আত্মরক্ষায় ছুরি ও মরিচের গুঁড়া বিতরণ
যৌন নির্যাতন ঠেকাতে ভারতের মুম্বাই শহরে নারীদের মধ্যে ছুরি ও মরিচের গুঁড়া বিতরণ করেছে সেখানকার ক্ষমতাসীন কট্টর হিন্দু জাতীয়তাবাদী দল শিব সেনা। আজ শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রধান বিরোধী দল বিজেপির সহযোগী শিব সেনা বলেছে, শহরে নারীদের মধ্যে তারা তিন ইঞ্চি (সাত সেন্টিমিটার) ফলাবিশিষ্ট ২১ হাজার ছুরি বিতরণ করেছে। তাদের এক লাখ ছুরি বিতরণের পরিকল্পনা রয়েছে। মুম্বাই পুলিশ জানিয়েছে, তারা ছুরিগুলো পরীক্ষা করে দেখবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।শিব সেনার মুখপাত্র রাহুল নারভেকার জানান, ছুরিগুলোর দৈর্ঘ্য ছয় ইঞ্চির চেয়ে কম। তাই এটিকে অস্ত্র বলা যাবে না। এ ছাড়া হামলাকারীদের চোখে মরিচের গুঁড়া ছিটানোর জন্য নারীদের মধ্যে মরিচের গুঁড়ার ছোট ব্যাগ বিতরণ করে দলটি। তিনি বলেন, ‘এটি একটি প্রতীকী পদক্ষেপ।’নারভেকার বলেন, ‘এটি তরুণীদের উত্ত্যক্তকারী, সমাজবিরোধী ও নারীদের বিরুদ্ধে অপরাধ করা ব্যক্তিদের জন্য একটি সংকেত। এর মধ্য দিয়ে ওই দুর্বৃত্তরা বুঝতে পারবে, নারীর ক্ষমতায়ন হয়েছে এবং তারা নিজেদের দেখভাল করতে পারে।’ ছুরি বিতরণের প্রচারকাজ চলাকালে দলের পত্রিকা ‘সামানা’তে অজয় চৌধুরীর উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘কেউ যদি তোমাদের ওপর হামলা চালায়, তাহলে তোমরা পাল্টা হাতিয়ার হিসেবে এই ছুরি ব্যবহার করতে ভয় পেয়ো না। এতে যদি তোমাদের কোনো আইনি জটিলতায় পড়তে হয়, তাহলে তোমাদের রক্ষায় নয়জন আইনজীবীর সমন্বয়ে একটি দল গঠন করা হয়েছে।’গত ১৬ ডিসেম্বর নয়াদিল্লিতে গণধর্ষণের শিকার হয়ে গুরুতর আহত হন মেডিকেলের এক ছাত্রী। এর পর উন্নত চিকিত্সার জন্য তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ২৯ ডিসেম্বর চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। পাশবিক এই ঘটনাকে কেন্দ্র করে পুরো ভারতে জনরোষের সৃষ্টি হয়। নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি ওঠে সমাজের সর্বস্তরে। অনেক নারীই আত্মরক্ষার্থে নিজেদের সঙ্গে মরিচের গুঁড়া রাখা শুরু করেন। এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশটিতে প্রতি ২০ মিনিটে একজন ধর্ষণের শিকার হয়।