আত্মপক্ষ সমর্থন করলেন সাবেক মন্ত্রী শাজাহান সিরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগ থেকে দায়মুক্তির জন্য সংসদীয় কমিটির সভায় উপস্থিত হয়ে নিজের অবস্থার ব্যাখ্যা করেছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী শাজাহান সিরাজ। বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে সাবেক এই মন্ত্রী আত্মপক্ষ সমর্থন করে নিজেকে নির্দোষ দাবি করেন।আজ রোববার কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় বাংলাদেশ জুট করপোরেশনের ১০ দশমিক ৪৫ একর জমি কম দামে বিক্রি করার অভিযোগে শাজাহান সিরাজকে কমিটির এই বৈঠকে ডাকা হয়। শাজাহান সিরাজ কমিটির বৈঠকে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন।কমিটির অভিযোগে বলা হয়েছে, সরকারের ওই জমির আনুমানিক দাম দুই কোটি ৬৭ লাখ টাকা। কিন্তু জোট সরকারের আমলে ওই জমি ৬৮ লাখ টাকায় বিক্রি করা হয়।বৈঠক শেষে শাজাহান সিরাজ প্রথম আলোকে বলেন, ‘আমি কমিটির কাছে যে বক্তব্য রেখেছি, তাতে বিষয়টির সমাধান হয়ে যাবে। কারণ আমি বেআইনি কিছু করিনি। সরকারি নিয়ম অনুযায়ী দরপত্র হয়েছে। সে অনুযায়ী জমি বিক্রি হয়েছে। জমির দাম নির্ধারণ করে দিয়েছিলেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। এতে আমার কোনো ভূমিকা ছিল না।’বৈঠকে সদস্যদের মধ্যে বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, নূর-ই হাসনা লিলি চৌধুরী ও হায়াতুর রহমান খান অংশ নেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।