দুঃস্বপ্নের মাঝে এক স্বপ্নবৈষম্য, সামাজিক অসমতা আর রূঢ় বাজারি-নীতি যখন আধিপত্য করছে পৃথিবীতে, বাংলাদেশও তার বাইরে থাকছে না, তেমনি এক সময়ে দাঁড়িয়ে ইন্ডিজেনাস কিংবা আদিবাসী জনগণকে নিয়ে স্বপ্ন দেখা খুব সহজ নয়। কিন্তু স্বপ্ন তো দেখতেই হবে—কেননা স্বপ্ন-কল্পনা না থাকার মানে আমাদের টিকে থাকার এবং ভিন্ন জাতি, সংস্কৃতি ও ভাষাতাত্ত্বিক গোষ্ঠীভুক্ত হিসেবে আমাদের নিজস্ব সংস্কৃতি জারি রাখার এবং দেশের নাগরিক ও আদিবাসী হিসেবে আমাদের অধিকারগুলো দাবি করার যে শক্তি ও আকাঙ্ক্ষা আছে, সেটাই খুইয়ে বসা। পৃথিবীজুড়েই আদিবাসী মানুষেরা উপনিবেশবাদ, নয়া-উপনিবেশবাদ, গণহত্যা, জুলুম, বঞ্চনা ও বৈষম্যের নিকৃষ্টতম সব অপকীর্তির শিকার হয়েছে। বহু আদিবাসী গোষ্ঠী একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। অন্যরা বিরাট প্রতিকূলতা মোকাবিলা করেও টিকে আছে। তারাই আজ উচ্চকণ্ঠে ঘোষণা করছে: ‘আমরা বেঁচে আছি, আমরা বাঁচব, আজকের দুনিয়ায় আত্মপরিচয় ও মর্যাদা নিয়েই আমরা বাঁচব।’ এটাই বিস্ময়কর কাণ্ড, যা উদ্যাপনের দাবি রাখে।সাংস্কৃতিক আত্মপরিচয় বজায় রাখাঅকুণ্ঠ ভোগবাদ ও ব্যক্তিকেন্দ্রিকতাসহ পাশ্চাত্যের সাংস্কৃতিক আত্মঘাতী প্রবণতা প্রতিরোধ করতে যখন বৃহত্তর জাতিগত ও সাংস্কৃতিক গোষ্ঠীগুলোকেই—বাংলাদেশে বাঙালিরাসহ— মুশকিলে পড়তে হচ্ছে, সেখানে আদিবাসীদের লড়াইয়ের পথ নানাভাবে চড়াইয়ে পূর্ণ। অন্যদিকে, আমাদের রাজনৈতিক অর্থনীতি ও আর্থসামাজিক-ব্যবস্থা মোটের ওপর যেহেতু বাজার অর্থনীতিতে এবং দল ও গোষ্ঠীতান্ত্রিক রাজনৈতিক ভুবনে ততটা আত্তীকৃত নয়, তাই অনেক ক্ষেত্রে অবাঞ্ছিত সামাজিক-সাংস্কৃতিক আক্রমণ আমরা অনেক ভালোমতো প্রতিরোধ করেছি। এসব সংগ্রাম থেকে আমাদের আত্মপ্রত্যয়ী হওয়া দরকার; আমাদের সাংস্কৃতিক আত্মপরিচয় বজায় রাখা দরকার।যত দিন যাচ্ছে, ততই মূলধারার বাঙালি সমাজের ভেতরেও সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্য আত্মসমর্পণ করে চলেছে পাশ্চাত্য, মধ্যপ্রাচ্য, ভারত ও পাকিস্তান থেকে ধার করা ঐতিহ্যের কাছে। এতে সহজাত কোনো সমস্যা নেই, তবে কিসের মূল্যে সেটা ঘটছে? বাঙালির আচারানুষ্ঠান কি আগামী কয়েক দশক পরও অপরিহার্যভাবেই টিকে থাকবে? আমি জানি না, তবে আশা করি টিকে থাকবে। আদিবাসীদেরও বহু আচারানুষ্ঠানের মুমূর্ষু দশা, এর কারণ আমাদের ভূমি ও সম্পদের অধিকারের অস্বীকৃতি। আরও কারণ, আমাদের নবীনেরা মনে করে পুরোনো দিনের রীতি, তা সে মেঝে কিংবা কলাপাতায় ঐতিহ্যগত খাবার পরিবেশনাই হোক কিংবা বিয়ের সময় ঐতিহ্যগত পোশাক পরিধান করাই হোক, সেসব অব্যাহত রাখা যথেষ্ট ‘হাল ফ্যাশন দুরস্ত’ নয়। সামাজিক সচেতনতা এবং গোষ্ঠীগত সংলগ্নতার মধ্য দিয়ে এখনো আমরা নিজেদের আচারানুষ্ঠানের চর্চা অব্যাহত রাখতে পারি। তবে সেগুলোর প্রতি আমাদের গর্ববোধ অব্যাহত থাকতেই হবে, তা যতই হীনজাত হোক না কেন।