আত্মপরিচয় সন্ধানে, রমনার বটমূলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই অঞ্চলের বাঙালি বহু বছর ধরে আত্মপরিচয়ের সংকটে আক্রান্ত হয়েছে। শুরু অন্ততপক্ষে চল্লিশের দশকে, পাকিস্তান আমলে তা গভীরতর হয়েছে। সে সময়ের শাসকেরা আমাদের ধর্মপরিচয় ও জাতিপরিচয়ের মধ্যে কাল্পনিক দ্বন্দ্ব আবিষ্কার করেন। আর বাঙালি তাদের ধর্মপরিচয় অক্ষুণ্ন রেখে, অধিকাংশ মানুষ ধর্মের অবশ্য পালনীয় কর্তব্য পালন করেই জাতিপরিচয়ে ধন্য হয়ে বাঙালির নিজস্ব স্বাধীন আবাসভূমি বাংলাদেশের জন্ম দিয়েছে। যেকোনো জাতি-গোষ্ঠীর ভাষা, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহ সাধারণভাবে জাতিপরিচয়ের মূল নির্ধারক হয়ে ওঠে। তাই মুক্তিযুদ্ধের প্রস্তুতিপর্বে রাজনৈতিক আন্দোলনের সমান্তরালভাবে অগ্রসর হয়েছে সাংস্কৃতিক কার্যক্রম। সাংস্কৃতিক স্বাধিকারের এই কার্যক্রমের তিনটি মাইলফলক রয়েছে। প্রথমটি স্বভাবত ভাষা আন্দোলন, যা বাঙালি মুসলমানদের আত্মপরিচয়ের সংকট থেকে মোহমুক্তির সূচনা ঘটায়। সংস্কৃতির ক্ষেত্রে দ্বিতীয় মাইলফলক ১৯৬১ সালে রাষ্ট্রীয় প্রতিবন্ধকতার মুখে রবীন্দ্রজন্মশতবার্ষিকী উদ্যাপন, যার সূত্র ধরে ওই বছর ছায়ানটের আবির্ভাব। আর তৃতীয় মাইলফলক ১৯৬৭ সাল থেকে প্রতিবছর ছায়ানটের রমনার বটমূলে নববর্ষ উদ্যাপন, আজ যা দেশব্যাপী বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক উৎসবে রূপ নিয়েছে।পাকিস্তানের শাসকগোষ্ঠী ধর্মভিত্তিক একক জাতি প্রতিষ্ঠার লক্ষ্যে আরবি হরফে বাংলা, রবীন্দ্রনাথকে অস্বীকার ও নজরুলের সৃষ্টিকে খণ্ডিতরূপে প্রকাশের চেষ্টা চালায়। এর বিপরীতে ছায়ানট প্রতিষ্ঠাকাল থেকে প্রধানত রবীন্দ্রনাথকে অবলম্বন করে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও ধারার সঙ্গে দেশবাসীকে পরিচিত করার স্থির প্রত্যয়ে অগ্রসর হয়েছে, গত বছর ছায়ানট তার অর্ধশতবর্ষ পূর্ণ করল। এই দীর্ঘ সময়ে তিন বিশিষ্টজন ছায়ানটকে ধারণ করেছেন, তাঁদের চিন্তা ও আদর্শে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়েছে। তার মধ্যে সুফিয়া কামাল ও ওয়াহিদুল হক আর আমাদের মাঝে নেই, সন্জীদা খাতুন তাঁর শারীরিক সমস্যা সত্ত্বেও হাল ধরে রয়েছেন। প্রতিষ্ঠাকালের প্রথম কয়েক বছর যুক্ত ছিলেন মুখলেছুর রহমান (সিদুভাই), শামসুন্নাহার রহমান (রোজবু), হোসনে আরা (মাকিখ বু), আহমেদুর রহমান, সিরাজুদ্দীন হোসেন, সাইফুদ্দৌলা, ফরিদা