সম্মান শ্রেণীতে বাংলা পড়াতে গিয়ে প্রথম ক্লাসটিতেই আমি শিক্ষার্থীদের সাধারণত একটি প্রশ্ন করি: ‘সবচেয়ে দুরারোগ্য ব্যাধি কোনটি?’ জবাবে ছাত্রছাত্রীদের কেউ বলে ‘ক্যানসার’, কেউ বলে ‘এইডস’। আমি বলি: না, ‘হীনম্মন্যতা’। প্রশ্নটা দিয়ে আলোচনা শুরু করার কারণ এই ছাত্রছাত্রীদের বেশির ভাগই আসলে স্বেচ্ছায় বা পছন্দ করে নয়, অন্য কোনো বিষয়ে সুযোগ না পেয়েই বাংলা পড়তে আসে। আর এই দুঃখবোধ ও হীনম্মন্যতা নিয়েই তারা ছাত্রজীবন পার করে দেয় এবং সম্ভবত বাকি জীবনেও তা তাদের সঙ্গী হয়। এখানে প্রশ্নটা হলো, যে দেশের শতকরা ৯৮ ভাগ লোক বাংলাভাষী এবং বাংলা যে দেশটির একমাত্র রাষ্ট্রভাষা, সেখানে বাংলা পড়তে এসে কাউকে এ রকম হীনম্মন্যতায় ভুগতে হবে কেন? হীনম্মন্যতায় শিক্ষার্থীরা ভোগে, নাকি তারা এর অসহায় শিকার, অর্থাৎ সমাজ-রাষ্ট্র তাদের এই অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে? প্রশ্নটাকে এবার একটু বৃহত্তর পরিধিতে নিয়ে যাওয়া যাক: ভাষাভিত্তিক জাতীয়তার পরিচয়ে যে দেশটি পরিচিত এবং যার স্বাধীনতাসংগ্রামের সূচনাই হয়েছিল মনে করা হয় বাংলা ভাষার অধিকার বা মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামের মধ্য দিয়ে, সে দেশে বাংলা ভাষা কেন দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে? পড়ছে যে এটা বোঝার জন্য তো দিব্যদৃষ্টির প্রয়োজন নেই। সরকারি দপ্তরগুলোর বাইরে আজ বাংলার ব্যবহার উঠেই যাচ্ছে বলতে গেলে। বিশ্ববিদ্যালয়সহ প্রায় সব বেসরকারি শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, এমনকি সরকারি ব্যাংক, হাসপাতালের মতো জনসেবা দানকারী সংস্থাও বাংলা ভাষাকে একরকম নির্বাসনদণ্ডে দণ্ডিত করেছে। সম্প্রতি লক্ষ করে আশ্চর্য হলাম, অগ্রণী ব্যাংকের মতো একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের (প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত যার শাখা ছড়িয়ে আছে) ছাপা নতুন চেক বইয়ে একটিও বাংলা অক্ষর নেই। এ বিষয়ে সংবাদপত্রের চিঠিপত্র কলামে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেও কোনো ফল পাওয়া যায়নি। দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান, সমিতি-সংগঠন ইত্যাদির নামকরণই যে শুধু ইংরেজি বা অন্য বিদেশি ভাষায় করা হচ্ছে তা নয়, এসব প্রতিষ্ঠানের নামফলক, লেটার হেড, চিঠিপত্র, বিজ্ঞপ্তি-বিজ্ঞাপনেও অনেক ক্ষেত্রে একটিও বাংলা অক্ষর খুঁজে পাওয়া যাবে না। রাজধানী শহরে তো বটেই, ঢাকার বাইরে এমনকি সুদূর মফস্বলেও ইতিমধ্যে অজস্র ইংরেজি মাধ্যম স্কুল গড়ে উঠেছে, নিতান্ত মধ্যবিত্ত পরিবারের সন্তানেরাও সেখানে পড়ালেখা করছে। তারা ইংরেজি ভাষা যতটা না শিখছে, তার চেয়ে বেশি নিজ ভাষা ও সংস্কৃতির