আত্মরক্ষার্থে দুই সীমান্তরক্ষী বাহিনীকে গুলির নির্দেশ দেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ক্ষেত্র ও সময় বিশেষে দেখা গেছে চোরাচালানকারীরা নিজেকে রক্ষার জন্য অস্ত্রের আশ্রয় নিয়ে থাকেন। এজন্য সমঝোতার মাধ্যমে দুই সীমান্তরক্ষী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যে কেবলমাত্র আত্মরক্ষার প্রয়োজনে গুলি চালানো যেতে পারে।আজ বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২৩তম বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তবে ঘটনাগুলো আমরা তদন্ত করছি। তদন্তে যদি দেখা যায়, এটা অন্য কারণে হয়েছে, তাহলে আমরা অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলব।অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সি কিউ কে মুসতাক আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইকবালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গত দুইদিনে সীমান্তে চার বাংলাদেশি বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে দুইজন ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে দুইজন নিহত হন।এসব হত্যাকাণ্ড নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি গত মাসে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি এবং নীতিগতভাবে একমত হয়েছি যে, সীমান্তে আমরা কোনো পক্ষ থেকে গুলি ছুড়ব না, যদি না আত্মরক্ষার্থে প্রয়োজন হয়। এই সমঝোতার আলোকে গতকাল যে ঘটনা ঘটেছে, সেটা আমরা তদন্ত করে দেখছি।’ মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘যদি দেখা যায় আত্মরক্ষার্থে সীমান্তরক্ষীরা গুলি চালাতে বাধ্য হয়েছে, তাহলে আমরা বিষয়টি বিবেচনা করব। যদি দেখা যায় আত্মরক্ষা নয় ভিন্নতর কোনও কারণে, কিংবা অসাবধানবশত বা ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে, তাহলে আমরা যে পদ্ধতিতে দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সম্পর্ক রক্ষা করে চলেছি, সেই পদ্ধতিতেই এ ধরনের ঘটনা যেনও আর না ঘটে সেজন্য তাদের নজরে আনব এবং আমাদের তরফ থেকেও ব্যবস্থা নেব।’