হাসান, কামাল লোহানী, সাইফুদ্দিন মানিক প্রমুখ; তাঁদের অনেকে প্রয়াত। প্রথম কয়েক বছর বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে পরিচয় ও শ্রোতাসৃষ্টির জন্য পুরোনো গানের আসর, রবীন্দ্র ও নজরুলের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে, শুরু হয়েছে শ্রোতার আসর। প্রকৃতির সঙ্গে সংস্কৃতির যোগ গভীর, তাই আয়োজিত হয়েছে উন্মুক্ত প্রান্তরে ঋতু-উৎসব। এ জন্য শিল্পী তৈরি করা প্রয়োজন। সেই লক্ষ্যে ১৯৬৩ সালে ছায়ানট সংগীত বিদ্যায়তন প্রতিষ্ঠিত হয়, পারফরমার তৈরির জন্য নয়। জাতিকে বাঙালি সংস্কৃতিধারায় স্নাত করার জন্য একটি মহামিলনক্ষেত্রের প্রয়োজন অনুভূত হয়। আর সে লক্ষ্যে ১৯৬৭ সালে শুরু হয় রমনার বটমূলে নববর্ষ উদ্যাপন। উল্লেখ্য, ১৯৬৬ সালে বঙ্গবন্ধু ছয় দফা দাবি উত্থাপন করেন, যার প্রভাব রমনার বটমূলে পড়ে এবং প্রথম নববর্ষ উদ্যাপনের কয়েক মাস পর পাকিস্তান সরকার তথ্যমাধ্যমে রবীন্দ্রসংগীত নিষিদ্ধ ঘোষণা করে।মুক্তিযুদ্ধের বছরটি ছাড়া প্রতিবছর ছায়ানট রমনার প্রকৃতি-পরিবেশে পয়লা বৈশাখের আয়োজন করে আসছে। আর আমার সৌভাগ্য হয়েছে প্রতিটি আয়োজনের সঙ্গে যুক্ত হওয়ার। প্রথম কয়েকটি বছর রমনার বটমূলে বাঁধানো স্থানটিকেই মঞ্চ করে গান পরিবেশিত হতো, এখন শিল্পী ও দর্শকসংখ্যা বৃদ্ধির কারণে স্বাধীনতার পর কয়েক ধাপের মঞ্চ তৈরি করতে হয়। দু-একজন অতিথি সংগীত ও আবৃত্তি শিল্পী ছাড়া সবাই ছায়ানটের শিক্ষক ও শিক্ষার্থী। প্রতিবছর একটি বিষয়বস্তু স্থির করা হয়, প্রভাতের স্নিগ্ধ পরিবেশের সঙ্গে সংগতিপূর্ণ রাগ ও সুরের সব ধারার বাংলা গান পরিবেশিত হয়। অগণিত মানুষ রাজপথ ঢেকে ফেলে। কিছু আদিখ্যেতা যে হয় না, তা নয়। নববর্ষের বাণিজ্যিক ব্যবহার কখনো সীমা অতিক্রম করে। বেশ কয়েক বছর আগে অনুষ্ঠান এলাকায় লোক দেখানো পান্তা-ইলিশের দোকানের উপদ্রবে দর্শক-এলাকা আরও সংকুচিত হয়েছে, এখন সেটি প্রশাসনের সহায়তায় বন্ধ করা গেছে। ছায়ানটের মঞ্চের পাশে বিরাট এলাকাজুড়ে জাতীয়তাবাদী মঞ্চ তৈরি হয়েছে, সেখানে আগের রাত ১২টা থেকে ইংরেজি নববর্ষের কায়দায় অনুষ্ঠান হয়েছে; সন্জীদা খাতুনকে টেলিফোনে হুমকি দেওয়া হয়েছে যে মঞ্চের নিচে বোমা পোঁতা রয়েছে।