প্রতি ঔদাস্য ও অবজ্ঞা নিয়ে বড় হয়ে উঠছে। সভা-সেমিনারে, লেখায়-বক্তৃতায় বাংলা ও বাঙালিত্ব নিয়ে যাঁরা আবেগে উদ্বেল হয়ে ওঠেন, আপন বংশধরদের ভবিষ্যৎ সুরক্ষায় তাঁরাও দেখা যায় চলতি হাওয়ার পন্থী। ঘনিষ্ঠ পরিমণ্ডলে তাঁদের কেউ কখনো যে আপন ভাষা ও সংস্কৃতির সঙ্গে তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান অপরিচয়ের কথাটা তুলে দীর্ঘশ্বাস মোচন করেন না, তাও নয়। হয়তো তাঁদের সে দুঃখ দূর করতেই, ভবিষ্যতে আমাদের ঢাকা-চট্টগ্রামের মতো শহরগুলোতেও এমন দু-চারটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠবে, যার নামফলক বা বিজ্ঞাপনে লেখা থাকবে: ‘এখানে ইংলিশ মিডিয়ামে বাংলা শেখানো হয়।’ আর আমাদের ছেলেমেয়েরা সেখানে ‘ছড়া’ নয়, ‘বেঙ্গলি রাইম’ শিখবে।এমনকি পাকিস্তানি আমলেও এ দেশে উচ্চশিক্ষার স্তরসহ জীবনের সব পর্যায়ে বাংলা ভাষা প্রচলনের যেটুকু উদ্যোগ-আয়োজন ছিল বা এ ক্ষেত্রে যতটা সাফল্য অর্জিত হয়েছিল, স্বাধীনতার চার দশকের মাথায় এসে আজ তাও যেন অবসিত হয়েছে। দুর্জনের নাকি কখনোই ছলের অভাব হয় না! তখন বাংলা প্রচলনের বিরোধিতাকারীদের তরফে অজুহাত দেওয়া হতো প্রধানত পরিভাষা ও পাঠ্যপুস্তকের অভাবের। আজ একই কাজে তাঁদের উত্তরসূরিরা বিশ্বায়নের ঝান্ডা ও বাজার-অর্থনীতির স্লোগান ব্যবহার করছেন। ইংরেজি বা অন্য বিদেশি ভাষা শেখার সঙ্গে রাষ্ট্র ও সমাজ-জীবনের সব ক্ষেত্রে বাংলা ভাষা প্রচলনের তো কোনো বিরোধ নেই। কিন্তু তেমন একটি বিবাদ কল্পনা করে দুটি বিষয়কে পরস্পরের বিপক্ষে দাঁড় করানো হচ্ছে। এ প্রসঙ্গে ইদানীং চীন ও জাপানে ইংরেজি ভাষা শিক্ষার প্রসারের উদাহরণ দেওয়া হয়। চীন ও জাপান ইংরেজি শিখছে সত্যি, কিন্তু ইংরেজি কোনোভাবেই তাদের জাতীয় ভাষার স্থান নেয়নি। কিংবা ইংরেজি শিখে বা তার জোরেও তারা উন্নত হয়নি, বরং জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে উন্নতির একটা স্তরে পৌঁছানোর পরই বিদেশি যোগাযোগ বৃদ্ধি ও বাজার অধিগত করার প্রয়োজন থেকে তারা ইংরেজি শিক্ষার দিকে ঝুঁকছে। একই প্রসঙ্গে যাঁরা সিঙ্গাপুরের উদাহরণ দেন, তাঁরাও যে জানেন না এমন তো নয়, হয়তো জেনেও এই সত্যটি গোপন করে যান যে মূলত অভিবাসী-অধ্যুষিত সিঙ্গাপুর একটি বহুভাষী দেশ। ফলে ইংরেজিকে প্রথম ভাষা না করে তাদের উপায় ছিল না। আমরা জানি, বাংলার অভিজাত মুসলমানেরা একদিন উর্দুকেই তাঁদের মাতৃভাষা মনে করতেন, ‘চাষাভুষার ভাষা’ বাংলা বলতে সেদিন তাঁরা লজ্জা পেতেন। আজও তেমনি আমাদের সমাজের উচ্চস্তরে বাংলা না শেখা বা না জানাটা আভিজাত্যের পরিচায়ক বলে বিবেচিত হতে চলেছে। লজ্জা পাওয়া দূরে থাক, অভিভাবকেরা রীতিমতো গর্ব করে বলেন, তাঁদের ছেলেমেয়েরা ভালোভাবে বাংলা পড়তে বা লিখতে পারে না।