আত্মপ্রত্যয়ী ছাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেন আকাশ থেকে নেমে এসেছেন সবাই। সবার পরনে শুভ্র সফেদ পোশাক। বিকেলের লাল-হলদে আলোর আভায় এ এক অনন্য আলোর ঝলক। মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত। কোমল চোখে-মুখে উদ্ভাসিত সে এক দুর্বোধ্য প্রত্যয়। এক অন্য রকম প্রতিজ্ঞা। তাঁরা সবাই সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী। প্রশিক্ষণ নিচ্ছেন কারাতের (মার্শাল আর্ট)। সঙ্গে রয়েছেন একজন উদ্যমী প্রভোস্ট ও কয়েকজন শিক্ষক।নিজে আত্মপ্রত্যয়ী, শিক্ষকতার পাশাপাশি সারা জীবন লড়াই করছেন কুসংস্কার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা বুকে ধারণ করে সর্বদা সোচ্চার তিনি নারী অধিকার নিয়ে। তাই বিশ্ববিদ্যালয়েও আর বসে থাকতে পারলেন না। ছাত্রীদের আত্মবিশ্বাস ও মনোবল বাড়াতে কারাতে প্রশিক্ষণের এ অনন্য উদ্যোগ নিয়েছেন একমাত্র ছাত্রী হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন ইয়াসমীন হক। সারা দেশে যেখানে ইভ টিজিং নিয়ে হইচই আর আতঙ্ক; প্রতিরোধ কিংবা প্রতিবাদের ভাষা হারিয়ে নির্বাক চেয়ে থাকে পুরুষের সহযোগিতার প্রতি; তুচ্ছ ঘটনায় বেছে নেয় আত্মহননের পথ, সেখানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ব্যতিক্রমী আয়োজন সর্বত্র প্রশংসিত। রবি ও সোমবার বিকেল। ক্লাস-পরীক্ষা-পড়া—সব ব্যস্ততা সেরে ছাত্রী হল থেকে বের হয় মেয়েদের দীর্ঘ একটি সারি। দেড় শতাধিক ছাত্রীর দীপ্ত পায়ের মিছিল। সামনে থাকেন ইয়াসমীন হক। সঙ্গে যোগ দেন সহকারী হল প্রভোস্ট জায়েদা শারমীন, ফারজানা সিদ্দীকা ও রোকসানা বেগম। তাঁরা হেঁটে চলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে। মিলনায়তনে পৌঁছালেই শুরু হয় প্রশিক্ষণ। প্রশিক্ষণের জন্য শারীরিক শিক্ষার প্রশিক্ষক আশরাফুল ইসলাম। ‘প্রবল ইচ্ছাশক্তি থাকলেও মেয়েরা নিজেদের শরীরের ফিটনেসের কথা চিন্তা করে অনেক সময় প্রতিরোধ না করে নীরবে সহ্য করে যায়। এটি একটি চমৎকার উদ্যোগ। কারাতে প্রশিক্ষণ নেওয়ার পর মেয়েদের সে ভয়টা কেটে যাবে। আত্মবিশ্বাস বাড়বে’—বললেন বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের ছাত্রী প্রমিতা। বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন ছাত্রী জানান, টিজিং প্রতিরোধের পাশাপাশি শারীরিক ফিটনেসের জন্য প্রয়োজনের তাগিদেই তাঁরা কারাতে প্রশিক্ষণ নিচ্ছেন। ছোটবেলা থেকেই তাঁদের এ ব্যাপারে প্রশিক্ষণ নেওয়ার স্বপ্ন থাকলেও তা আর হয়ে ওঠেনি। বিশ্ববিদ্যালয়ে এসে আজ অনেকেই কারাতে শিখতে পারছেন। কারাতে প্রশিক্ষণের কথা শুনে সবার আগেই নিবন্ধন করেছেন সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী নাহিদ আক্তার। বিভাগের শিক্ষকদের পাশাপাশি পরিবার থেকেও এ ব্যাপারে উৎসাহ পাওয়া যাচ্ছে বলে তিনি জানান। ইংরেজি বিভাগের শিক্ষার্থী শ্রেয়া নিজে কখনো টিজিংয়ের শিকার হননি, তবে অনেককেই হতে দেখেছেন। বিষয়টি তাঁর কাছে খুব খারাপ লাগলেও কিছু করার সাহস ছিল না। কারাতে প্রশিক্ষণ নিতে গিয়ে এবার তাঁর কিছু একটা করার আত্মবিশ্বাস তৈরি হচ্ছে বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন বলেন, ‘আমার জানামতে, আমাদের বিশ্ববিদ্যালয়েই মেয়েদের জন্য এ কারাতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে মেয়েদের ইচ্ছাশক্তি বাড়বে। তারা বাঁচার শক্তি পাবে।’ কারাতে প্রশিক্ষণের উদ্যোক্তা ইয়াসমীন হক জানান, কারাতে প্রশিক্ষণ মানসিক ও শারীরিক শক্তি জোগায়। মেয়েদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। পাশাপাশি ইভ টিজিং প্রতিরোধে এটি একটি বড় হাতিয়ার হিসেবে কাজ করে। তিনি বলেন, ‘আমার মেয়ে কারাতে প্রশিক্ষণে ব্ল্যাকবেল্ট পাওয়া। বাস্তব অভিজ্ঞতা থেকে তাই আমি দেখেছি শারীরিক-মানসিক দিক থেকে সে কতটা শক্তিশালী।’ তিনি আরও বলেন, ইভ টিজিং বর্তমানে একটি সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি প্রতিরোধ করতে হলে সামাজিকভাবেই করতে হবে। পাশাপাশি কারাতে প্রশিক্ষণ জানা থাকলে বখাটেরা ইভ টিজিং করার আগে অন্তত চিন্তাভাবনা করবে। প্রয়োজনের তাগিদেই শাবিপ্রবিতে ছাত্রীদের জন্য কারাতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবসের মিছিল, ছাব্বিশে মার্চ কিংবা একুশের প্রভাত ফেরির প্রথম সারিতে থাকেন ছাত্রীরা। আর এই ছাত্রীদের নেতৃত্বে থাকেন অধ্যাপক ইয়াসমীন হক। প্রিয় এই উদ্যমী শিক্ষকের মতো ছাত্রীরাও চান নিজেদের গড়ে তুলতে।