আত্মপ্রত্যয়ী ঝরনা চাকমা
রাঙামাটি শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সাপছড়ি গ্রাম। সেখানে মঙ্গলবার শীতের সকালে ঝরনা চাকমার বাড়িতে পৌঁছার পরপরই হাসিমুখে পাশের সবজি খেত থেকে মাটিমাখা পোশাকে উঠে এসে তিনি অভ্যর্থনা জানালেন। তাঁর চোখেমুখে তৃপ্তি আর আত্মবিশ্বাসের হাসি। আত্মকর্মসংস্থানে তিনি এখন এলাকায় আদর্শ হয়ে উঠেছেন। সফল নারী হিসেবেও সবার পরিচিত।২০০৪ সালের অক্টোবরে প্রথম আলোর বিশাল বাংলায় বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছিল ঝরনা চাকমাকে নিয়ে। এর আগের বছরের ডিসেম্বরে তিনি পার্বত্য চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো পশুসম্পদ উন্নয়নে প্রধানমন্ত্রীর জাতীয় যুব পুরস্কার পেয়েছিলেন। এ ছাড়া ২০০২ সালে বায়োগ্যাস প্লান্টের সফল ব্যবহারের জন্য রাঙামাটি জেলা পরিষদের তত্কালীন চেয়ারম্যান মানিক লাল দেওয়ানের কাছ থেকে পেয়েছিলেন ২০ হাজার টাকা এবং জেলা পশুসম্পদ বিভাগ থেকে সফল উদ্যোক্তা হিসেবে পেয়েছিলেন ১২ হাজার টাকা পুরস্কার।কথায় কথায় জানা গেল, ঝরনা চাকমা এখন অনেক অভিজ্ঞ। তাঁর খামারে গাভির সংখ্যা খুব একটা না বাড়ালেও বিদেশি গাভি পালনে গ্রামের লোকজনকে উদ্বুদ্ধ করতে পেরেছেন তিনি। তাঁর স্বপ্নের মধ্যে স্থানীয় লোকজনের পুষ্টির চাহিদা পূরণে দুগ্ধজাত খাদ্য বিক্রির দোকান তিনি তৈরি করতে পারেননি। কারণ হিসেবে লোকবলের অভাব বলে জানালেন।মাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা ঝরনা চাকমা ১৯৮৫ সালে খাগড়াছড়ি জেলার সদর উপজেলার চম্পাঘাট থেকে বউ হয়ে এসেছিলেন সাপছড়ি গ্রামে। স্বামী বিপিন বিকাশ চাকমা স্থানীয় বেসরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। স্বামী ও দুই ছেলে মেয়ের সংসারে নিত্য অভাব-অনটন। এমন অবস্থায় দেশি গরু কিনে সামান্য বড় করে বিক্রি করতেন ঝরনা চাকমা। তাঁর উত্সাহ দেখে সাপছড়ি গ্রামে ঠিকাদারি কাজ করতে আসা এক ভদ্রলোকের পরামর্শে বিদেশি গরু কিনে দুধ বিক্রি করার কাজ শুরু করেন ২০০১ সাল থেকে। তারপর যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা পশুসম্পদ বিভাগে গিয়ে প্রশিক্ষণ নেন তিনি। এরপর তিনি ঋণ নেন যুব উন্নয়ন থেকে ১০ হাজার ও পশুসম্পদ বিভাগ থেকে ১৫ হাজার টাকা।ঝরনা চাকমা জানান, তাঁর বর্তমানে ছয়টি গরু আছে। প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৪০ কেজি দুধ বিক্রি করতে পারেন। ঝরনাদের বাড়ি বাঁশের বেড়া থেকে পাকা দালান হচ্ছে। তিনি জানান, গত পাঁচ বছরে তিনি প্রতিদিন দুধ বিক্রি ছাড়াও আট থেকে নয় লাখ টাকার গরু বিক্রি করেছেন। বিদেশি গরু পালন শুরু করার পর থেকে অভাবে পড়তে হয়নি তাঁকে। ছেলেমেয়েদের পড়াশোনায়ও কোনো সমস্যা হচ্ছে না।তিনি জানান, তাঁর খামার ও বায়োগ্যাস প্লান্টে যুব উন্নয়ন অধিদপ্তর ও পশুসম্পদ বিভাগ থেকে প্রশিক্ষণের জন্য যুব উদ্যোক্তাদের তাঁর বাড়িতে নিয়ে আসা হয়। তিনি সবাইকে উত্সাহ দেন আর কীভাবে গরুগুলোকে সুস্থ-সবল রাখা যায়, বাস্তব অভিজ্ঞতা থেকে তার পরামর্শ দেন।তবে গত এক থেকে দেড় বছরে গরুর খাদ্যের দাম বেড়ে যাওয়ায় ও দুধের দাম কমে যাওয়ায় অনেক খামারি হতাশ। অবশ্য ঝরনা চাকমা আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, সবকিছুকে সমন্বয় করে চলতে হয়। আয় ও ব্যয় হিসাব করে কাজ করলে যে কেউ অভাব এবং পরনির্ভরশীলতা থেকে মুক্ত হতে পারবে।একই গ্রামের সোনাধন চাকমা (২৫) জানান, ঝরনা চাকমাকে দেখে উত্সাহিত হয়ে তাঁর (ঝরনা) কাছ থেকে একটি গাভি নিয়েছিলেন। এখন তাঁর দুটি গাভি হয়েছে। ঝরনা উত্সাহ দেওয়ার পাশাপাশি পরিচর্যার ব্যাপারেও নিয়মিত পরামর্শ দিয়ে থাকেন। অনেক সময় নিজে এসে গাভিগুলোকে দেখে যান। তাঁর উত্সাহে এখন সবাই গাভি পালনে উত্সাহিত হচ্ছে।রাঙামাটি সদর উপজেলা পশুসম্পদ কর্মকর্তা অমর জ্যোতি চাকমা বলেন, ‘ঝরনা চাকমা খুবই ভালো খামারি। তিনি এখন এমন অভিজ্ঞ, আমাদের কাছেও আসতে হয় না তাঁকে। আমরাই তাঁর কাছে লোকজনকে নিয়ে যাই।’