হীনম্মন্যতা কেবল বাংলা ভাষা চর্চার বেলায়ই নয়; আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরবশ্যতার নীতি বা মনোভাবের কমবেশি প্রভাব দেখা যাচ্ছে। জীবিকা উপার্জনের বাইরে শিক্ষার সঙ্গে দেশ ও দশের প্রতি কর্তব্য কিংবা জাতিগঠনের অঙ্গীকার বা দূরদৃষ্টির যেন আর কোনো সম্পর্ক নেই। সত্যি কথা বলতে, বিশ্বজুড়েই আজ এক বিমানবিকীকরণের প্রচেষ্টা চলছে। আর শিক্ষার মধ্য দিয়েই সে প্রক্রিয়াটিকে সবচেয়ে কার্যকরভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। এই প্রবণতার মুখে আজ সাহিত্য তো বটেই, সামগ্রিকভাবে মানবিক বিদ্যারই একেবারে কোণঠাসা অবস্থা। কলেজগুলোতে ইতিহাসের শিক্ষক আছে, ছাত্র নেই। ভালো ছাত্ররা আজ আর দর্শন বা রাষ্ট্রবিজ্ঞান পড়তে চায় না। রাজনৈতিক বা ধ্রুপদি অর্থনীতির বদলে সবাই ব্যবসায় প্রশাসন, সমাজবিজ্ঞানের বদলে সমাজকর্ম পড়তে আগ্রহী। এমনকি পদার্থবিদ্যা বা রসায়নের মতো বিশুদ্ধ বিজ্ঞানচর্চাকেও প্রায় অপ্রয়োজনীয় করে তোলা হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তির তফাতটিকে আমরা যেন ইচ্ছা করেই গুলিয়ে ফেলছি। আমদানি করা প্রযুক্তি দিয়ে একটি জাতির উপস্থিত প্রয়োজন হয়তো মিটতে পারে, কিন্তু জাতির এগিয়ে চলার পথে বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনীশক্তির কোনো বিকল্প নেই। বলা হয়, এ দেশে ব্রিটিশদের প্রবর্তিত শিক্ষার উদ্দেশ্য ছিল মূলত কেরানি তৈরি করা। তেমনি সাম্প্রতিক কালে আমাদের শিক্ষার চরম লক্ষ্য যেন হয়ে দাঁড়িয়েছে বহুজাতিক কোম্পানি ও করপোরেট হাউসের নির্বাহী উৎপাদন করা।আমরা জানি, পুরোনো সাম্রাজ্যবাদ বর্তমানে এক নতুন রূপে আবির্ভূত। তথাকথিত বিশ্বায়নের নামে আজ বিশ্বের বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীকে তার নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করার প্রয়াস চলছে। বাজার-অর্থনীতির কথা বলে জ্ঞান-বিদ্যা, মানবিক সম্পর্ক, মূল্যবোধকে পর্যন্ত পণ্য অর্থাৎ কেনাবেচার সামগ্রী করে তোলা হচ্ছে। আরও দুঃখের বিষয়, বিদেশি অনুদানের বিনিময়ে আমাদের দেশের একশ্রেণীর শিক্ষাবিদ, পণ্ডিত, গবেষক এই পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় ও উৎসাহী ভূমিকা পালন করছেন। বাস্তবমুখী বা যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রবর্তনের নামে তাঁরা আসলে যে কাজটি করছেন, তা হলো শিক্ষাকে তার মর্মবস্তু থেকে বিযুক্ত করা; আমাদের শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক, পরীক্ষাপদ্ধতি সর্বত্র যার প্রতিফলন ঘটছে। তারপর দেশের আর্থসামাজিক বাস্তবতা, শিক্ষাপ্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো বা সুযোগ-সুবিধা ইত্যাদি কোনো কিছুকেই প্রায় গুরুত্বের মধ্যে