সামষ্টিক আদিবাসীর নৈতিক মূল্যবোধ ধরে রাখা: মালেয়া ঐতিহ্যঅধিকাংশ আদিবাসীর ভেতর সংকটের মুহূর্তে বেকায়দায় পড়া ব্যক্তির পাশে গোটা সম্প্রদায় দাঁড়ানোর ঐতিহ্য আছে। চাকমারা এটাকে বলে ‘মালেয়া’। কোনো গ্রামে কেউ যদি মালেয়ার ডাক দেয়, তাহলে সমাজের সামর্থ্যবান মানুষ সেই ডাকে সাড়া দিয়ে একদিন কাজ করে দিতে বাধ্য—হয় ঘরের চালা মেরামত করে দেওয়া, নতুন ঘর তুলে দেওয়া, শস্য মাড়াই করে দেওয়া, আরও কত কী কাজ। শহুরে পরিবেশ যদিও ততটা সুগঠিতভাবে নয়, তথাপি একই ধরনের ঘটনা দৃষ্টিগ্রাহ্য যখন অসুস্থতা, মৃত্যু ইত্যাদি দেখা দেয়। পাশ্চাত্যে যেখানে সমাজের মূল্যবোধ বিনষ্ট হয়েছে, এমনকি মৃতদেহ সৎকারের কাজও এখন যেখানে বাজারের দ্বারা সম্পন্ন হয় (অবশ্য ব্যক্তিটার যদি সেই ব্যয় বহনের সামর্থ্য থাকে) আর মুর্দাফরাশও ফি পরিশোধের ভিত্তিতে কাজ করে। তেমন অবস্থায় আমরা এখনো পৌঁছাইনি, তবে সতর্ক না হলে সেটা হতেও পারে।তবু সব হারিয়ে ফেলিনি আমরা। বেশির ভাগ আদিবাসী পরিবারে অপেক্ষাকৃত দরিদ্র আত্মীয়স্বজনের সঙ্গে নিজেদের বাড়ি, খাবার ও সম্পদ ভাগ করে নেওয়া এখনো খুব সাধারণ ঘটনা। আদিবাসী সমাজের মানুষেরা এখনো অনেকাংশে কতগুলো নৈতিক গুণ ধরে রেখেছে: সততার ক্ষেত্রে, অর্পিত দায়িত্বের প্রতি বিশ্বস্ততায় ইত্যাদি নানা ক্ষেত্রে। বেসরকারি খাতের দিকে নজর দেওয়া যাক, বেসরকারি কোম্পানি ও প্রতিষ্ঠানে হাজার হাজার আদিবাসী কাজ করছে। কেননা তারা নির্ভরযোগ্য এবং তারা বেতনের অর্থ উসুল করে কাজ করে। সেখানে তো আদিবাসীদের জন্য কোনো পদ সংরক্ষণের ব্যবস্থা নেই। সততা ও চারিত্রিক দৃঢ়তার মূল্য বাজারও দেয়।ঐতিহ্য বনাম নব রীতি: সংরক্ষণ বনাম বহুত্ববাদী সাংস্কৃতিক আদান-প্রদানআদিবাসীরা কতগুলো পুরোনো ঐতিহ্যের ধারক। তবে এসব ঐতিহ্যের সবই হাজার হাজার কিংবা শত শত কিংবা কয়েক দশক ধরে অপরিবর্তিত রয়ে যায়নি। এমনকি জুমনির্ভর ও বননির্ভর সমাজের ভেতরও আমাদের আগেকার তৃতীয় প্রজন্মের সময়কার ঐতিহ্য তাদের তিন প্রজন্মের আগেকার ঐতিহ্যের থেকে অনেকটাই বদলেছে নিশ্চিতভাবেই। সব সমাজই নব রীতি প্রবর্তন করে এবং পুরোনো ঐতিহ্যের ওপরে নতুন ঐতিহ্যের নির্মাণ করে। প্রশ্ন হলো, কোনটাকে আমাদের বর্জন আর কোনটাকে গ্রহণ করা উচিত?