উপমা মাহবুবের লেখা ‘উচ্চশিক্ষা যথেষ্ট নয়, চাই আত্মবিশ্বাস’—আমাদের সমাজে নারীদের অবস্থার যেন বাস্তব প্রতিফলন। এ সমাজে অনেক নারীই আছেন যাঁরা উচ্চশিক্ষিত হয়েও কেবল আত্মবিশ্বাসের অভাবে নিজের অধিকার কিংবা যোগ্যতা নিয়ে সচেতন হয়ে উঠতে পারেন না। এ জন্য অবশ্য দায়ী আমাদের সামাজিক আবহ, যেখানে ছোটবেলা থেকেই পুরুষকে নারীর ছায়াসঙ্গীহিসেবে শেখানো হয়। নারীরা যতই উচ্চশিক্ষিত হোক না কেন, পুরুষের অধীনতা ছাড়া ঘরে-বাইরে তারা কোথাও যেন নিরাপদ নয়; এভাবেই দেখা হয়। এই ধারণা থেকে নিজেদের মুক্ত করতে হলে, আত্মবিশ্বাসী হওয়ার জন্য নারীদের বাস্তববাদী হতে হবে। কারণ কেবল আবেগের বশবর্তী হয়েঅনেক শিক্ষিত নারীও নিজের জীবনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পিছপা হন, সেটা তাঁর ব্যক্তিজীবনে হোক কিংবা কর্মজীবনে। অথচ একটি সঠিক সিদ্ধান্তের অভাবে জীবনে অনেক মূল্যবান সুযোগই হেলায়হারিয়ে যায়। সুতরাং আমি মনে করি, নারীদের মানুষ হিসেবে যথাযথ অধিকার আদায়ের জন্য নিজেদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলার জন্যই বাস্তববাদী হওয়াটা ভীষণ দরকার।মিতা মেহজাবিন