না নিয়ে বিদেশের অনুকরণে সম্প্রতি আমাদের কোনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়েও সেমিস্টার পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। পরীক্ষামুখ্য এ ব্যবস্থা শিক্ষার্থীর জন্য জ্ঞান বা বিদ্যাচর্চার প্রয়োজনটিকে কার্যত গৌণ করে তুলেছে। একটি বৈষম্যমুক্ত এক ধারার শিক্ষাব্যবস্থার জন্য এ দেশে দীর্ঘদিন আমরা সংগ্রাম করেছি। অথচ অন্য সব ক্ষেত্রের মতো শিক্ষায়ও যেন বৈষম্য ব্যাপারটি ইতিমধ্যে একটা অনড় ভিত্তি পেয়ে গেছে; আর আমরা বর্তমান ও ভবিষ্যৎ কালের জন্য তাকে অনিবার্য বাস্তবতা বলে মেনে নিতে শুরু করেছি। একটি শক্ত মেরুদণ্ডসম্পন্ন, আত্মমর্যাদাশীল, উন্নত জাতি তৈরির শর্তই হলো তার অসংখ্য হীনম্মন্যতামুক্ত, আত্মবিশ্বাসে বলীয়ান এবং মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধে আস্থাবান নাগরিক। অন্যদিকে, দেশকে এগিয়ে নেওয়ার জন্য যেমন সৎ, যোগ্য, মেধাবী, প্রজ্ঞাবান ও দূরদৃষ্টির অধিকারী নেতা বা রাষ্ট্রনায়কের দরকার, তেমনি সাহিত্যিক-শিল্পী, চিন্তাবিদ-দার্শনিক, ইতিহাসবিদ ও বৈজ্ঞানিকেরও দরকার। অস্বীকার করার জো নেই যে আমাদের বর্তমান সনদসর্বস্ব শিক্ষাব্যবস্থা, তা প্রাপ্তির সম্ভাবনাকেও ক্রমে কঠিন করে তুলছে।বাঙালি চরিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গিয়ে শতাধিক বছর আগে রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি, ... পরের অনুকরণে আমাদের গর্ব, পরের অনুগ্রহে আমাদের সম্মান।’ (‘চারিত্রপূজা’, ভাদ্র ১৩০২) বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কথাটার তাৎপর্য বিশেষভাবে উপলব্ধি করা যায়। কিসে আমাদের ভালো বা মন্দ, তা বোঝার ক্ষমতাও যেন আমরা হারিয়ে ফেলেছি। সেটাও নির্ধারিত হয় বিদেশিদের বিবেচনার ওপর ভিত্তি করে। আমাদের সমস্যার গুরুত্ব ও সমাধানের ক্ষেত্রে অগ্রাধিকার নির্বাচনে দাতা দেশ বা সংস্থার স্বার্থ ও অর্থই মুখ্য ভূমিকা পালন করে। যারা আমাদের ঋণ দেয়, এমনকি সুদও নেয়, তাদেরও আমরা সাধারণত ‘দাতা’ই বলি (সাম্প্রতিক কালে ‘উন্নয়ন সহযোগী’ বলে একটি কথা চালু হলেও, ‘দাতা’ শব্দটিই মনে হয় আমাদের অধিক পছন্দ)। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা বা যেকোনো রকম শাসনতান্ত্রিক সংস্কারের ব্যাপারেও আমরা এই দাতাদের সমর্থন-সহায়তা ও সনদের মুখাপেক্ষী। এতগুলো বছরেও গণতন্ত্র আমাদের দেশে প্রাতিষ্ঠানিক রূপ পেল না বলে আমরা প্রায়ই আক্ষেপ করি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার জন্য দাতাদের অর্থানুকূল্যে সভা-সেমিনার, প্রশিক্ষণ-কর্মশালা আয়োজনেরও বিরাম নেই। অথচ মূল যে বিষয়টা আমরা বুঝতে পারি না বা হয়তো চাইও না, তা হলো