আত্মবিশ্বাসের সঙ্গে ঘরের মাঠের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকেট দেখে একটু থমকে গেলেন শেন জার্গেনসেন। গত কয়েক দিন যে উইকেটটা দেখছিলেন, এটা কি সেই উইকেট! সবুজাভ ভাবটা কই? এ যে খটখটে ন্যাড়া ব্যাটিং উইকেটই!প্রথম টেস্ট শুরু হবে আজ। কিন্তু জিম্বাবুয়ে যেন মনস্তাত্ত্বিক খেলা শুরু করে দিয়েছে আগেই। হারারে স্পোর্টস ক্লাব মাঠের পেস-সহায়ক উইকেটে বোলিং আক্রমণ কেমন হওয়া উচিত, ব্যাটসম্যানদেরই বা এখানে কী কৌশল নিতে হবে, দলের মধ্যে যখন এসব নিয়ে আলোচনা, রাতারাতি উইকেটের চেহারাই বদলে দিল জিম্বাবুয়ে ক্রিকেট! কাল সংবাদ সম্মেলনের পর বাংলাদেশ কোচ জার্গেনসেন তাই মরীচিকার মতো শুয়ে থাকা উইকেটটার দিকে শূন্য দৃষ্টি ছড়িয়ে দিয়ে বলছিলেন, ‘বুঝতে পারছি না, উইকেট শেষ পর্যন্ত কেমন হবে। তিনজন পেসারই রাখব, নাকি স্পিনার একজন বাড়াব...।’ একটু আগের সংবাদ সম্মেলনেও একই কথা বলে গেছেন অধিনায়ক মুশফিকুর রহিম, ‘উইকেট গত দুই দিন একরকম ছিল। আজ (গতকাল) আবার অন্য রকম।’ প্রথম টেস্টের একাদশ নির্বাচনের জন্য তাই আজ সকালে টস পর্যন্ত অপেক্ষার সিদ্ধান্ত হয়েছে।হারারের উইকেট নিয়ে বাংলাদেশে থাকতেই স্বপ্ন দেখা শুরু করেছেন পেসাররা। শ্রীলঙ্কায় দুঃস্বপ্নের মতো সময় কাটার পর হারারের গতিময় আর বাউন্সি উইকেটই তাঁদের ফিরিয়ে দিতে পারত হারানো আত্মবিশ্বাস। জিম্বাবুয়েতে এসে গত কয়েক দিনের অনুশীলনে বোলারদের পারফরম্যান্স আশাবাদী করছে বোলিং কোচ থেকে প্রধান কোচ হয়ে যাওয়া জার্গেনসেনকেও, ‘এই কয়েক দিন পেসাররা খুব ডিসিপ্লিনড বোলিং করেছে। এটা ম্যাচে ধরে রাখা গেলে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি করা সম্ভব হবে।’ এখন উইকেট যদি ওরকম ন্যাড়াই হয়ে যায়, সেটা আর কতটা সম্ভব?একাদশ নির্বাচনের ক্ষেত্রে সাকিব আল হাসানের বল করা না-করার সিদ্ধান্তও একটা বড় ব্যাপার ছিল। সাকিব বল করলে তো শুধু সোহাগ গাজী থাকলেই দলে দুজন বিশেষজ্ঞ স্পিনার হয়ে যায়। সে ক্ষেত্রে একজন বাড়তি পেসার নিয়ে খেলার সিদ্ধান্ত খুব সহজ। আর সাকিব যদি শেষ পর্যন্ত শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলেন, বিশেষজ্ঞ স্পিনার হিসেবে সোহাগ গাজীর সঙ্গে একাদশে চলে আসতে পারেন বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়রও। সে ক্ষেত্রে পেসার খেলানো হবে দুজন।