২০০১ সালে এই বোমা বিস্ফোরিত হলো। পুলিশ ও গোয়েন্দাদের তাৎক্ষণিক ধারণা, বোমা নিক্ষেপকারীরা ভিড়ের কারণে মঞ্চের কাছে যেতে পারেনি, নিজেদের কাছে রক্ষিত বোমা বিস্ফোরিত হয়ে তাদেরও কয়েকজনের মৃত্যু হয়েছে। সামনের কয়েক সারি শিশু-কিশোর শিল্পী বসে গান করছিল, ধর্মের নামে কত নিষ্ঠুর অধর্মের কাজ হওয়ার আশঙ্কা ছিল! ছায়ানট প্রধানমন্ত্রীকে জানায়, অপকর্মটি কে করেছে, তা তদন্তে স্থির হবে, তবে কারা এ কাজটি করতে পারে, সে সম্পর্কে আমরা সজাগ রয়েছি। দেশে ক্ষুদ্র কিছু ধর্মীয় জঙ্গিগোষ্ঠী রয়েছে, যারা বাঙালি সংস্কৃতিকে ধর্মবিরোধী কাজ বিবেচনা করে হত্যা ও ভীতিসঞ্চারের অপচেষ্টা নিয়েছে।কয়েক মাস পরে আমাদের এক বেসামরিক গোয়েন্দা সংস্থার কার্যালয়ে এক জঙ্গি নেতার জবানবন্দির ভিডিও দেখানো হয়। সে জানায়, তাদের কাছে রিমোট ডিভাইস না থাকায় তাদের পরিকল্পনা সফল হয়নি। অবশ্য আসামিরা জামিনে মুক্ত হয়েছে, তদন্তকাজে অগ্রগতি হয়নি। ২০০২ সাল থেকে প্রতিবছর চৈত্র মাসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ছায়ানটের বৈঠক হয়, মঞ্চ ও দর্শকদের নিরাপত্তার জন্য বাড়তি ব্যবস্থা নেওয়া হয়। এ নিরাপত্তার বলয়ে সংগীত পরিবেশনে শিল্পীরা অস্বস্তিতে ভোগে, তবে ভয়ভীতি তুচ্ছ করে অদ্যাবধি দর্শকের সংখ্যা বরং বেড়েছে। যারা ভয় দেখিয়ে অনুষ্ঠানে আসা থেকে সবাইকে নিবৃত করতে চেয়েছিল, তারা সফল হয়নি। উপরন্তু ছায়ানট উপলব্ধি করে যে শিশু-কিশোরদের সংস্কৃতি সমন্বিত শিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে মানবিক মূল্যবোধসম্পন্ন সুরুচির মানুষ গড়ে তোলা দীর্ঘস্থায়ী সমাধানের পথ, ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় নতুন ধারার শিক্ষাপ্রতিষ্ঠান নালন্দা।ইতিপূর্বে উল্লিখিত সূত্র ধরে বলা চলে পয়লা বৈশাখ বাঙালির আত্মপরিচয়-সংকট মুক্তির পথে বিশেষ অবদান রাখছে। ধারণা করা হয়েছিল যে ভাষাভিত্তিক জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার পর আত্মপরিচয়ের সন্ধানে বাঙালির পদযাত্রা সম্পন্ন হবে। কিন্তু পঁচাত্তরের পর কিছু স্বার্থান্বেষী মানুষের একই প্রয়াস এবং একবিংশ শতাব্দীর শুরুতে তার একটি আন্তর্জাতিক অবয়ব লক্ষ করা যায়। ধর্মপরিচয় ও জাতিপরিচয়ের প্রশ্নে কোনটি জীবনাচার ও দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে প্রাধান্য পাবে, সমাজে অনেকের মধ্যে এ দ্বিধা আজও রয়ে গেছে। সমাজের অভ্যন্তরে গভীর ও বিস্তীর্ণ বিভাজনে এ দ্বিধা ক্রিয়াশীল রয়েছে। সুস্থ সংস্কৃতিচর্চা এ দ্বন্দ্ব নিরসনে ভূমিকা রাখতে পারে।