আত্মবিশ্বাস থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবস্থাপনা পরিচালক ও কান্ট্রি হেড, ডেল বাংলাদেশ‘ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে মানবিক বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছি। ফলাফল ভালো ছিল, সম্মিলিত মেধা তালিকায় ষষ্ঠস্থান অর্জনও করেছিলাম।এরপর আমার বিয়ে হয়ে যায়। স্বামীর সঙ্গে চলে যাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। মজার বিষয় হলো, সেখানে আমি নতুন করে বিজ্ঞান নিয়ে স্নাতক শ্রেণীতে পড়তে শুরু করলাম। আমাদের দেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগ না থাকলে তথ্যপ্রযুক্তি কিংবা প্রকৌশল নিয়ে পড়া যায় না। কিন্তু ক্যালিফোর্নিয়াতে সেটি সম্ভব হলো। এরপর আমরা যেখানে থাকতে শুরু করলাম, সেটাই সিলিকন ভ্যালি, তথ্যপ্রযুক্তির নগর। সেখানে আইটি স্টার্টআপ কোম্পানিতে ফিন্যান্স ম্যানেজার হিসেবে কাজ শুরু করি। কিছুদিন কাজ করার পর সান মাইক্রোসিস্টেমে ফিন্যান্স কন্ট্রোলার হিসেবে যোগদান করি। প্রায় আট বছর সেখানে কাজ করি। এরপর চলে আসি বাংলাদেশে। আমার স্বামীও ছিলেন সফটওয়্যার প্রকৌশলী। প্রায় ২০ বছর পর দেশে ফিরেছি। সেখানে কখনো মনে হয়নি, মেয়েরা তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করছে না। কিন্তু আমার দেশে তো ভিন্ন চিত্র।’ বলেন সোনিয়া বশীর কবির।‘দেশে এসে যোগ দিই চিফ অপারেটিং অফিসার হিসেবে আমরা টেকনোলজিসে। এরপর মাইক্রোসফটের দক্ষিণ-পূর্ব এশিয়ার ‘নিউ মার্কেট’-এর ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে কাজ শুরু করি। সেখান থেকে বর্তমানে ডেল বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ ও রাজস্ব উন্নয়নে কাজ করছি।তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করতে গেলে সহনশীল ও ধৈর্যশীল হতে হয়। এই গুণ জন্মগতভাবেই মেয়েদের থাকে। একটু সুযোগ তৈরি করে গেলে তারা তাদের প্রমাণ করতে পারবে। এই বিশ্বাস আমার আছে। তবে মেয়েদের মধ্যেও আত্মবিশ্বাস থাকতে হবে। কোনো কিছুতেই হতাশ হওয়া যাবে না। অনেকেই বলে থাকে, মেয়েরা গণিত ভালো পারবে না। ওদের বুদ্ধি নেই। এই কথাগুলোকে মোকাবিলা করার জন্য সাহস থাকতে হবে। ছেলেবেলা থেকেই যেমন আমি অনেক সাহসী। দেশের প্রথম মেয়েদের ক্রিকেট দলে খেলেছি। এরপর আবাহনীতে বহু বছর ভলিবল, হকি খেলেছি। আর জীবনে কখনো দৌড়ে দ্বিতীয় হইনি আমি। এসবই সম্ভব হয়েছে আমার পরিবারের জন্য। বিশেষ করে বিয়ের আগে আব্বা আর বিয়ের পর স্বামীর কারণে। আমার দুই ছেলেমেয়েও খুব গর্ববোধ করে আমাকে নিয়ে।আমি চাই পরে এই পদে যেন আরেকটি মেয়ে আসে। আমি যদি আরেকজনকে তৈরি করতে না পারি তাহলে এই সফলতার কোনো অর্থ নেই। আমার স্বপ্ন এখন এই খাতে মেয়েদের আগ্রহী করে তোলা। যথাযথ সুযোগ দেওয়া। আমার বর্তমান কর্মস্থলে আমি ছাড়া আর কোনো নারী নেই। এটি খুবই হতাশাজনক। একজন নারী অভ্যর্থনাকারী কিংবা টেলিফোন অপারেটর নিলেই কিন্তু নারী-পুরুষ অনুপাত সমান হয় না। এই কাজগুলো খুবই জরুরি কিন্তু মূল কাজে কতজন নারী কর্মী আছে সেটাই আসল বিষয়। আমি যেহেতু দীর্ঘদিন দেশের বাইরে কাজ করে এসেছি, ফলে পুরুষ কর্মীদের সঙ্গে কাজ করতে অসুবিধা হয় না। তাঁরাও অনেক সম্মান করে। নারী-পুরুষ কার অধীনে কাজ করছি বা কারা আমার অধীনে কাজ করছে, এটি ভাবিনি কখনো। তবে আমাদের দেশে সমস্যাটা অনেক নারীর ক্ষেত্রেই হয়। কিন্তু এখনো আমাকে এসব নিয়ে সমস্যায় পড়তে হয়নি।’