আত্মবিশ্বাসের তুঙ্গে ছত্রিশের মিসবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০২ সালে ওয়ানডে অভিষেক। নয় বছরের ক্যারিয়ারে খেলেছেন মাত্র ৬৪টি ওয়ানডে। অতিথি পাখির বিজ্ঞাপন। অথচ সেই ‘পাখি’ই কিনা আজ পাকিস্তানের বিশ্বকাপ মিশনের অগ্রসেনানী।মিসবাহ-উল-হকের প্রতিভা নিয়ে প্রশ্ন ছিল না কখনোই। প্রশ্ন যা তাঁর অভিষেক-পরবর্তী সময়টা নিয়ে। ইনজামাম-উল হক, মোহাম্মদ ইউসুফ ও ইউনুস খান—পাকিস্তান ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা এই ব্যাটিং লাইনআপ-শাসিত মিডল অর্ডারে তাঁর জায়গা কোথায়!২০০৩ থেকে ২০০৭—এই পাঁচটি বছর সব ধরনের ক্রিকেটেই ইনজামাম-ইউসুফ-ইউনুস ব্যাটিং-ত্রয়ী পাকিস্তান মিডল অর্ডারে রাজত্ব করেছেন। ভাগ্যের কাছে অসহায় আত্মসমর্পণ করা ছাড়া উপায় ছিল না মিসবাহর। আরেকটা উপায় ছিল সুযোগের অপেক্ষায় থাকা। চার বছর নির্বাসনের পর দলে ফিরলেন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। গত বছরের অক্টোবরে সেই মিসবাহই হলেন টেস্ট অধিনায়ক। তাঁর ব্যাট হাসল, দল হাসল সাফল্যের হাসি। কি টেস্ট, কি ওয়ানডে—দুই ধরনের ক্রিকেটেই রান-প্রসবা তাঁর ব্যাট। মিসবাহ যে এখন পাকিস্তান ক্রিকেটেরই অন্যতম সেরা বিজ্ঞাপন।তিনিই পাকিস্তানের একমাত্র খেলোয়াড়, ৩৬ বছরে যাঁর বিশ্বকাপে অভিষেক। ‘বুড়ো’ মিসবাহ অভিষেক ম্যাচে উজ্জ্বলও। কেনিয়ার বিপক্ষে ৬৫ রান করে রাজসিক সূচনাই করলেন। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে সর্বশেষ খেলা ১২ ইনিংসে এটি তাঁর নবম ফিফটি।ধারাবাহিকভাবে রানের মধ্যে থাকায় শান্ত মেজাজের ‘খুনে’ মিসবাহর আত্মবিশ্বাস তুঙ্গে। শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচের আগে মিসবাহর কথাবার্তাতেও সেই সুর, ‘আমি সব সময়ই বলে আসছি, আত্মবিশ্বাস ফিরে পাওয়াটা খেলোয়াড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রানের মধ্যে থাকলে আপনার ওপর দলের আস্থা যেমন বাড়বে, তেমনি বাড়বে মানুষের প্রত্যাশাও। আর এটাই আপনাকে শক্তি জোগাবে।’মিসবাহর সরল স্বীকারোক্তি, ‘আত্মবিশ্বাস ফিরে পেলে একজন খেলোয়াড় ভালো করবেনই। দেখুন, এই জিনিসটা ফিরে পাওয়ার আগে কিংবা পরে একজন খেলোয়াড় কিন্তু গায়-গতরে মোটেও বদলান না। কিন্তু আত্মবিশ্বাস ফিরে পেলে তাঁর পুরো খেলাটাই পাল্টে যায়, আগের চেয়ে অনেক ভালো করেন।’খেলাটা যে এই বয়সেও দারুণ উপভোগ করছেন তা জানাতে ভুল করেননি মিসবাহ, ‘আন্তর্জাতিক হোক কিংবা ঘরোয়া—সব ধরনের ক্রিকেটেই মনোযোগী হওয়া উচিত। এই মুহূর্তে খেলাটা আমি দারুণ উপভোগ করছি। দলের প্রয়োজনে আমি সেরাটা ঢেলে দিতে চাই।’ঘরের মাঠে মুরালিধরনের শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানকে বড় পরীক্ষাই দিতে হবে, মানলেন মিসবাহ। বললেন, ‘শ্রীলঙ্কা সব সময়ই, বিশেষ করে দুই-তিন বছর ধরে দলটি খুবই ভালো করছে। ঘরের মাঠে শ্রীলঙ্কা সব সময়ই শক্ত প্রতিপক্ষ।’ ওয়েবসাইট।