সাকিবের বল করা নিয়েও দুই রকম মতামত শোনা গেছে। কেউ বলছিলেন, অনুশীলনে যেহেতু একদমই বল করেননি, ম্যাচেও তাঁর বল করা ঠিক হবে না। আবার ‘পরিস্থিতি দাবি করলে কয়েকটা ওভার করলে কী সমস্যা’ এমন মতামতও ছিল দলের মধ্যে। এই যদি-কিন্তুর দোলাচলে পড়ে দল নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে টেস্ট শুরুর আগের দিনও দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে একটা ব্যাপার মোটামুটি নিশ্চিত—প্রথম টেস্টে খেলা হচ্ছে না ওপেনার তামিম ইকবালের। কাল অনুশীলন দেখেও সেটা বোঝা যাচ্ছিল। অন্যরা যখন নেটে ব্যস্ত, মাঠের এক পাশে তিনি আলতো হাতে নক করছিলেন দলের সঙ্গে আসা ম্যাসিউরের আরও আলতো হাতে ছুড়ে দেওয়া বলে।উইকেট আর দল নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বটুকু ছাড়া সিরিজের আগে অন্য কোনো কিছুকেই নিজেদের প্রতিকূল ভাবেনি বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে খেলার আগে থাকা সেই চিরকালীন মনস্তাত্ত্বিক চাপ? তাতে কী! শ্রীলঙ্কা থেকে নিয়ে আসা আত্মবিশ্বাস যেন পুরোপুরিই উড়িয়ে দিচ্ছে তা। জিম্বাবুয়ের মাটিতে খেলা? মুশফিকের কাছে সমস্যা মনে হচ্ছে না সেটাও, ‘আমরা শ্রীলঙ্কায় খেলে এসেছি। এখানকার কন্ডিশন অনেকটা পাল্লেকেলের মতোই মনে হচ্ছে। এর সঙ্গে অভ্যস্ত আমরা। তা ছাড়া এই কয় দিনে ভালো অনুশীলনও হয়েছে।’ সেই অনুশীলনে ব্যাটসম্যানদের বড় কাজ ছিল উইকেটে টিকে থাকার পরীক্ষায় পাস করা। ‘হারারের উইকেটে পেসারদের সাহায্য করলেও এখানে বাউন্স সমান থাকে বলে ব্যাটসম্যানরাও সাহায্য পায়। ব্যাটসম্যানদের নিয়ে সে অনুযায়ীই পরিকল্পনা হয়েছে। গতবার অনেকে ভালো শুরু করলেও ইনিংস এগিয়ে নিতে পারেনি। তবে গত তিনটি সফরে যারা সেট হচ্ছে, তারা বড় ইনিংস খেলছে। এটা ধরে রাখতে পারলে এখানেও বড় স্কোর সম্ভব’—এক নিঃশ্বাসে বলে গেলেন অধিনায়ক।কিন্তু জিম্বাবুয়ের কন্ডিশন জয় করে ফেলার যে আত্মবিশ্বাস মুশফিক দেখাচ্ছেন, তাতে প্রবল আপত্তি স্বাগতিক অধিনায়ক ব্রেন্ডন টেলরের। টেস্টে যে তাঁর দলের সাম্প্রতিক পারফরম্যান্স মোটেও আশা-জাগানিয়া নয়, এটা তিনি মানেন। এটাও জানেন, শ্রীলঙ্কায় সাম্প্রতিক সফরের পর বাংলাদেশ এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। বাংলাদেশের খেলোয়াড়দের সামর্থ্য নিয়েও নেই কোনো সন্দেহ, ‘সাকিবকে সহ ধরলে তাদের বোলিং আক্রমণ যথেষ্ট অভিজ্ঞ। তরুণদের মধ্যে গাজীও (সোহাগ) প্রতিভাবান বোলার। আর ব্যাট হাতে তামিম, আশরাফুল, মুশফিক খুব ভালো ফর্মে আছে।’ কিন্তু কন্ডিশনের প্রসঙ্গ উঠলে টেলর নিজেদের একাধিপত্যের কথা মনে করিয়ে দিলেন বারবারই, ‘আমাদের কন্ডিশনটা আমরাই সবচেয়ে ভালো বুঝি। কাজেই তাদের (বাংলাদেশ) জন্য কাজটা সহজ হবে না।’আত্মবিশ্বাস দিয়ে জিম্বাবুয়ের দুর্গে কতটা আঘাত আনা যায়, এখন দেখার অপেক্ষা সেটাই।