পরিবারে, প্রতিষ্ঠানে, সমাজে, সংগঠনে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা যদি না থাকে, অনুশীলন ও বিকাশ যদি না ঘটে, রাষ্ট্রীয় জীবনে কার্যকর বা টেকসই গণতন্ত্র কি আকাশ থেকে পড়বে? রবীন্দ্রনাথের আরও একটি উক্তি এ প্রসঙ্গে স্মরণযোগ্য: ‘ভূতের পা পিছন দিকে, বাংলাদেশে সামাজিক সকল চেষ্টারই পা পিছনে ফিরিয়াছে। আমরা ঠিক করিয়াছি, সংসারে চলিবার পথে আমরা পিছন মুখে চলিব, কেবল রাষ্ট্রীয় সাধনার আকাশে উড়িবার পথে আমরা সামনের দিকে উড়িব—আমাদের পা যে দিকে আমাদের ডানা ঠিক তার উল্টা দিকে গজাইবে।’ (‘শিক্ষার বাহন’, পৌষ ১৩২২)জনসংখ্যা আমাদের দেশের একটি প্রধান ও ভয়াবহ সমস্যা। এ নিয়ে আগে যদি বা থাকে, আজ আর কারোরই বোধহয় তেমন দ্বিমত নেই। বাংলাদেশের মতো একটি গরিব বা উন্নয়নশীল দেশে আমরা যে ক্ষেত্রে যত পরিকল্পনাই গ্রহণ করি না কেন, জনসংখ্যার বিস্ফোরণ ঠেকাতে না পারলে তার কোনোটিই শেষ পর্যন্ত কাজে আসবে না। এ কথাটাও মোটামুটি আমরা সবাই জানি ও মানি। অথচ এ দেশে সেই ১৯৬০-এর দশকে শুরু হওয়া জনসংখ্যা নিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনা কার্যক্রম অনেক বাধা-বিপত্তি উজিয়ে যতটুকু সাফল্য অর্জন করেছিল, সাম্প্রতিক কালে তাও যেন মুখ থুবড়ে পড়েছে। এর কারণ একটাই, এই কর্মসূচির পেছনে বিদেশি অর্থ সরবরাহ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। একইভাবে কিছুদিন আগে এইডস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারের পাশাপাশি দেশজুড়ে পুরোনো-নতুন অজস্র এনজিওর উদ্যোগে যে ব্যাপক প্রচার-প্রচারণা লক্ষ করা যেত, ইদানীং তা আর দেখা যায় না। সে কি এই জন্য যে এ বিষয়ে সচেতনতা সৃষ্টির প্রয়োজন ফুরিয়ে গেছে বা কমে এসেছে? নিশ্চয়ই নয়। আসল কারণ হলো, এই কার্যক্রমের পেছনে বিদেশি অর্থের প্রবাহ ইতিমধ্যে কমে এসেছে। সম্প্রতি আমাদের আগ্রহ ও মনোযোগের কেন্দ্রে এসে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা ও তা মোকাবিলার বিষয়টি। না, সমস্যার গুরুত্বটিকে আমরা মোটেও খাটো করে দেখছি না। তবে এ ব্যাপারে আমাদের তৎপরতার সবটাই নিজস্ব উপলব্ধিজাত, এমন মনে করারও কারণ নেই। এ ব্যাপারে প্রতিশ্রুত বিদেশি অর্থ-সাহায্যপ্রাপ্তির বিষয়টি এখনো অনিশ্চিত যদিও, কিন্তু এর মধ্যেই পাঁচ হাজার বেসরকারি সংস্থা এ ক্ষেত্রে কাজ করার জন্য বরাদ্দ চেয়ে সরকারের কাছে আবেদন করেছে। এমনিতে পরিবেশের সমস্যা, জীববৈচিত্র্য রক্ষার প্রয়োজন কিংবা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিপর্যয়ের মতো বিষয়গুলো সম্পর্কে আমাদের দেশের সাধারণ কৃষিজীবী মানুষও তাদের জীবনের প্রাত্যহিক অভিজ্ঞতা থেকে কমবেশি সচেতন। যদিও এ ব্যাপারে তাত্ত্বিক ধারণার অভাব রয়েছে তাদের। তেমনিভাবে আমরা নিজেরাও আসলে জানি না জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা বা বিপর্যয় রোধে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর মানুষের সত্যি সত্যি কতটা কী করণীয় আছে।