সব সমাজেই নাগরিকায়ন হয় এবং অন্য সমাজের সঙ্গে লেনদেন ঘটে, গণমাধ্যম ও বিনোদনজগতের অনুবর্তী হয়—বাইরের প্রবণতা দ্বারা প্রভাবিত হতে তারা বাধ্য। তাই আদিবাসী বিয়েতে ঐতিহ্যগত আদিবাসী খাবারের বদলে কোনো কোনো পরিবার যদি বিরিয়ানি পরিবেশন করতে পছন্দ করে, তা বিস্ময়ের ব্যাপার নয়। বিয়ের সময় কোনো কোনো আদিবাসী পুরুষ আদিবাসী পোশাক না পরে পাশ্চাত্য কায়দার স্যুট পরতে পছন্দ করতে পারে। বিরিয়ানি ও স্যুট কি আমাদের নিষিদ্ধ করা উচিত কিংবা তা কি আমরা করতে পারি? বিদেশি সামগ্রীর সমালোচনা করার চেয়ে আমাদের তরুণদের আমাদের আপন সাংস্কৃতিক উপকরণগুলোর প্রতি আকৃষ্ট করাই কি ভালো নয়? রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বলেছিলেন, আমাদের চারিদিকে কৃত্রিম সাংস্কৃতিক দেয়াল গড়ে তোলা উচিত নয়। আজকের বিশ্বায়িত দুনিয়ায় আমরা তাতে সফলও হব না। তবে অনাকাঙ্ক্ষিত প্রবণতা ঢুকে পড়া এবং আমাদের সমৃদ্ধ ঐতিহ্যগত রীতিনীতি ও সংস্কৃতিকে ঢেকে ফেলা ঠেকাতে আমরা অন্য পথের সন্ধান করতে পারি। আমি আশা ছাড়ব না।শিক্ষা ও মানব উন্নয়নআমাদের সাংস্কৃতিক আত্মপরিচয় ও অখণ্ডতা বজায় রাখার লড়াইয়ে আমাদের হতে হবে সুকৌশলী ও সদা তৎপর। আমাদের হতে হবে সচেতন, শিক্ষিত ও একতাবদ্ধ। যদি আমাদের জনগোষ্ঠীগুলো শিক্ষাক্ষেত্রে অগ্রগতি ঘটাতে না পারে, স্বাস্থ্যসংশ্লিষ্ট চাহিদা পূরণ না করতে পারে এবং লিঙ্গীয় অসমতা মোকাবিলা করতে না পারে, তাহলে আমরা এটা করতে পারব না। ধর্মীয় বিশ্বাস আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায় না। কোনো আচারানুষ্ঠান বাধা হয়ে দাঁড়ালে আমরা তা প্রত্যাখ্যান করব, নতুন আচার গ্রহণ করব, যেটা আমাদের যুগের সঙ্গে অনেক বেশি মানানসই হবে। তখনই কেবল আমরা বাংলাদেশকে সত্যিকারের সাংস্কৃতিক বহুত্ববাদী দেশ হয়ে গড়ে উঠতে সহায়তা করতে পারব, যেখানে বিভিন্ন জাতির, মানুষের ও সম্প্রদায়ের স্বতন্ত্র আত্মপরিচয় বজায় থাকবে। আমাদের বন্ধু অনেক—আজকের যেমন, তেমনি অতীতের। সাংস্কৃতিক বহুত্ববাদী বাঙালি আমাদের সাথি—লালন, নজরুল, শামসুর রাহমান, তারেক মাসুদসহ আরও অনেকে এই চেতনার কথা বলেছেন। আর আদিবাসী দেবতা ও আত্মাও আমাদের সাথি। আমাদের স্বপ্ন দেখে যেতে হবে, তবেই কেবল আমরা ক্রিয়া করতে পারব। স্বপ্ন-কল্পনা ছাড়া ক্রিয়া করা যায় না। আর আমাদের সব স্বপ্নই দুঃস্বপ্নে পরিণত হবে না, যদি আমাদের আশা থাকে, আমাদের প্রাণোচ্ছ্বাস থাকে আর আমাদের নৈতিক সাহস অটুট থাকে।দেবাশীষ রায় ওয়াংজা: চাকমা সার্কেলের রাজা। জাতিসংঘের আদিবাসীবিষয়ক স্থায়ী ফোরামের এশীয় অঞ্চলের সদস্য।