পরিমাণ অর্থও উপার্জন করি।’ রাহিমউল্লাহ জানান, তাঁর সন্তানেরা যাতে কোনোদিন এই ভুল পথে না যেতে পারে, সে জন্য তিনি সচেতন। সেনা পরিচালিত পুনর্বাসনকেন্দ্র থেকে দুটি ব্যাচে প্রায় ৭১ জন শিক্ষার্থী ফিরে গেছেন তাঁদের নিজ নিজ সমাজে। পুনর্বাসনকেন্দ্র পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা বলেছেন, এই উদ্যোগের সফলতা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। এখানে আসা ব্যক্তিদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের কারিগরি ও আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে। এখান থেকে ছাড়া পাওয়া ব্যক্তিদের নজরদারিতে রাখা হচ্ছে।গুল জানান, তাঁর গ্রামে কোনো স্কুল নেই, হাসপাতাল নেই। নেই বিদ্যুত্। সেখানকার মানুষের মন ভেঙে গেছে। সেখানকার অধিবাসীদের ধারণা, সরকার তাদের জন্য কিছুই করছে না। তাই তারা জঙ্গিদের খপ্পরে পড়ছে। তাদের কথামতো আত্মঘাতী হচ্ছে। নতুন জীবনের স্বপ্নে বিভোর গুল বলেন, ‘পুনর্বাসনকেন্দ্র থেকে গ্রামে ফিরে গিয়ে আমি তরুণদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তাদের বোঝাব, সহিংসতার পথ পরিহার করা উচিত। তাদের উচিত নিজ নিজ পরিবারের পাশে থাকা; নিজের জীবনকে ভালোবাসা।’