পরিবেশের ব্যাপারটি নিয়ে এ দেশে আমরা বেশ কিছুদিন ধরে ভাবছি, কাজ করছি। সরকারের পাশাপাশি অনেকগুলো বেসরকারি সংস্থা এ ক্ষেত্রে কাজ করছে। বিশেষ দিবস পালন ছাড়াও তাদের উদ্যোগে প্রায়ই সভা-সেমিনার-গোলটেবিল, শোভাযাত্রা-মানববন্ধনের মতো কর্মসূচি পালিত হচ্ছে। অনেক সময় একই দিনে একাধিক কর্মসূচিও পালিত হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা বা তার বিপর্যয় রোধের প্রয়োজন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এসব কার্যক্রমের যেকোনো গুরুত্ব বা সাফল্য নেই, তা-ও বলা যাবে না। তবে নাগরিক সমাজের বাইরে এগুলো আজ পর্যন্ত কোনো প্রভাব সৃষ্টি করতে পারেনি। দেশজুড়ে পরিবেশ ধ্বংসের বিশাল আয়োজনের মুখে আমাদের পরিবেশ আন্দোলনের অসহায়ত্ব সহজেই ধরা পড়ে। তৃণমূল মানুষকে নিয়ে প্রতিবেশী ভারতের ‘নর্মদা বাঁচাও আন্দোলন’ কিংবা ‘চিপকো’র মতো কোনো অহিংস প্রতিরোধ গড়ে তুলতে আমাদের পরিবেশবাদীরা ব্যর্থ হয়েছেন। নির্বাচনী ইশতেহারে স্থান দেওয়ার অতিরিক্ত পরিবেশ রক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর আসলে কোনো ভূমিকা বা তৎপরতা নেই। নারীর অধিকার প্রতিষ্ঠা বা তাদের প্রতি বৈষম্য ও অবিচার রোধের দাবিটি যেমন এখন পর্যন্ত আমাদের দেশে প্রধানত নারী সংগঠনগুলোর নিজস্ব আন্দোলনের বিষয় হয়ে রয়েছে, রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে সেভাবে সোচ্চার বা সক্রিয় নয়, একইভাবে পরিবেশ আন্দোলনও এ দেশে অদ্যাবধি কিছু এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধির চর্চার মধ্যেই সীমাবদ্ধ।অর্থবিত্তে দরিদ্র হয়েও একটি জাতি বা জনগোষ্ঠী তার সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে গর্ব করতে পারে। বাংলা ভাষার সাহিত্য ও সংস্কৃতি এবং আমাদের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ নিয়ে আমরাও তেমনি যথার্থ গৌরব ও গর্বের অধিকারী। তবে স্রেফ ঐতিহ্য নিয়ে গৌরব বা অহংকার একটি দেশ বা জাতিকে কোথাও পৌঁছে দেয় না। যদি না তা জাতির আত্মবিশ্বাস জাগাতে, তাকে আত্মসম্মান নিয়ে পথ চলতে সাহায্য করে। মনে হয়, আমাদের মহান অর্জনগুলোর পেছনেও কোথাও একটা হুজুগের ভূমিকা আছে। হুজুগটা কেটে গেলে আমরা সহজেই যেন আবার সেই হীনম্মন্যতার বিবরে ফিরে আসি। না হলে এত রক্ত-অশ্রুর বিনিময়ে যে জাতি বিশ্বসভায় তার অস্তিত্ব ঘোষণা করেছে, জাতীয় আত্মমর্যাদার প্রশ্নে তার এ রকম উদাসীনতা কেন? পৃথিবীর আর কটি জাতি বা জনগোষ্ঠীর সঙ্গে এ দিক থেকে আমাদের তুলনা চলে? মোরশেদ শফিউল হাসান: লেখক-চিন্তক